শে ষে র আ গে
শেষ প্রদীপসর্বশেষ উইম্বলডনজয়ী ব্রিটিশ কে? প্রশ্নটা শেষ করার আগেই উত্তর আপনার জিভের ডগায় চলে আসতে পারে। অ্যান্ডি মারের সৌজন্যে বহুবার উচ্চারিত হয়েছে ফ্রেড পেরির নাম। সেই ১৯৩৬ সালে পেরি সর্বশেষ এককের গ্র্যান্ড স্লাম জিতেছেন। এর পর থেকেই ব্রিটিশদের হাহাকার। তার পরও সর্বশেষ উইম্বলডনজয়ী ব্রিটিশ কে—এর উত্তরটা কিন্তু পেরি নয়। সঠিক উত্তর ভার্জিনিয়া ওয়েড।হ্যাঁ, প্রশ্নটার মধ্যে একটা ফাঁক আছে। পেরি পুরুষ এককে জেতা সর্বশেষ ব্রিটিশ। আর সর্বশেষ উইম্বলডন জেতা ওয়েডের সাফল্য মহিলা এককে, ১৯৭৭ সালে, উইম্বলডন যেবার প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন করল। ফলে ব্রিটিশদের জন্য অন্তত এই সান্ত্বনা ওয়েড এনে দিয়েছেন, পুরুষ এককের অপেক্ষাটা ৭৫ বছরের হলেও মেয়েদের এককে অতটা থুত্থুরে বুড়ো অপেক্ষা নয়। এবং এর জন্য ব্রিটেনের উচিত দক্ষিণ আফ্রিকার কাছে কৃতজ্ঞ থাকা! হ্যাঁ, দক্ষিণ আফ্রিকাই। কারণ ইংল্যান্ডে জন্মালেও টেনিসটা ওয়েড শিখেছিলেন দক্ষিণ আফ্রিকায়। ওয়েডের শৈশব কেটেছে এখানেই। তাঁর বয়স যখন ছিল এক বছর, সে সময় বাবা-মার সঙ্গে ইংল্যান্ড ছেড়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। বাবা ছিলেন ডারবানের ধর্মযাজক। ১৫ বছর বয়সে আবার ফিরে যান জন্মভূমিতে। ১৯৬৮ সালে, টেনিসে অপেশাদার যুগের অবসান হয়ে ওপেন যুগ শুরু হলো যে বছর, ওই বছরেই অভিষেক তাঁর। অভিষেক বছরেই জিতেছেন ইউএস ওপেন। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ১৯৭৭ সালে উইম্বলডন। এই তিনটা শিরোপাই। তার পরও ইতিহাসে হয়তো অমরত্ব পেতে চলেছেন ৬৫ বছর বয়সী ওয়েড!নিষ্ফলা কৃষকরুদ খুলিত তেরেক গ্রোজনির কোচ হচ্ছেন—খবরটার মধ্যে চমক ছিল। তাঁর মতো এককালের তারকা চেচনিয়ার একটি ক্লাবের দায়িত্ব নিতে চলেছেন—এ খবর চমক নয় তো কী। কিন্তু তাঁর দায়িত্ব নেওয়ার চেয়েও বেশি চমক হয়ে এল ছাঁটাই হওয়ার খবরটি। সাবেড ডাচ তারকা মাত্র পাঁচ মাস টিকতে পারলেন রাশিয়ান প্রিমিয়ার লিগের দলটিতে। এই পাঁচ মাসে গ্রোজনিকে সাফল্যের ‘স’ও এনে দিতে পারেননি। তবে সর্বনাশের ‘স’ এসেছে ঠিকই। গ্রোজনি এখন অবনমন অঞ্চলে!কোচ হিসেবে খুলিতের ব্যর্থতার মুকুটে যোগ হলো আরেকটি কৃষ্ণ পালক। ১৯৯৬ সালে চেলসিতে কোচ হিসেবে অভিষেক হয়েছিল। দুই বছর কাজ করেছেন। এরপর নিউক্যাসল ইউনাইটেড, ফেইনুর্ড, এলএ গ্যালাক্সি তিনটি ক্লাবেই কাজ করতে পেরেছেন এক বছর করে। গ্রোজনিতে বর্ষপূর্তির আগেই ছাঁটাই।