শে ষে র আগে
বৃথা এ মানব-জন্ম!জীবনের জন্য ফুটবল, ফুটবলের জন্য জীবন নয়। আর তাই কাবিন্ডায় প্রবেশের মুখে যখন মাথার ওপর দিয়ে মুহুর্মুহু ছুটে যাচ্ছিল তপ্ত বুলেট, পাশেই বাসের মেঝেতে পড়ে ছিল সহযাত্রীর রক্তাক্ত নিথর দেহ, অদূরে তীব্র যন্ত্রণায় চিত্কার করে কাঁদছিল গুলিবিদ্ধ সতীর্থ; ইমানুয়েল আদেবায়োরের মনে হয়েছিল, মিথ্যা এ জগত্। অর্থহীন এই ফুটবল। আর তাই টোগোর তারকা স্ট্রাইকার একরকম সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন, ফুটবলটাই আর খেলবেন না!আফ্রিকান নেশনস কাপের পর্দা ওঠার দুই দিন আগে টিম বাসে এই হামলার পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় টোগো। এরপর অবশ্য কোনো অঘটন ছাড়াই শেষ হয়েছে আফ্রিকা শ্রেষ্ঠত্বের লড়াই। টুর্নামেন্টে না খেলার জন্য শাস্তি হিসেবে আগামী দুটো নেশনস কাপে নিষিদ্ধ করা হয়েছে টোগোকে। আফ্রিকান ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলেছেন আদেবায়োর। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার বিস্মিত প্রতিক্রিয়ায় জানিয়েছেন, চোখের সামনে সন্ত্রাসীদের গুলিতে তিনজন সহযাত্রীকে নিহত হতে দেখার দুই দিনের মধ্যেই কীভাবে মাঠে ফুটবল খেলতে নামতে পারে মানুষ!ওই ঘটনার পর টানা কয়েক রাত ঘুমোতে পারেননি টোগোর অধিনায়ক। সেই দুঃসহ সময়টাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, ফুটবল ছেড়ে দেবেন। কিন্তু ধীরে ধীরে সয়ে নিয়েছেন। গত রোববার খেলেছেন পুরো ৯০ মিনিট। পোর্টসমাউথের বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রথম গোলটিও করেছেন। এরপর আদেবায়োরের উচ্ছ্বাস দেখেই বোঝা গেছে, বুক থেকে যেন পাথরের বোঝা নেমে গেল তাঁর!‘ঘরে ফিরতে পেরে, আবার মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। একটা সময় তো মনে হয়েছিল, সিটির স্টেডিয়ামে হয়তো আর কখনোই ফেরা হবে না আমার। হয়তো আর কখনোই দেখা হবে না সমর্থকদের সঙ্গে’—বলেছেন জীবনের নতুন মানে খুঁজে পাওয়া আদেবায়োর।রবিনহোর ঘরে ফেরাভিলা বেলমিরো স্টেডিয়ামে ঢোকার মুখে মানুষের জটলা। কী এমন ম্যাচ যে, সান্তোসের মাঠে ঢোকার জন্য মানুষের লম্বা লাইন? শুনলে অবাক হবেন, সেদিন কোনো ম্যাচই ছিল না। তার পরও ১ ফেব্রুয়ারি সান্তোস সমর্থকেরা মাঠে জড়ো হয়েছিল কাতারে কাতার। তাদের ঘরের ছেলে যে ঘরে ফিরছে!ঘরের ছেলে মানে রবিনহো। ২০০২ সালে ব্রাজিলের এই ক্লাবটির হয়েই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল এ স্ট্রাইকারের। ২০০৫ পর্যন্ত এখানেই খেলেছেন শ দেড়েক ম্যাচ। তখন থেকেই এই স্ট্রাইকারের ওপর নজর পড়তে শুরু করে বিশ্বের ‘দৈত্য’ ক্লাবগুলোর। পড়বেই তো। রবিনহো যে খোদ জীবন্ত কিংবদন্তি পেলের আবিষ্কার!ফলাফল—বেশি দিন তাঁকে আর আগলে রাখতে পারেনি সান্তোস। ২০০৫ সালে চলে আসেন রিয়াল মাদ্রিদে। এ যে পুকুর থেকে সোজা সমুদ্রে! ভালোয়-মন্দয় মিশিয়ে ভালোই কাটছিল দিন। কিন্তু একসময় কোচের সুনজর হারালেন। রবিনহোও হন্যে হয়ে পথ খুঁজলেন মুক্তির। এমন সময়ই দৈত্য হয়ে ওঠার চেষ্টায় মত্ত ম্যানচেস্টার সিটির নিমন্ত্রণ। ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়ে চলে এলেন ইংল্যান্ডে।কিন্তু রবিনহো যেন নিজের নামের প্রতিই সুবিচার করতে পারছিলেন না। নতুন কোচ রবার্তো মানচিনির সঙ্গে তো তেতো সম্পর্কই গড়ে উঠল বলে খবর। সব মিলে একটা জট পাকানো পরিস্থিতি চলছে এই ২৬ বছর বয়সীর ক্যারিয়ারে। সেটা থেকে মুক্তি পেতেই ফিরে আসা আঁতুড়ঘরে। আপাতত ছয় মাসের ধারে। কিন্তু রবিনহো কথা দিয়েছেন, তিনি থেকে যেতে চান আরও অনেক দিন। রাজীব হাসান