শে ষে র আ গে
পিচিচিপুরো নাম রাফায়েল মরেনো আরানজাদি। তবে এ নামে খুব কম লোকই চেনে তাঁকে। কিন্তু যদি বলেন, ‘পিচিচি’, এক নামেই পুরো স্পেনের লোক চিনে ফেলবে তাঁকে। হাসিমুখে বলবে, ‘ও, তুমি ছোট্ট হাঁসটার কথা বলছ?’না, পিচিচি কোনো হাঁস ছিলেন না। তুলনা যদি তাঁকে করতেই হয় বাঘের সঙ্গে করা উচিত। প্রতিপক্ষের ডি-বক্সে জায়গামতো ওত পেতে থাকা শিকারসন্ধানী বাঘ ছিলেন। ঠিক সময় হামলে পড়তেন। করতেন গোলশিকার। আকারে ছোটখাটো, মাথায় শ্বেতহংসের মতো ব্যান্ড পরতেন বলে পাঁচ ফুট উচ্চতার এই স্ট্রাইকারকে পিচিচি ডাকনাম দেওয়া হয়েছিল, যার মানে কিনা লিটল ডাক। এই ‘লিটল’ মানুষটাই গোলের সংখ্যায় বড় বড় সব রেকর্ড গড়েছেন। ১৯১১ থেকে ১৯২১ পর্যন্ত অ্যাথলেটিক বিলওবাওয়ের হয়ে খেলে ২৮৭ ম্যাচে করেছেন ৪৬৮ গোল! স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতাকে তাঁর নামেই নামাঙ্কিত পুরস্কারটা দেওয়া হয়, পিচিচির রেকর্ড বলছে, সার্থক এই নামকরণ!বিলবাওয়ে জন্মেছেন। আমৃত্যু কাটিয়েছেন নিজের নাড়িপোঁতা শহরেই। খেলেছেনও ওই একটা ক্লাবে। এখনকার মতো তো আর সে সময় পেশাদারি ছিল না। খেলতেন আবেগ দিয়ে। খেলতেন মনের আনন্দে। স্পেনের হয়েও পাঁচটি ম্যাচ খেলেছেন। ১৯২০ অলিম্পিকে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের অভিষেক হয়েছিল। সেই প্রথম দলটাতেই খেলেছিলেন। মাত্র পাঁচ ম্যাচেই তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কারণ অকালমৃত্যু। ১৯২২ সালে মাত্র ২৯ বছর বয়সে টাইফাসে ভুগে মারা যান পিচিচি। তাঁর সম্মানেই ১৯৫৩ সাল থেকে লা লিগা ও সেগুন্ডা ডিভিশনের সর্বোচ্চ গোলদাতাকে পিচিচি ট্রফি দিয়ে আসছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।এবার বলিউডে!ভিলেন শেন ওয়ার্নকে আমরা আবিষ্কার করেছিলাম বহু আগে পেপসির একটি বিজ্ঞাপনে। শচীন টেন্ডুলকারকে ঠেকাতে ভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছিলেন ওয়ার্ন। মাথায় আঘাত পেয়ে স্মৃতিভ্রষ্ট টেন্ডুলকার বলছেন, ‘আমি কে, আমি কোথায়?’ আর ঠাঠা করে ভিলেনমার্কা হাসি দিয়ে ওয়ার্নের দিলখুশ উত্তর, ‘ইসকি তো গ্যায়ি!’পুরোনো সেই বিজ্ঞাপনের পর আরও অজস্র বিজ্ঞাপন ওয়ার্ন করেছেন। তাতে তাঁর অভিনয়-প্রতিভা যতটুকুই প্রস্ফুটিত হোক না কেন, একটা জিনিস পরিষ্কার, কাজটা তিনি ভীষণ পছন্দ করেন। যদিও নিন্দুকেরা বলবেন, স্ত্রীকে ফাঁকি দিয়ে পরনারীর সঙ্গে চুটিয়ে মেসেজ চালাচালি করা লোকটার অভিনয়-দক্ষতা ভালো থাকবে বৈকি।সে যা-ই হোক, পুরোনো কাসুন্দি ঘাঁটাঘাঁটি আমাদের অভিপ্রায় নয়। এই স্পিন কিংবদন্তি জীবনের শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচটিও খেলে ফেললেন। কিন্তু এরপর কী করবেন? ওয়ার্ন একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন, এখনই কোচ হবেন না। হ্যাঁ, চাইলে ফেলে যাওয়া দল রাজস্থান রয়্যালসে টুকটাক কাজ করতে পারেন। কমেন্ট্রিও টুকটাক চলতে পারে। চিরকাল বৈচিত্র্যপিয়াসী এই মানুষটা নতুন কিছু করতে চাইবেন, সেটাই স্বাভাবিক। ওয়ার্ন এখন নিজেকে পুরোদস্তুর ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। তাঁর নিজস্ব ফ্যাশন হাউসও চালু হয়ে গেছে। শুধু উদ্যোক্তা হিসেবে নয়, ওয়ার্ন ডিজাইনার হিসেবেও আত্মপ্রকাশে আগ্রহী।