শে ষে র আগে
ইনজুরি কাব্য!‘গোড়ালিতে নয়/হতাশার ঘুণপোকার বাস স্বপ্নে/যে স্বপ্ন এখন উবে যাওয়া কর্পূর...।’ ভাবছেন, হচ্ছেটা কী? কিছুই না, একটু কবিটা-টবিতা লেখার চেষ্টা আর কী! আসলে ডেভিড বেকহামের ইনজুরি নিয়ে সম্প্রতি একটি কবিতা লিখেছেন খ্যাতনামা স্কটিশ কবি ক্যারল অ্যান ডাফি। রূপকের ছড়াছড়ি সেই কবিতায় আসলে দাঁত বসানো যায়নি। তাই এই বৃথা চেষ্টা!রূপকের বাহুল্য তো থাকবেই। বেকহামের ইনজুরিটার নামই যে অ্যাকিলিস। গ্রিক পুরানের বীর। মহাকবি হোমারের ইলিয়াড অমরত্ব দিয়েছে যাঁকে। অ্যাকিলিসকে অমরত্ব দিতে চেয়েছিলেন আসলে তাঁর মা। স্টাক্স নদীতে স্নান করলে শরীরের কোনো অংশে কোনো জরা-ব্যাধি আক্রান্ত করতে পারে না। কিন্তু অ্যাকিলিসের মা ছোট্ট একটা ভুল করে বসেন। তিনি ধরে রেখেছিলেন অ্যাকিলিসের পা। ফলে শরীরের সব অংশ নদীর পানিতে ভিজলেও ভিজেনি গোড়ালি। যুদ্ধের সময় একটা তীর এসে বিঁধে সেই গোড়ালিতেই। প্রাণ হারান অ্যাকিলিস।পুরান হয়তো কল্পকাহিনি। কিন্তু কী আশ্চর্য, বেকহামের জীবনে অ্যাকিলিস হয়ে উঠল সত্যিকারের রূপকথা। এই অ্যাকিলিস-ইনজুরিতেই প্রাণ হারাল বেকহামের বিশ্বকাপ-স্বপ্ন!এ নিয়েই কবিতা ডাফির। কেন লিখেছেন? কারণ, বেকহামকে তাঁর আধুনিককালের অ্যাকিলিস বলেই মনে হয়! ‘পপুলার কালচারে ও তো নিজেই প্রায় একটা পৌরাণিক চরিত্র’—ব্যাখ্যা করেছেন ডাফি। তা ফুটবল-টুটবল তিনি দেখেন তো? ডাফির উত্তর, ‘বেকহাম যতটা কবিতা পড়ে, আমি তার চেয়েও বেশি ফুটবল দেখি।’ঠুনকো এ ভালোবাসাঠুনকো! সব মিথ্যের ব্রজবুলি। ভালোবাসা নেহাতই তাসের ঘর। আত্মার বন্ধন স্রেফ কল্পনাবিলাস। এমন নৈরাশ্যবাদীর নাম কী? না, মাইকেল ক্লার্ক অবশ্যই নন। বরং হূদয়ের ক্ষত নিয়েই মাঠে ফিরে সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন, এই পৃথিবীর সবচেয়ে আশাবাদী, ইতিবাচক দৃষ্টিভঙ্গিদের তালিকা করা হলে সেরা দশেই ঠাঁই হবে তাঁর। হতাশ আসলে এই কপোত-কপোতিকে ঘিরে ‘ক্রিকেটের পুশ-ব্যাক’ জুটির স্বপ্ন দেখেছিলেন যাঁরা।হতাশ সেই সব প্রতিষ্ঠানও, এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের প্রচারণা চালাতে চেয়েছিল যারা। ক্লার্ক-বিঙ্গল ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর এখন অনেকেই এই জুটির সঙ্গে করা চুক্তি নিয়ে নতুন করে ভাবছে। এরই মধ্যে দু-চারটি প্রতিষ্ঠান চুক্তি থেকে সরেও এসেছে। ক্লার্কের ম্যানেজার ক্রিস হোয়াইট দাবি করেছেন, এ ঘটনায় ‘ব্যান্ড ক্লার্কের’ কোনো ক্ষতি হবে না। ওদিকে বিঙ্গলের ম্যানেজার ম্যাক্স মার্কসন বলেছেন, এ ঘটনার পর বিঙ্গলের তারকাখ্যাতি আরও বেড়েছে।আর তাই এই হিসাবটাও চলে আসছে, ‘তোমাকে আর ভালোবাসি না’ ক্লার্ককে বিঙ্গল কিংবা বিঙ্গলকে বলা ক্লার্কের এই মন্তব্যের আর্থিক ক্ষতির পরিমাণ এখন কত?বিঙ্গলকে ৪ দশমিক ৭ ক্যারটের হীরার যে আংটিটা দিয়েছিলেন, সেটার দাম ২ লাখ ডলার। বিঙ্গলকে অ্যাস্টন মার্টিন নামের যে গাড়িটা কিনে দিয়েছিলেন, সেটার দামও ২ লাখ ডলার। সিডনির বন্ডি সমুদ্রসৈকতের পাশে যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, সেটার দাম আবার ৬০ লাখ ডলার। কী হবে এখন এসবের।বৈষয়িক ব্যাপার-স্যাপারগুলোতে ক্লার্ককে ঝানুই বলতে হচ্ছে। সব সম্পত্তির মালিকানা নিজের নামেই রেখেছেন। অবশ্য অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, বাগদানের মেয়াদ দুই বছর হওয়ায় বৈবাহিক অধিকারগুলো ভোগ করতে পারবেন লারা। চাইলে ক্লার্কের সম্পত্তির অর্ধেক অংশের মালিকানাও দাবি করতে পারেন। কিন্তু তা করতে রাজি নন বিঙ্গল।দুজনের বিচ্ছেদের আসল কারণ এখনো জানা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে, বিঙ্গল উইমেন্স ডে পত্রিকায় সাক্ষাত্কার দেওয়াতেই ফাটল ধরেছে। এক সাক্ষাত্কারেই জল এতদূর! ওদিকে বিঙ্গলের সাক্ষাত্কারের জন্য নাকি কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতে প্রস্তুত মিডিয়াগুলো। বিষণ্ন বিঙ্গল মিডিয়ার সামনে আসতেই রাজি নন। কিন্তু টু-পাইস যদি কামানো যায়, মন্দ কী। আর তাই ক্লার্ক-বিঙ্গলের সম্পর্ক নিয়ে বিস্তারিত সাক্ষাত্কার দিতে রাজি হয়েছেন বিঙ্গলের ভাই জশ আর মা শ্যারন। এ জন্য তাঁদের নাকি এক লাখ ডলারও প্রস্তাব করা হয়েছে।হায় রে ভালোবাসা! রাজীব হাসান