শে ষে র আগে
মার খাওয়া স্বপ্ন‘সবকিছু ফেলে দিয়ে উইম্বলডনে খেলতে এসেছি আজ/ কিন্তু হায় এ কী আমার মাথায় পড়ল বাজ... ইয়ো... ইয়ো।’ ঘটনা কী? বিশেষ কিছু না। একটা ইংরেজি গানের বঙ্গানুবাদের বৃথা চেষ্টা। বুঝতে পারছেন, ‘উইম্বলডন’ ‘খেলা’ এসব যখন আছে, গায়ক একজন টেনিস খেলোয়াড়। নাম অ্যান্ডি মারে। রজার ফেদেরার আর রাফায়েল নাদালদের কাছে প্রায়ই মার খেয়ে যাচ্ছে যাঁর গ্র্যান্ড স্লাম জেতার স্বপ্ন। সবই ঠিক আছে। কিন্তু সেই দুঃখে মারে গান বাঁধবেন? আসলে ব্যাপার সে রকম নয়। মারে একটা র্যাপ গানে কণ্ঠ দিয়েছেন দুই মার্কিন ভাই বব আর মাইক ব্রায়ানের অনুরোধে। ডাবলসে সাতটি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতা এই যমজ দুই ভাইয়ের গানের একটা দলও আছে। ব্রায়ান ব্রস ব্যান্ড। মাইক বাজান ড্রাম, কখনোসখনো গিটার। বব সুর তোলেন কি-বোর্ডে। তাঁদের বাবা তো বটেই, সতীর্থ টেনিস তারকারাও অতিথি শিল্পী হিসেবে প্রায়ই যোগ দেন এই দলে।এবার নেমন্তন্ন পেয়েছিলেন অ্যান্ডি মারে। কিন্তু লেট ইট রিপ শিরোনামের সেই অ্যালবামে গান গাওয়ার প্রস্তাবে সায় দিয়ে মস্ত বড় ভুল করেছেন তিনি। কারণ ব্রিটেনে মারের অ্যালবাম যাকে বলে সুপার ফ্লপ! ইংলিশরা তাঁকে ঘিরে যতই স্বপ্ন দেখুক—প্রায় পৌনে শতাব্দীর অপেক্ষার অবসান ঘুঁচিয়ে একটা গ্র্যান্ড স্লাম জিতবে কোনো ব্রিটিশরা খেলোয়াড়। গায়ক হিসেবে মারে মার খেয়ে গেছেন জনপ্রিয়তার বিচারে। মারের সেই গান টপচার্টে উঠতে ব্যর্থ হয়েছে। টপচার্টে ওঠার জন্য কমপক্ষে ১০০০ কপি বিক্রি হতে হবে। মারের গান বিক্রি হয়েছে মাত্র ২০০ কপি!শুধু তা-ই নয়, এ রাস্তায় আর না হাঁটার সদুপদেশও মিলছে। মারেরই স্বদেশি সংগীত-শিল্প বিশেষজ্ঞ রোনি গার যা বলেছেন, সেটা কাটছাঁট করে বললে মানে দাঁড়ায়, মারে র্যাপের ‘র’ও বোঝেন না!‘লাভ’ নেই লাভও নেইস্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে কি তাহলে আসলেই কোনো বন্ধুত্ব থাকে না? ক্রিস এভার্ট আর গ্রেগ নরম্যানের কথা শুনে তো তা-ই মনে হচ্ছে! সংক্ষিপ্ত একটা বিবৃতি দিয়ে পৃথিবীর তাবত্ সংবাদমাধ্যমকে এই জুটি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ তাঁদের হয়েই গেছে। দুজনের জগত্ এখন আলাদা। কিন্তু তার পরও দুজন দুজনের বন্ধু হয়েই থাকবেন।এভার্টের বিয়ে-ভাগ্যটাই আসলে খারাপ। টেনিসের সত্তর-আশির দশকের ‘গ্ল্যামার-গার্ল’ ছিলেন। তবে কুর্নিকোভা কিংবা মারিয়া শারাপোভার মতো নন, যাঁদের রূপ বেশি নাকি প্রতিভা—এই বিতর্ক নিন্দুকেরা প্রায়ই তোলেন। বহু ব্যবহারে ক্লিশে কিন্তু এখন সার্থক সেই উপমার সার্থক উদাহরণ ছিলেন এভার্ট—রূপে-গুণে অনন্যা। ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। ওপেন যুগে তাঁর চেয়ে বেশি শিরোপা আছে একজনেরই—স্টেফি গ্রাফ।মার্কিন সংবাদমাধ্যমেও তাই তাঁকে নিয়ে ছিল সীমাহীন কৌতূহল। জিমি কনোর্সের সঙ্গে তাঁর প্রেম নিয়ে যে কত দিস্তা কাগজ সাংবাদিকেরা খরচ করেছেন তার ইয়ত্তা নেই। দুজনে আংটি বদলও করেছিলেন। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। ১৯৭৪ সালের ৮ নভেম্বর। কিন্তু তার আগেই ভেঙে যায় সম্পর্কের সেতু।সেই দুঃখ ভুলে এভার্ট ‘হয়তো কারোর বুকে মাথা রেখে’ আশ্রয় খোঁজেন। ১৯৭৯ সালে বিয়ে করেন ব্রিটিশ টেনিস খেলোয়াড় জন লয়েডকে। আট বছর টিকেছিল এই সম্পর্ক। ১৯৮৭ সালে ডিভোর্সের পরের বছর আবারও ঘর বাঁধার স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলেন অ্যান্ডি মিলকে। সবই ঠিক ছিল। সাজানো সংসার। তিন পুত্রসন্তান। কিন্তু সব এলোমেলো হয়ে গেল। এভার্টের জীবনে এলেন গ্রেগ নরম্যান। ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে জানানো হলো, বিয়ে করতে চলেছেন এই জুটি। নরম্যানের বয়স তখন ৫১ চলছে, বয়সে গলফ তারকা নরম্যানের চেয়ে এক বছর বড় এভার্ট। কিন্তু ভালোবাসায় তো বাধা হতে পারে না কিছুই। এভার্টকে বিয়ে করবেন বলে সাম্প্রতিক সময়ে তারকাদের সবচেয়ে কুিসত ডিভোর্সের আইনি লড়াইয়ে জড়িয়ে পড়লেন নরম্যান। দুই বছর ধরে চলা সেই আইনি ঝামেলা অবশেষে রফা হলো। আগের স্ত্রীকে ১০৩ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিলেন। এভার্টকেও ডিভোর্স নিতে ‘সমঝোতা’ হিসেবে গুনতে হলো ৭০ লাখ ডলার। বাহামা দ্বীপপুঞ্জে মহা ধুমধামে বিয়ের মালা বদল করলেন দুজন। কিন্তু মাত্র ১৮ মাস। তার পরই আবার সম্পর্কের ইতি! রাজীব হাসান