শে ষে র আগে
রোনালদো নম্বর থ্রি!একেই বলে নিয়তি। রোনালদো বলতে এখন সবাই ক্রিস্টিয়ানোকেই বোঝে। অথচ ‘আসল’ রোনালদো যিনি, আন্তর্জাতিক আলোর বাইরে ছিটকে গিয়ে খবরের শিরোনামে উঠে আসেন কালেভদ্রে। এলেও ‘দুই ইঞ্চি এক কলামে’র বেশি জায়গা জোটে না তাঁর পত্রিকার পাতায়।২০০৩ সালে ক্রিস্টিয়ানো যখন একটু একটু করে আন্তর্জাতিক মিডিয়ার কৌতূহলের আতশকাচের নিচে, রোনালদো তখন রীতিমতো মহা তারকা। ২০০২ বিশ্বকাপের অতিমানবীয় কীর্তির গুণগান তখনো শেষ হয়নি। ইন্টার মিলান থেকে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে। ২০০২-০৩ অভিষেক মৌসুমেই ৪৪ ম্যাচে ৩০ গোল। এর পরপরই গ্যালাকটিকোস পূর্ণ করতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চলে এলেন ডেভিড বেকহাম। আর প্রীতি ম্যাচে কয়েকটি ঝলক দেখেই বেকহামের জায়গায় সাত নম্বর জার্সির নতুন মালিক হিসেবে ক্রিস্টিয়ানোকে নিয়ে এলেন অ্যালেক্স ফার্গুসন।কী কাকতালীয় ব্যাপার দেখুন, সেই ক্রিস্টিয়ানো বড় রোনালদোর পথ অনুসরণ করেই এখন রিয়ালে। শুধু তা-ই নয়, রোনালদোর সেই নয় নম্বর জার্সিটাও এখন তাঁরই দখলে।চাইলে আরও অনেক কিছুতেই মিল খুঁজে পাওয়া যাবে দুজনার। দুজনই নিজ দেশের ফুটবলে অল্প কটা বছর কাটিয়েই জায়গা করে নিয়েছেন ইউরোপের দৈত্য ক্লাবগুলোতে। দুজনেরই পায়ের তলায় সাফল্য নিজে থেকেই এসে লুটিয়ে পড়েছে...এমনকি দুজনই মাঠের বাইরেও নারীঘটিত ব্যাপার-স্যাপারের কারণে খবরের শিরোনাম হয়েছেন বহুবার। তবে সবচেয়ে বড় অমিল বোধহয়, ক্রিস্টিয়ানোই এখন এক নম্বর রোনালদো আর ‘আসল রোনালদো’ এখন স্রেফ পার্শ্বচরিত্র!এতক্ষণ আসলে ভূমিকা পড়লেন। বিশাল ভূমিকা, কিন্তু মূল বিষয়টি ছোট্টই। রোনালদো আসছেন আরও একজন। হুবহু ক্রিস্টিয়ানোর মতোই দেখতে। যেন তাঁর ক্লোন। পার্থক্য, এই রোনালদোর ধড়ে প্রাণ নেই। পার্থক্য এই রোনালদো রক্ত-মাংসের নন, মোমের! মাদাম তুসোর জাদুঘরে শিগগিরই ঠাঁই পেতে যাচ্ছে সেই অবিকল রোনালদো। রোনালদো নম্বর টু (নাকি থ্রি!)। লন্ডন শাখার স্পোর্টস জোনে ডেভিড বেকহাম, পেলের মতো কিংবদন্তির পাশে নিশ্চল দাঁড়িয়ে থাকবেন তিনি।তুসোঁর জাদুঘরে কি ব্রাজিলিয়ান রোনালদোর কোনো মূর্তি আছে!চোরাবালিতে স্বপ্নস্বপ্ন আর বাস্তবতার মাঝখানে বিশাল একটা ফারাক। ব্যবধানটা বুঝতে পারছেন রবার্তো কার্লোস। বুঝতে পারছেন, আশায় বুক বেঁধে রাখা মানে স্রেফ মরীচিকার পিছে ছোটা। বিশ্বকাপ এখন তাঁর জন্য দূর আকাশের তারা। তাঁকে দেখাই শুধু যায়, ছোঁয়া যায় না। বাস্তবতার চোরাবালিতে আটকে পড়া রবার্তো কার্লোস তাই বলছেন, ব্রাজিল দলের সঙ্গে ২০১০ দক্ষিণ আফ্রিকাগামী বিমানে চড়ে বসার স্বপ্ন এখন আর তিনি দেখেন না। গত ১০ এপ্রিল ৩৮-এ পা দেওয়া এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার জানেন, সময় নামের নিষ্ঠুর যাযাবর তাঁকে বুড়িয়ে দিয়ে গেছে বড্ড। বাঁ পাশের উইং দিয়ে ভয়ংকর গতিতে এখন আর আগের মতো ছুটে আসতে পারেন না রক্ষণ থেকে প্রতিপক্ষের আক্রমণভাগে। রিয়াল মাদ্রিদের হয়ে ১১টি বছর কাটিয়ে সময়ের দাবি মেনে কার্লোস ঠাঁই নিয়েছিলেন তুরস্কের ফেনেরবাচেতে। তিন বছর খেলার পর সেখানেও বিদায় সংবর্ধনা। কিন্তু ফুটবল ছাড়তে মন চায় না। আর তাই এই মৌসুমে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসে। ২০০২ বিশ্বকাপজয়ী সতীর্থ রোনালদোরও ঠিকানা এখন এই ক্লাবটিই। এখানেই দুজনের দারুণ পারফরমেন্স ব্রাজিলের একাংশের মধ্যে দাবি তুলে দিয়েছিল, রোনালদো আর কার্লোসকে ফেরানো হোক জাতীয় দলে।কার্লোসও বড় আশা করে মন্তব্য করেছিলেন, ‘জাতীয় দলে খেলার আমন্ত্রণসহ কোনো চিঠি বাড়ির দোরগোড়ায় পৌঁছালে আনন্দে আমি ডিগবাজি দেব।’ অর্থাৎ, চতুর্থ বিশ্বকাপটি তিনি খেলতেই চেয়েছিলেন।কিন্তু বাস্তবতার কাছে হার মেনে কর্পূরের মতো উবে গেছে সেই আশা। কার্লোস তাই অতিসম্প্রতি জানিয়েছেন, বিশ্বকাপ টিভিতে বসে দেখারই মানসিক প্রস্তুতি তিনি নিয়ে রেখেছেন, ‘জাতীয় দলের হয়ে দারুণ ১৬টি বছর কাটিয়েছি। মাত্র অল্প কটা পরাজয়ের বদলে পেয়েছি অজস্র জয়। ওখানেই শেষ। এখন আমার ধ্যান-জ্ঞান কেবলই করিন্থিয়ানস। ব্রাজিলিয়ান ফুটবলে ফেরাটা আমি খুব উপভোগ করছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করে যাব। কিন্তু জাতীয় দলে খেলাটা নির্ভর করছে অনেকগুলো বিষয়ের ওপর।’এই ‘অনেকগুলো বিষয়ে’র একটা শর্ত পূরণ হলেই হয়। কিন্তু কার্লোস দুঙ্গার কাছে ঠুনকো আবেগের কোনো মূল্য যে নেই! রাজীব হাসান