আরও একটা জিনিস করার ইচ্ছে আছে তাঁর। বলিউডে অভিনয়! জানিয়েছেন, এরই মধ্যে নাচে-গানে ভরপুর বলিউডি ছবি থেকে প্রস্তাবও পেতে শুরু করেছেন। এবং সেসব প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিচ্ছেন! তবে ৪১ বছর বয়সে তাঁকে আর নায়কের ভূমিকায় আমরা পেতে চাই না। ওয়ার্ন তো আর রজনীকান্ত নন। আমরা চাই ওয়ার্ন ভিলেন হিসেবেই আসুন। কূটচালে খানদের কুপোকাত করে দিয়ে ঠাঠা হাসিতে মেতে উঠে বলুন, ‘ইসকি তো গ্যায়ি!’আল ওয়াসলের বিপ্লবখবরটা ছড়িয়ে পড়েছে সর্বত্রই। তথ্যপ্রযুক্তির এই যুগের আলাদিনের চেরাগ ইন্টারনেটে ঘষা (পড়ুন ক্লিক) মারতেই হাজির হলো গুগল দৈত্য। তার কাছেই জানতে চাওয়া হয়েছিল, খবরটা ছাপা হয়েছে কোন কোন পত্রিকায়। উত্তর মিলল অনুমানকেও চমকে দেওয়ার মতো। যুক্তরাজ্যের টাইমস, ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ-এর মতো সুখ্যাত পত্রিকাগুলো থেকে শুরু করে সান, মিরর, মেইল-এর মতো ট্যাবলয়েডেও আছে খবরটা। ফুটবল খুব একটা আদুরে কন্যা নয়, তার পরও সেই যুক্তরাষ্ট্রের টাইম, নিউইয়র্ক টাইমস, ইউএসএ টুডে, ওয়াশিংটন পোস্ট, রাশিয়ার প্রাভদা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব শীর্ষ দৈনিকেই আছে খবরটা। অ্যান্টার্কটিকায় পত্রিকা বুঝি বেরোয় না, হলে খবরটা পাওয়া যেত সেখানেও। কী খবর? ম্যারাডোনা কোচ হয়েছেন দুবাইয়ের আল ওয়াসলের!কদিন আগেও বিশ্বের সিংহভাগ মানুষই জানত না এই ক্লাবের নাম। এখন এশিয়া, ইউরোপ, দুই আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ সব মহাদেশের আনাচ-কানাচে ছড়িয়ে গেছে ক্লাবটির নাম। কারণ? ম্যারাডোনা। কারণ, ম্যারাডোনা মানেই খবর!বলা হয়, ম্যারাডোনার দুটো বিষয় সব সময় খবরে আসে—তিনি যা করেন এবং তিনি যা করেন না। কৌতুক করে বলা হলেও কথাটা যেন সত্যি। বিশ্বাস না হলেও গুগলে ‘ম্যারাডোনা’ লিখে খুঁজুন। ০.০৭ সেকেন্ডে প্রায় সাড়ে তিন কোটি ভুক্তির সামনে এসে পড়বেন। আর যদি ‘খবর’ খোঁজেন, সেখানেও এক সেকেন্ডের এক-দশমাংশ সময়ের মধ্যে আপনার সামনে হাজির হবে ১০ হাজারের মতো ভুক্তি। সম্প্রতি গালফনিউজ-এ আল ওয়াসলের প্রধান নির্বাহী আশরাফ মোহাম্মদের বিশাল এক সাক্ষাৎকার ছাপা হয়েছে। তিনি বলছেন, ম্যারাডোনাকে আল ওয়াসলে নিয়ে আসার মাধ্যমেই নাকি শুরু হয়ে গেছে তাঁদের ক্লাবের ফুটবল বিপ্লব। কথাটার মধ্যে হয়তো একটু বাড়তি রংচং আছে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আশরাফ। বলেছেন, মধ্যপ্রাচ্যে ২০২২ বিশ্বকাপ হওয়ার চেয়েও ম্যারাডোনার আল ওয়াসলের কোচ হওয়া অনেক বড় ব্যাপার। এই কথাটা হয়তো সত্যিই! রাজীব হাসান