শে ষে র আগে
টাইসন-হলিফিল্ড আবার!১৯৯৭ সালের ২৮ জুন। লাস ভেগাস। বক্সিং রিংয়ে মুখোমুখি মাইক টাইসন আর ইভান্ডার হলিফিল্ড। দারুণ জমে উঠেছে লড়াই। এমন সময় সবাইকে হকচকিয়ে এক কাণ্ড করে বসলেন টাইসন। কামড়ে ধরলেন হলিফিল্ডের ডান কান! ছিঁড়ে নিলেন কানের লতি!সেই ঘটনার পর টাইসন-হলিফিল্ডের সর্বশেষ দেখা হয়েছিল ‘অপরাহ উইনফ্রে শো’তে। গত অক্টোবরে। পরম হূদ্যতায় একে অন্যের পাশে বসে ছিলেন সেদিন। ছড়িয়ে দিয়েছিলেন বন্ধু বারতা। কৃতকর্মের জন্য অনুতপ্ত টাইসন চেয়ে নিয়েছিলেন ক্ষমা।ঘটনার শেষ কি এখানেই? বক্সিং রিংয়ে দানবীয় উন্মত্ততায় তাঁদের একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়া দেখতে এখনো আগ্রহী নিশ্চয় অনেকেই। তাঁদের জন্য সুখবর। টাইসনকে ‘হয়ে যাক আরেক হাত’ বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন হলিফিল্ড। বক্সিংয়ে ফিরতে চান টাইসনও। ‘টাইসন-হলিফিল্ড থ্রি’ দ্বৈরথ কি তবে দেখা যাবে শিগগিরই!হলিফিল্ড রিংয়ে ফিরেছেন এরই মধ্যে। শুধু ফেরাই নয়, কদিন আগে জিতে নিয়েছেন ডব্লুবিএফ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। ৪৭ বছর বয়সেও হলিফিল্ড বুঝি অপ্রতিরোধ্য! সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখন তাঁর। সেই লাস ভেগাসে দক্ষিণ আফ্রিকার ফ্রাঙ্কোইস বোথাকে এক ঘুষিতে নকআউট করে দিয়েছেন অষ্টম রাউন্ডে। এ নিয়ে ২৮টি লড়াই নকআউটে জিতলেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি।ডব্লুবিএফ অবশ্য এখন আর ততটা গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নশিপের মর্যাদা পায় না। এদিন যেমন মাত্র হাজার তিনেক দর্শক দেখেছে আড়াই বছর পর রিংয়ে হলিফিল্ডের প্রত্যাবর্তন। তার পরও এই জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে তাঁকে। আর তাই শুধু চিরপ্রতিদ্বন্দ্বী টাইসনকে নয়; হেভিওয়েট বক্সিংয়ের এখনকার বড় তারকা ডেভিড হে আর ক্লিসকো ভাইদের প্রতিও ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। ইভান্ডার হলিফিল্ডের ভান্ডারে যে এত তেজ জমে আছে এখনো, কে জানত!রাজত্বে ভাঙনটাইগার উডস, জন টেরি, অ্যাশলি কোল... ফ্রাঙ্ক রিবেরি, করিম বেনজেমা। সাম্প্রতিক সময়ে একের পর এক বড় ক্রীড়া তারকার পাপবিদ্ধ কলুষিত জীবনের ছবি উঠে আসছে। উঠে আসছে এই প্রশ্নটাও—যেসব কিশোর-তরুণের কাছে এই খেলোয়াড়রা ‘হিরো’, যাঁদের বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত, অন্ধ সমর্থক; তাদের জন্য এই তারকারা কী উদাহরণ রেখে যাচ্ছেন? নীতি আর মূল্যবোধ কি এই কিশোর-তরুণদের কাছে ঠুনকো হয়ে যাচ্ছে না?না! ক্রীড়া তারকাদের এই দূষিত জীবন মোটেও তরুণদের প্রভাবিত করে না বলেই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনির গবেষকেরা দেখেছেন, ক্রীড়াঙ্গনের সেলিব্রেটিদের নৈশজীবন, মদ্যপান, অভদ্রজনোচিত আচরণ তরুণদের মধ্যে খুব একটা প্রভাব ফেলে না।খেলাধুলা ধ্যানমগ্ন হয়ে অনুসরণ করে এবং করে না—এমন এক হাজার তরুণের ওপর গবেষণা করেছেন এঁরা। প্রধান গবেষক, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষক কেরি ও’ব্রায়েন জানিয়েছেন, ‘আসলে ক্রীড়া তারকাদের মদ্যপানের অভ্যাস এবং তরুণদের ওপর এর প্রভাব নিয়ে এর আগে তাত্ত্বিকভাবে কোনো গবেষণা হয়নি। যদিও ক্রীড়াঙ্গনের এই নায়কদের হরহামেশাই তরুণদের রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়েছে। গবেষণায় আমরা দেখেছি, খেলা দেখে কিংবা দেখে না এমন তরুণেরা অন্তত তারকাদের মদ্যপানের ব্যাপারে প্রভাবিত নয়।’তবে একই গবেষণায় এ-ও উঠে এসেছে, তারকাদের মদ্যপানের খবর পত্রপত্রিকায় নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় বলেই এ নিয়ে অনাগ্রহী তরুণেরা। কিন্তু একই ক্রীড়া তারকা যদি কোনো প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে কাজ করেন, হাজির হন বিজ্ঞাপনে, সেটি আবার তরুণদের উৎসাহিতই করে।গবেষণায় উঠে এসেছে আরও একটি বিষয়। ক্রীড়া তারকাদের দেবতাসুলভ ভাবমূর্তিও এখন আর তরুণদের মধ্যে নেই। সেই রাজত্ব ভাঙনের মুখে! রাজীব হাসান