শে ষে র আগে
ক্যাপেলো বনাম ওয়াগকত ধানে কত চাল...না, উপমা ঠিক জুতসই হলো না। কত বার্গারে কত মাংস, ফ্যাবিও ক্যাপেলোকে সেটা বুঝিয়ে দিতে চায় ওয়াগরা। মশকরা পেয়েছেন কোচ! তাঁর ভয়ে ইংলিশ ফুটবলররা থরহরিকম্পমান হতে পারে, ওয়াগদের বয়েই গেছে তাঁকে ভয় পেতে। তাই ইংলিশ ফুটবলারদের স্ত্রী আর প্রেমিকাদের অলিখিত কিন্তু প্রতিষ্ঠিত জোট ওয়াগরা ঘোষণা দিয়েছে, ক্যাপেলো যতই বেগড়বাই করুন, লাভ হবে না। আগামী বিশ্বকাপে তাঁরা যাবেনই। শুধু যাবেনই না, ক্যাপেলো যে ‘কারফিউ’ দিয়েছেন, সেটিও তাঁরা ভঙ্গ করবেন!কারফিউ মানে ইংল্যান্ড দল যেখানে বেজক্যাম্প করবে, তার থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে করা হয়েছে ওয়াগদের থাকার ব্যবস্থা! শুধু দূরে রেখেই নয়, ফুটবলারদের ঋষি-মুনির ধ্যানে যেন সঙ্গিনীরা বাগড়া দিতে না পারে, এ জন্য ক্যাপেলো নিয়ম করে দিয়েছেন, বিশ্বকাপ চলার সময় ওয়াগদের সঙ্গে ফুটবলাররা সপ্তাহে এক দিনের বেশি দেখা করার সুযোগ পাবে না। ‘ওরা একদিন ছুটি পাবে। সেদিন যা খুশি ইচ্ছা করবে। বাকি দিনগুলো চলতে হবে আমার ইচ্ছামতো’—বলেছেন ক্যাপেলো।কিন্তু ক্যাপেলোর এ নিয়ম মানতে রাজি নন ভিক্টোরিয়া বেকহাম, কলিন রুনিরা। ইংল্যান্ডের বেজক্যাম্প রাস্টেনবার্গের আশপাশের হোটেলগুলোতেই ওঠার ঘোষণা দিয়েছেন তাঁরা। মানেটা পরিষ্কার, আগামী বিশ্বকাপে ক্যাপেলো বনাম ওয়াগদের ঠান্ডা লড়াই দেখার জন্য প্রস্তুত হন!ওয়াগদের ব্যাপারে ইতালিয়ান কোচ আপত্তি করে আসছেন শুরু থেকেই। এঁরা যেন তাঁর দুই চোখের বিষ! হওয়ারই কথা। গত বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে ওয়াগদের মাতামাতিকেই দায়ী করেন অনেকেই। তখনকার কোচ সভেন গোরান এরিকসন বাধা দেবেন কী করে, তাঁর সে সময়কার বান্ধবী ন্যান্সি ডেলওলিও নিজেও শামিল ছিলেন ওয়াগদের কাতারে!পচা শামুকে পা আর কাটতে চান না ক্যাপেলো। এ জন্যই এত সতর্কতা। কিন্তু ওয়াগরা যে তাঁর বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করে বসল! তিতিবিরক্ত ক্যাপেলো তাই বলেই বসলেন, ‘আমার মনে হয় ওরা ভাইরাসের মতো, তাই নয় কি? আমার তো তা-ই মনে হয়। গত বিশ্বকাপের সেই ভাইরাস।’দেখাই যাক, কী হয়!বিশ্বস্ত টেন্ডুলকারদুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার, অথচ বড় কোনো বিতর্কে খুঁজে পাবেন না তাঁর নাম। ক্রিকেটের এই টি-টোয়েন্টির বাজারি ক্রিকেটের যুগেও সত্যিকারের ভদ্রলোকের সার্থক উদাহরণ শচীন টেন্ডুলকার। পুরো ক্যারিয়ারে একটাই কালো দাগ। বল টেম্পারিংয়ের কারণে শাস্তি পাওয়া। যদিও টেন্ডুলকার আদৌ বলে কারিকুরি করেছিলেন কি না, তা নিয়েও বিতর্ক হয়েছে বিস্তর।সেই টেন্ডুলকার যে ভারতের সবচেয়ে বিশ্বস্ত লোকের তালিকায় ওপরের দিকেই থাকবেন, এ খবরে তাই কোনো চমক নেই। জনপ্রিয় সাময়িকী রিডার্স ডাইজেস্ট সম্প্রতি বিশ্বস্ত ১০০ জনের তালিকা প্রকাশ করেছে। পাঠকদের জরিপে সেই তালিকায় টেন্ডুলকারের অবস্থান অষ্টম। ভারতের ক্রিকেট মহলে সবার ওপরে অবস্থান লিটল মাস্টারের। খেলোয়াড়দের মধ্যে টেন্ডুলকারের দুই ধাপ ওপরে আছেন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ।ভারতের মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে যে লোকটিকে, তিনি সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। ব্যবসায়ী হয়েও যে আস্থা অর্জন করা যায়, রতন টাটার দুই নম্বরে থাকা সেটারই প্রমাণ। সক্রিয় রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত প্রধানমন্ত্রী মনমোহন সিং। আনন্দ আর টেন্ডুলকারের মাঝখানের জায়গাটি তাঁর। ক্রিকেটারদের মধ্যে টেন্ডুলকারের পরে আছেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়কের অবস্থান অবশ্য ৪২ নম্বরে।রিডার্স ডাইজেস্ট-এর হয়ে জরিপটা পরিচালনা করেছে ডিজিটাল এজ। অনলাইনের মাধ্যমে পাঁচ হাজার মানুষের কাছে জরিপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল তারা। তাতে সাড়া দিয়েছেন ৭৬১ জন। ভারতের ৩০টি শহরের মানুষ এতে অংশ নিয়েছেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের দুই-তৃতীয়াংশের বয়স ৩৫-এর নিচে। তিন-চতুর্থাংশই ছিলেন পুরুষ এবং স্নাতক ডিগ্রিধারী।ওই তালিকায় আইপিএলের প্রধান লোলিত মোদির অবস্থান ৯৩ নম্বরে! বোঝাই যাচ্ছে, বিশ্বস্ত মানুষের তালিকায় খুব একটা সুবিধা করতে পারেননি আইপিএলের প্রধান। তবে মোদি এই ভেবে আমোদিত হতে পারেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান, আইসিসির হবু সভাপতি শারদ পাওয়ারের অবস্থান ৯৭-এ! রাজীব হাসান