শে ষে র আ গে
ম্যারাডোনা দ্য সেকেন্ডক্রিকেট বিশ্বকাপের ডামাডোলে যদি ফুটবলের হালফিল খবর না রাখেন, আপনার জন্য অপেক্ষা করছে চমক। ইতালিয়ান লিগের ৩১তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে এসি মিলান। দুই নম্বরে? নাপোলি!হ্যাঁ, নাপোলিই। ইতালির যে ক্লাবটি সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২১ বছর আগে। সাকল্যে লিগ চ্যাম্পিয়ন তারা দুবারই হয়েছে। ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে। ডিয়েগো ম্যারাডোনা নামের এক আশ্চর্য পরশপাথরের ছোঁয়া পেয়েছিল বলেই। এর আগেও কিছু নেই। পরে আছে, কিন্তু সেটা নেহাতই একের পর এক ব্যর্থতার ইট সাজিয়ে গড়ে তোলা ইমারত। এর মধ্যে আছে দ্বিতীয়-তৃতীয় বিভাগেও নেমে যাওয়ার লজ্জাও।দুই দশক পর সেই নাপোলি এখন স্বপ্ন দেখছে শিরোপার। মিলানের সঙ্গে মাত্র ৩ পয়েন্টের ব্যবধান হওয়ায় সেই স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আর তা হলে জন্ম নেবে আরেক রূপকথা।কিন্তু সেই রূপকথা নির্মিত হলো কার হাত ধরে? ম্যারাডোনা! না, মূর্তি থাকলেও রক্তমাংসের ডিয়েগো ম্যারাডোনা নাপোলিতে নেই। তাঁর বদলে আছেন ম্যারাডোনা দ্য সেকেন্ড। নাপোলির এক শুঁয়াপোকা থেকে প্রজাপতি হয়ে যাওয়ার মূল কারিগর দলের কোচ ওয়াল্টার মাজ্জারি। খোদ ইতালি জাতীয় দলের কোচ সিজারে প্রানদেল্লি এমনও বলেছেন, ‘এবার লিগে আমি নাপোলিরই সমর্থক। আমি চাই, ওরা স্কুডেট্টোটা জিতুক।’প্রানদেল্লির চাওয়া প্রাণ পায় কি না, সেটি আর সাত ম্যাচ পরেই বোঝা যাবে। তবে এরই মধ্যে যা করেছেন, তাতেই রীতিমতো হিরো মাজ্জারি। বড় ক্লাবগুলোর নজর পড়েছে তাঁর ওপর। আগামী মৌসুমে অপেক্ষা করছে বড় অঙ্কের লোভনীয় প্রস্তাব। ক্লাবের ধনকুবের মালিকেরা বিস্তর টাকা ঢেলে, নামীদামি তারকাদের কিনে এনেও যা করতে পারেননি; তারকাহীন একটা দলকে এত দূর নিয়ে এসে মাজ্জারি বুঝিয়ে দিয়েছেন, টাকায় বাঘের দুধ মিলতে পারে, সাফল্য নয়। কোচ হিসেবে তাঁর নিজেরও তারকাখ্যাতি ছিল না। যতটা কাব্যিকই শোনাক, বলতেই পারেন, মাজ্জারি আসলে পাথরে ফুল ফুটিয়েছেন।কিন্তু কী সেই রহস্য? কীভাবে এত দূর এগিয়ে এনেছেন দলকে? মাজ্জারির উত্তর, ‘দলগত চেতনা।’ সেই চেতনা শুধু শীর্ষ একাদশে নয়, দলের সবার মধ্যেই আছে। বেঞ্চ গরম করা খেলোয়াড়টিও জানে, এই অগ্রযাত্রার সমান অংশীদার সেও। আরেকটি রহস্য আছে, ‘আমরা কখনোই পয়েন্ট টেবিলের দিকে তাকাই না।’ বলেছেন মাজ্জারি।স্পেশাল টুহোসে মরিনহোর সঙ্গে তাঁর অনেক দিক দিয়েই মিল। সবচেয়ে বড় মিল তিনিও পর্তুগালের। মিল—মরিনহোর মতোই তারুণ্যেই খেলা ছেড়ে তিনিও বেছে নিয়েছিলেন কোচিং। পোর্তোকে চ্যাম্পিয়ন বানিয়ে সবার নজর কেড়েছিলেন মরিনহো। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই পোর্তোকে পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন বানালেন আন্দ্রে ভিলাস বোয়াস। শিরোপা জয়ের পর জানালেন, ‘আমি মরিনহো হতে চাই।’তা তিনি হতেই পারেন। কোচ হিসেবে আসল দীক্ষা তো মরিনহোর কাছেই পেয়েছেন। মরিনহো পোর্তোর কোচ থাকার সময় তাঁর সহকারী ছিলেন বোয়াস। স্থায়ী কোচ হিসেবে সেটাই ছিল মরিনহোর প্রথম অ্যাসাইনমেন্ট। প্রথম বড় দায়িত্ব পেয়েই সফল হয়েছিলেন মরিনহো। শুধু লিগ চ্যাম্পিয়ন নয়, পোর্তোকে ইউরোপ সেরাও বানিয়েছিলেন। জিতিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ। একলব্য বোয়াসেরও আশা, পদাঙ্ক অনুসরণ করবেন দ্রোণাচার্যের।মরিনহোও বোয়াসের মধ্যে খুঁজে পেয়েছিলেন আগামীর সেরা কোচ হয়ে ওঠার ছায়া। এ কারণে পরে চেলসি আর ইন্টার মিলানেও সহকারী হিসেবে নিয়ে গিয়েছিলেন তাঁকে। আর এবার পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা বোয়াস যেন গুরুদক্ষিণাই দিতে চাইলেন, ‘খুবই সফল একটা কোচিং-দলের হয়ে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। মরিনহোর কাছে আমার তাই অশেষ ঋণ। তিনি আমাকে তাঁর জ্ঞানের ভান্ডার খুলে দিয়েছিলেন। আবার আমিও কিন্তু আমার পেশাদারি, আমার কাজ দিয়ে তাঁকে সেটার কিছুটা প্রতিদানও দিয়েছি।’কথাবার্তায়ও মরিনহোর মতোই সুর! সবচেয়ে ভালো পরিচয়টা মিলল পরের কথায়। ‘এর পর কোথায় কোচিং করাবেন?’ প্রশ্নের উত্তরে বললেন, ‘পর্তুগালেই। কারণ আমার বয়স মাত্র ৩৩, মাত্রই তো ফুটবল বিশ্বে পা রাখলাম। অন্য কোনো লিগের কথা ভাবিইনি।’প্রথম বছরে মরিনহো চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন। ইউরোপ-সাফল্য হাতছানি দিচ্ছে বোয়াসকেও। চ্যাম্পিয়নস লিগ নয়, ইউরোপা লিগে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পোর্তো শিরোপার দিকেই এগিয়ে যাচ্ছে। গুরু হিসেবে মরিনহোকে মানলেও তাঁর ছায়ার আড়াল থেকে বেরিয়ে আসার জন্য এখনই সচেতন বোয়াস। অনেকে বলেন, কোচিং স্টাইলের দিক দিয়ে বোয়াস পেপ গার্দিওলার অনুসারী। সে যাই হোক, একদিক দিয়ে কিন্তু মরিনহোর চেয়েও এগিয়ে আছেন বোয়াস। তাঁর কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল মাত্র ২১ বছর বয়সে! রাজীব হাসান