শে ষে র আগে
ফিয়ার্নের ইতিহাসতাঁর নামের মধ্যেই আছে ‘ফিয়ার’। তাই বলে অ্যামি ফিয়ার্নকে দেখে ভয় পাওয়ার কোনো কারণই নেই। বরং প্রথম দেখাতে ‘বড় আপা’সুলভ একটা ছবিই ভেসে উঠবে মনের পর্দায়। যিনি তাঁর ছোট ভাইদের মিষ্টি করে শাসন করতে জানেন। করছেনও। ফুটবল মাঠে!গত মঙ্গলবার ইংলিশ ফুটবল লিগে ম্যাচ ছিল কভেন্ট্রি সিটি বনাম নটিংহাম ফরেস্টের। ম্যাচের ২০ মিনিটের মতো বাকি। এমন সময় রেফারি টনি বেটস উঠে গেলেন মাঠ থেকে। চোট পেয়েছেন। রিজার্ভ রেফারি নামলেন। ছিমছাম গড়নের, পেছনে ঝুঁটি করে বাঁধা চুল। মাঠে নেমেই বাঁশিতে ফুঁ দিয়ে দিলেন খেলা শুরুর নির্দেশ। ঢুকে গেলেন ইতিহাসেও। এই প্রথম ইংলিশ ফুটবল লিগে কোনো ম্যাচের দায়িত্ব পালন করছেন মহিলা রেফারি। অবশ্য রেফারি হওয়ার খুব একটা ইচ্ছে ছিল না এই ৩১ বছর বয়সীর। ফুটবলারই হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর শৈশবটাই একজন মেয়ের ফুটবলার হয়ে ওঠার জন্য ছিল ভীষণ রকমের প্রতিকূল। ছেলেদের সঙ্গে শখের ফুটবল খেলা যায়। কিন্তু আনুষ্ঠানিক যেসব টুর্নামেন্ট হয়, তাতে তো আর তাঁর যোগ দেওয়ার জো নেই। বাধ্য হয়ে খেলা ছেড়ে রেফারির ভূমিকাই নিলেন। তখনো তাঁর বয়স মাত্র ১৩। পরে পদোন্নতি হয়েছে। পাশাপাশি রোলস-রয়েলসের অর্থনৈতিক বিশ্লেষক হিসেবেও চাকরি নিয়েছেন। এখনো দুটো কাজই সামলাচ্ছেন। মাঠে দেখভাল করেন আইন-কানুনের; অফিসে বাজারের হালচাল। দুটোতেই ভালো। দ্রুত তাই সহকারী রেফারির মর্যাদা পেয়ে যান। প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় অবস্থানে থাকা ইংলিশ ফুটবল লিগে নিয়মিতই দায়িত্ব পালন করছেন। অবশেষে অপ্রত্যাশিতভাবে রেফারি হিসেবেই অভিষেক হয়ে গেল তাঁর। এখন স্বপ্ন একটাই একদিন তাঁর পদোন্নতি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে ৭০ হাজার দর্শক ভরা গ্যালারির সামনে তিনি ফুঁ দেবেন বাঁশিতে।পেতকোভিচের স্বপ্নরাজনীতি করবেন? আজকের কোনো তরুণকে প্রশ্নটা করলে নাকমুখ কুঁচকে এমনভাবে তাকাবে, যেন রাজনীতির চেয়ে পূতিগন্ধময় স্থান আর কিছুই হতে পারে না। আন্দ্রিয়া পেতকোভিচ কিন্তু একেবারেই আলাদা। বয়স তাঁর ২২। হাতে তাঁর টেনিস র্যাকেট। আর হূদয়ে তাঁর একটা রাজনৈতিক দল গড়ার স্বপ্ন!গত কিছু দিন ধরে ধারাবাহিকভাবে ভালো খেলে নজর কেড়েছেন জার্মানির এই উঠতি টেনিস তারকা। প্যারিস ইনডোর ওপেনেও খেলেছেন দারুণ। যদিও নিজেকে শুধু টেনিস খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে ঘোর আপত্তি তাঁর। সত্যি বলতে কি, বছর দুয়েক আগেও টেনিস নিয়ে খুব একটা আগ্রহও ছিল না তাঁর।বরং একসময় তিনি হতে চেয়েছিলেন ‘এলভিস প্রেসলি’। নিজের ‘রক অ্যান্ড রোল’ একটা ব্যান্ড দলও আছে। সেখানে ড্রাম বাজান। জার্মানির শীর্ষ দৈনিক এফএজেডে নিয়মিত লেখেন। সাহিত্য তাঁর প্রিয় বিষয়। গ্যেটে আর ওস্কার ওয়াইল্ড প্রিয় লেখক। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা রাজনীতিবিজ্ঞান নিয়ে। জন্ম বসনিয়ায় বলে সার্বিয়ান ভাষাটা তো জানাই। এখন জার্মানির নাগরিক বলে জার্মান ভাষাও বলতে পারেন অনর্গল। পেতকোভিচকে ‘ভাষাবিদ’ই বলা যায়। কারণ ইংরেজি আর ফরাসি ভাষাটাও তাঁর চেনা।এত কিছুর মধ্যে টেনিসটাই একসময় তাঁর কাছে গুরুত্ব পেত সবচেয়ে কম। বাবার কারণে সিরিয়াস হতে হয়েছে। বাবা জোরান নিজেও একসময় টেনিস খেলোয়াড় ছিলেন। যুগোস্লাভিয়ার হয়ে ডেভিস কাপে পর্যন্ত খেলেছেন। এখন অবশ্য জোরান বাবার পাশাপাশি কোচের ভূমিকাও পালন করছেন।এত কিছুর মধ্যে পেতকোভিচের মাথায় চেপেছে রাজনীতির নেশা। অন্য কারও দলে যোগ দেওয়া নয়, তিনি নিজেই গড়তে চান নিজের দল! তারুণ্যে অবশ্য রক্তেই অনেকের দোল খায় বিপ্লবের নেশা। পরে সেই ভূত উবে গেলে পুনর্মুষিকোভব। কিন্তু পেতকোভিচ সিরিয়াস, ‘অবশ্যই আমি রাজনৈতিক দল বানাব। কারণ আমার মনে হয়েছে জার্মানিতে সবাই শুধু বুড়োদের কথা বলে, তরুণদের কথা বলার কেউ নেই।’ জয়তু! রাজীব হাসান