খুলিত চাকরি হারাতে চলেছেন—এটা গ্রোজনির গত ম্যাচের আগেই আন্দাজ করে নেওয়া যাচ্ছিল। মঙ্গলবারের ম্যাচটির আগেই ক্লাবের পরিচালক, চেচনিয়ার একসময়ের দুঁদে বিপ্লবী নেতা রামজান কাদিরভ শেষ হুঁশিয়ারি দিয়েছিলেন—হেরে গেলেই ছাঁটাই। আর সেই ম্যাচ খুলিতের দল কীভাবে হেরেছে জানেন? ৯০তম মিনিটে আত্মঘাতী গোল খেয়ে! কপাল, কপাল। খুলিত অবশ্য দাবি করেছেন, ম্যাচটা জিতলেও ছাঁটাই হতেন। ম্যাচের আগেই ড্রেসিংরুমে খেলোয়াড়দের কাছে বিদায় নিয়েই রেখেছিলেন।সমস্যা হলো, কট্টরপন্থী মুসলিম নেতা কাদিরভ খুলিতের ফুটবল-প্রজ্ঞা নিয়েই শুধু প্রশ্ন তোলেননি, তাঁর নাইট ক্লাবের প্রতি আগ্রহ, সুরাসক্তি—এসব নিয়েও কঠোর সমালোচনা করেছেন। খুলিতকে বলেছেন ‘প্লে বয়’! এতসবের পরও তাঁর মতো ফুটবল ব্যক্তিত্বের ‘সম্মান রক্ষার্থে’ প্রস্তাব করা হয়েছিল, গ্রোজনির যুবদলের দায়িত্ব নিতে। খুলিত গ্রোজনির মতো দলের দায়িত্ব নেওয়াতেই যাঁরা চমক খুঁজে পেয়েছিলেন, তাঁদের জন্য সেই অখ্যাত ক্লাবের যুবদলে খুলিতকে আবিষ্কার করাটা হতো বজ্রাঘাত। ভাগ্য ভালো খুলিত নিজে সেই সুযোগ দেননি!মশালের ত্রিকোণমিতিলন্ডন অলিম্পিক শুরু হতে এখনো বছর খানেক বাকি। কিন্তু এরই মধ্যে যুক্তরাজ্যজুড়েই উৎসমের আমেজ। কদিন আগে ঘটা করে শুরু হলো মশালবাহীদের খোঁজার অনুষ্ঠান। সব মিলে এবার ৮ হাজার মশালবাহী অলিম্পিয়ার আগুন নিয়ে আসবে লন্ডনে। চলছে সেই প্রমিথিউসদের সন্ধান।লন্ডন অলিম্পিকের মশালটিও এবার বেশ নজর কেড়েছে। অনেকে অবশ্য সমালোচনাও করছেন, এটা যতটা না অলিম্পিকের মশাল হয়েছে, তার চেয়েও বেশি হয়েছে রান্নাঘরের অতিপ্রয়োজনীয় একটা সরঞ্জাম। সে যাই হোক। নিন্দুকেরা নানা কথা বলবেন। অলিম্পিকের লোগোটা যে ইহুদিদের প্রতীক—এ নিয়েও তো আর কম কথা হয়নি।সোনার প্রলেপ দেওয়া অ্যালুমিনিয়ামের এই মশালটি অনেকটা ত্রিভুজাকৃতির। এ নিয়ে তৃতীয়বারের মতো পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসরের আয়োজন করতে চলেছে লন্ডন। ১৯০৮, ১৯৪৮ আর এবার। এই ত্রিভুজ সেটারই প্রতীক। এক ঢিলে আসলে তিন পাখি মেরেছেন নকশাকারীরা। এই ত্রিভুজ দিয়ে বোঝানো হয়েছে অলিম্পিক ভাবদর্শন—ফাস্টার, হাইয়ার, স্ট্রংগার; বোঝানো হয়েছে ২০১২ গেমসের ট্রিপল ভিশন—ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতিকেও। গ্রিসের অলিম্পিয়ায় সূর্যের আলো থেকে জ্বালানো আগুনটাই মশালে করে বয়ে আনা হবে ইংল্যান্ডে। এরপর মশালের পরিভ্রমণ হবে দেশব্যাপী। সর্বশেষ সেটি দিয়ে জ্বালানো হবে ২০১২ গেমসের মূল মশাল। শুরু হয়ে যাবে ক্রীড়াযজ্ঞ। রাজীব হাসান