শে ষে র আগে
ইন্দ্রলুপ্ত রুনিদিনে দিনে ওয়েইন রুনি যেমন নিজেকে মেলে ধরছেন, তাঁর মাথার টাকটাও তেমনি মেলে ধরছে নিজেকে! এই ২৪ বছর বয়সেই মাথায় আস্ত একটা ছোটখাটো ‘স্টেডিয়াম’ নিয়ে ঘুরছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ‘টাক আজই ঢেকে যাক’ বিজ্ঞাপনে উজ্জীবিত হয়ে মাঝখানে একবার চিকিত্সাও নিয়েছেন। কিন্তু টপাটপ গোল করে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে যে টপাটপ পড়ে যাচ্ছে মাথার চুলও!মাথায় চুল না থাকার একটা সুবিধাজনক দিকও দেখছেন রুনি। টাক নাকি টাকা আনে, তবে তাঁর জন্য টাক এনে দিচ্ছে গোল! ‘মাথায় একটা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে বলেই তো এই মৌসুমে হেড দিয়ে বেশি বেশি গোল করতে পারছি!’ এই মৌসুমে ক্লাব ফুটবলের হয়ে ৩০তম গোল করার পর বলেছেন ম্যানইউ স্ট্রাইকার।ক্যারিয়ারের মধুচন্দ্রিমা চলছে তাঁর। এর আগে এক মৌসুমে তাঁর সর্বোচ্চ গোল ছিল ২৩টি। ২০০৬-০৭ মৌসুমে। আসলে রুনি ম্যানইউতে প্রথম পাঁচ বছর আড়ালে ঢাকা পড়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায়। রোনালদো রিয়াল মাদ্রিদে চলে যাওয়ায় সবচেয়ে বেশি লাভ তাঁরই হয়েছে। রোনালদো-গ্রহণ থেকে মুক্তি পেয়েছেন। রোনালদোবিহীন প্রথম মৌসুমেই ৩৭ ম্যাচে ৩০ গোল! লিগে এখনো নয় ম্যাচ বাকি। খেলবেন চ্যাম্পিয়নস লিগেও। রোনালদোর এক মৌসুমে করা ৪২ গোলের রেকর্ডটাকে এবার রুনির সামনে নতুন লক্ষ্য হিসেবে বেঁধে দিয়েছেন অ্যালেক্স ফার্গুসন। কে জানে, ডেনিস লর এক মৌসুমে ৪৬ গোল করার রেকর্ডটা রুনির হাতেই (নাকি পায়ে এবং অবশ্যই মাথায়) ভাঙে কি না!টাক থাকাটা মন্দ নয়, কী বলেন!দ্বিতীয় অধ্যায়দ্য নেম ইজ...না, জেমস বন্ড নয়, শুমাখার, মাইকেল শুমাখার। তিন বছরের অবসর জীবন শেষে আজ আবার ট্র্যাকে ফিরছেন সর্বকালের সেরা চালক। বয়স ৪১। কিন্তু বয়সের মাপকাঠিতে মাপা চলবে না তাঁকে। জার্মান এই চালক যে সার্কিটে ফিরেই ঘোষণা দিয়ে দিলেন, ‘আমিই তো জেমস বন্ড। নিজের সপ্তম শিরোপাটি আমি জিতেছিলাম ৭০০তম গ্রাঁ প্রিঁতে। ৭০০ মানেই তো ০০৭।’সর্বকনিষ্ঠ ফর্মুলা ওয়ান জয়ী লুইস হ্যামিল্টন যতই স্বপ্ন দেখুন, এক দিনের জন্য হলেও জেমস বন্ডের চরিত্রটায় অভিনয় করার, শুমাখার জানিয়ে দিলেন, সে তো আসলে তাঁরই দখলে! কৌতুক করে কি একটা প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন না? বুড়ো হাড়ে যে এখনো অনেক কিছুই দেখানোর বাকি আছে তাঁর! সাতবারের চ্যাম্পিয়ন? শুমাখারের ফেরাটাকে সব চালকই আগাম স্বাগত জানিয়েছেন। একটু কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে না তাঁদের! শুমাখার তো বলেই দিয়েছেন, ‘২০০৬ সালে আমি অবসর নিয়েছিলাম। কারণ আমার ব্যাটারি ফুরিয়ে গিয়েছিল। এই তিন বছরে ব্যাটারি আবারও পুরোপুরি রিচার্জ হয়েছে।’ শুমাখার ফিরছেন, তবে তাঁর চিরচেনা দল ফেরারির হয়ে নয়। নতুন ঠিকানা হয়েছে মার্সিডিজ। এবং রেকর্ড ৯১টি রেস জেতা এই তারকা জানালেন, মনে হচ্ছে, ক্যারিয়ারের অভিষেকের প্রহর গুনছেন। যেন নতুন এক চালক প্রথমবারের মতো নামছে গতির প্রতিদ্বন্দ্বিতায়, ‘মনে হচ্ছে, আমি যেন ক্রিসমাসের দিকে ব্যাকুল হয়ে তাকিয়ে থাকা একটা কিশোর। রেসে নেমে যেতে আমার তর সইছে না।’প্রায় একই সময় ক্রীড়াবিশ্বে আরেক তারকার প্রত্যাবর্তন হলো। মারিয়ন জোন্স। স্প্রিন্টের একসময়ের রানি ছিলেন। ডোপপাপে কলঙ্কিত হয়েছেন। ছয় মাসের জেলও খেটেছেন। ফিরিয়ে দিতে হয়েছে ২০০০ সিডনি অলিম্পিকে জেতা পাঁচটি পদক। সেই জোন্স ফিরছেন আবার। না, ট্র্যাকে নয়, এবার জোন্স ফিরছেন বাস্কেটবল খেলোয়াড় হিসেবে। যুক্তরাষ্ট্রের উইমেন্স ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএনবিএ) টুলসা শকের হয়ে খেলবেন তিনি। দুজনের জগত্টা ভিন্ন, তার পরও একটা বিন্দুতে মিলে যাচ্ছেন শুমাখার আর জোন্স। তিনিও বলছেন, ক্যারিয়ারের এই দ্বিতীয় অধ্যায় তাঁর জন্য নতুন এক যাত্রা, ‘বিগত কয়েকটি বছর আমার জন্য ছিল দুঃসহ। কিন্তু আমি এখন সামনে তাকিয়ে আছি। আমার জীবনের গল্পগুলো শোনাতেই আমি আবার এসেছি। যেন অন্যরা আমার জীবন থেকে শিক্ষা নেয়। যা হয়েছে সেটি আমার কাছে স্রেফ অতীত। আমি সেটার জন্য মূল্যও দিয়েছি। এখন আমি নতুন করে শুরু করতে চাই।’ রাজীব হাসান