শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসনের ‘ষড়যন্ত্র-তত্ত্ব’!একুশটা বছর! একটা কলঙ্ক বয়ে বেড়াচ্ছেন বেন জনসন। ১৯৮৮ অলিম্পিকের ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড ভেঙে দিয়ে জিতেছিলেন সোনা। কানাডার স্প্রিন্টারের এই কীর্তি নিয়ে যখন সারা দুনিয়ায় আলোচনা, ঠিক তখনই অলিম্পিক কীর্তির দুই দিন পর জানা গেল, জনসন ধরা পড়েছেন ডোপ টেস্টে। কেড়ে নেওয়া হলো সোনা। দুই বছরের জন্য নিষিদ্ধও হলেন। নিষেধাজ্ঞা শেষে ট্র্যাকে আবার ফিরেছিলেন। কিন্তু কলঙ্কের তিলকটাই চিরসঙ্গী রইল তাঁর।এই একুশ বছর পর এসে জানা যাচ্ছে নতুন গল্প! জনসন দাবি করেছেন, সেদিন সিউল অলিম্পিকের ডোপিং কন্ট্রোল রুমে তাঁর পানীয়তে ড্রাগ মিশিয়ে দিয়েছিল অন্য কেউ। আন্দ্রে জ্যাকসন নামের ওই ব্যক্তির স্বীকারোক্তিও জোগাড় করেছেন জনসন। জ্যাকসন ছিলেন সেবার অলিম্পিকে জনসনের পরে ফিনিশিং লাইন ছোঁয়া তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী কার্ল লুইসের ‘পারিবারিক বন্ধু’।জনসনের কাছ থেকে কেড়ে নেওয়া সোনাটি পরে লুইসকেই দেওয়া হয়। যদিও এই কথিত ‘ষড়যন্ত্রের’ সঙ্গে লুইসের কোনো যোগসূত্র আছে কি না, সেটি বলেননি জনসন। তবে এসব নিয়ে বিস্তারিত ফেব্রুয়ারিতে প্রকাশিতব্য তাঁর আত্মজীবনীতে থাকবে। ওই আত্মজীবনীর রসদ জোগাড় করতেই জ্যাকসনের জবানবন্দি নিয়েছেন জনসন।অস্ট্রেলীয় পত্রিকা হেরাল্ড সানকে এক ই-মেইলে জনসন জানিয়েছেন, ‘আন্দ্রে জ্যাকসনের সঙ্গে দেখা করে এ ব্যাপারে কথা বলার সুযোগ আমার হয়েছিল। ও আমার কাছে সব স্বীকার করেছে।’ এবার তেমন কোনো মন্তব্য করেননি। তবে ২০০৬ সালের দিকে জনসন একবার দাবি করেছিলেন, সিউল অলিম্পিকের ‘ষড়যন্ত্রে’ লুইস জড়িত!লুইস নিজে উড়িয়ে দিয়েছেন জনসনের এই ‘ষড়যন্ত্র-তত্ত্ব’। বরং সেদিন দৌড়ের পর ইচ্ছা করেই জনসন দেরিতে মূত্রনমুনা দিয়েছিলেন বলে দাবি করে লুইস বলেছেন, ছয় থেকে আট বোতল বিয়ার খেয়েছিলেন জনসন, যাতে ডোপ টেস্টের ফল নেগেটিভ আসে। ‘সেই রহস্যমানব আন্দ্রে জ্যাকসন আমার বন্ধু, সিউলে আমার পরিবারের সঙ্গে সেও ছিল। তবে একদিন আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, বেনের সঙ্গে বসে আছে আন্দ্রে। বেনের সঙ্গে এক ঘণ্টার মতো থেকে আন্দ্রে চলে গিয়েছিল। বেন তখনো ওর নমুনা দেয়নি। আন্দ্রে আমাকে জানিয়েছিল, সেদিন ছয় থেকে আট বোতল বিয়ার খেয়েছিল বেন’—নিজের আত্মজীবনী ইনসাইড ট্র্যাক-এ লিখেছেন লুইস।লুইস সত্যি বলছেন, নাকি জনসন—এই সত্য জানার উপায় নেই। তবে এই ফেব্রুয়ারিতে জনসনের বই প্রকাশিত হলে আবারও অ্যাথলেটিকসে ডোপিং কেলেঙ্কারি নিয়ে যে এক পশলা বিতর্ক তৈরি হবে—সেই পূর্বাভাস পাওয়াই যাচ্ছে।উডস-কাণ্ডের পরওটাইগার উডস যা-ই করে থাকুন, গলফ এখনো ভদ্রলোকের খেলাই। আর তাঁর কাণ্ডকীর্তি শোনার পর বিশেষ করে, নারীজাতির কাছে উডসের জনপ্রিয়তা তলানিতে গিয়ে পৌঁছাতে পারে, গলফ কিন্তু তার জায়গাতেই আছে। বরং উডস একদিক দিয়ে উপকার করে গেছেন গলফের। যেসব দেশে খেলাটির নাম খুব বেশি লোক জানত না, তারাও অন্তত এখন উডসের সৌজন্যে স্টিক, বল আর গর্তের এই খেলার খবর জেনে গেছে।গলফে যে অন্তত ভারতীয় নারীদের আগ্রহ বেড়েছে, তার ভালো প্রমাণ, এ মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ৯৩তম অল ইন্ডিয়া গলফ চ্যাম্পিয়নশিপ। আহমেদাবাদের কেনসভিলে গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবেন ৯০ জনেরও বেশি নারী গলফার! প্রত্যেকেই শখের গলফার, কিন্তু সংখ্যা হিসেবে ৯০ চমকে দেওয়ার মতো তো বটেই। বাণী কাপুর, গুরবানি সিং আর গৌরি মংগার মতো পরিচিত-প্রতিষ্ঠিত নারী গলফার তো থাকছেনই। পাশাপাশি অনেক অখ্যাত-অপরিচিত গলফারকেও দেখা যাবে সোনা-রুপা-ব্রোঞ্জের জন্য লড়াই করতে। ১১ বছর বয়সী অদিতি অশোক যেমন আছেন, তেমনি আছেন সপ্ততিপরবৃদ্ধা ললি কামাটও।আয়োজকদের একজন আশা শাহ অংশগ্রহণকারীদের জন্য শুনিয়েছেন আশার বাণী। জানিয়েছেন, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নরাই আগামী এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করবে ভারতের। রাজীব হাসান