শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরেস্ট গাম্পফরেস্ট গাম্পের কথা মনে আছে? ওই যে, রুপালি পর্দার চরিত্রটি। শৈশব থেকেই যে দৌড়াচ্ছে। ‘রান ফরেস্ট, রান!’ মাইক বাসকে বলতে পারেন বাস্তবের ফরেস্ট গাম্প। দৌড়াচ্ছেন তিনিও। টানা ৫১ দিনে অংশ নিয়েছেন ৫১টি ম্যারাথনে। ম্যারাথনেরও যে ম্যারাথন হতে পারে, বাসকে না দেখে বোঝার উপায় ছিল না! ব্রিটিশ সেনাবাহিনীর এই সাবেক যোদ্ধা এরই মধ্যে ভেঙে দিয়েছেন ম্যারাথনে টানা অংশ নেওয়ার বিশ্বরেকর্ড। গত ১৬ জুন ম্যারাথন শুরু করেছিলেন। শুক্রবার পর্যন্ত ৫১ দিনে অংশ নিয়েছেন ৫১টি ম্যারাথনে। এখানেই থেমে যাওয়ার কোনো ইচ্ছে নেই এই ৩৬ বছর বয়সীর। বাসের লক্ষ্য টানা ১০০ দিন দৌড়ানোর। এই অভিযানের নামই তিনি দিয়েছেন ‘হিরো হানড্রেড চ্যালেঞ্জ’। জাতিতে স্কটিশ এই ভদ্রলোক জানিয়েছেন, জীবনের রোমাঞ্চর কয়েকটি দিন হিসেবে আজীবন মনে রাখবেন সময়টাকে, ‘আমার জন্য এটা বিরাট একটা চ্যালেঞ্জ। কিন্তু এর প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করছি।’শুধু রেকর্ডের পাতায় নিজের নাম লেখাবেন—এতটা আত্মকেন্দ্রিক লক্ষ্য নিয়ে এত বড় চ্যালেঞ্জের পেছনে ছোটা সম্ভব নয়। বাসের এই ম্যারাথন দৌড়ের পেছনেও আছে মহৎ উদ্দেশ্য। ‘হেল্প ফর হিরোজ’ নামের একটা তহবিল গড়ে তুলছেন তিনি। এরই মধ্যে এক লাখ পাউন্ডও জমিয়ে ফেলেছেন। রাজনীতির পাঠক্রিকেট নাকি রাজার খেলা। কেন? রাজকীয়তা আছে বলেই। না, ক্রিকেট ঠিক একটা যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে প্রতিটি মুহূর্তে সাজাতে হয় রণকৌশল। মাঠে যুযুধান খেলোয়াড়েরা শেষ পর্যন্ত ক্রিকেটার থাকেন না, হয়ে যান দাবার ঘুঁটি, যার একেকটি চালের পেছনে থাকে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা।ক্রিকেটের এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে হঠাৎ পেড়ে বসা কেন? কারণ, ইমরান খানের একটা মন্তব্য। পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেছেন, রাজনীতির জটিল মারপ্যাঁচ তাঁর কাছে অনেক সহজেই ধরা দেয়। কারণ, এসবের অনেক কিছুই তিনি শিখে এসেছেন ক্রিকেট মাঠে। খেলার মাঠ থেকে অবসর নেওয়ার পর রাজনীতির ময়দানে নেমে পড়া, দলনেতা থেকে জননেতা হয়ে যাওয়া ইমরান বলেছেন, ‘রাজনীতি বড় নির্মম একটা ক্ষেত্র। কিন্তু আমার সতীর্থ রাজনীতিকদের চেয়ে নিজেকে অনেক বেশি প্রস্তুত মনে হয়। কারণ, আমি এখানে লড়াই করার শিক্ষাটা ক্রিকেট থেকেই নিয়ে এসেছি। রাজনীতির জন্য প্রস্তুত হওয়ার শিক্ষা এর চেয়ে ভালো আর কেউ দিতে পারে না।’বিষয়টি আরও ভালোভাবে ব্যাখ্যা করে বলেছেন, ‘রাজনৈতিক নেতা হওয়াটা ক্রিকেট অধিনায়ক হওয়ার মতোই। গ্যালারিভর্তি মাঠে আপনি নামেন, পুরো দায়দায়িত্ব থাকে আপনার কাঁধে। আবার আপনি যদি দায়িত্ব নেওয়ার যোগ্য হন, জীবনের সব ক্ষেত্রে আপনি সফল হবেন।’কথার সঙ্গে অবশ্য বাস্তবতার মিল সামান্যই। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের পায়ের নিচে মাটি খুব বেশি নেই। ১৯৯৭ সালের নির্বাচনে দলটি একটি আসনও পায়নি। সাত আসনের প্রতিটিতেই হেরে গিয়েছিলেন ইমরান। ২০০২ সালের নির্বাচনে ২৭২টি আসনের মধ্যে একটিতে জেতে তাঁর দল। একমাত্র জয়ী প্রার্থীর নাম ইমরান খান।ধূমপান নিষিদ্ধরোম যখন পুড়ছিল, নিরো বাজাচ্ছিলেন বাঁশি। আর আজ যখন ইংলিশ সমর্থকদের হূদয় ধিকিধিকি করে পুড়ছে ব্যর্থতার আগুনে, রুনিরা তখন কিনা সিগারেট ফুঁকছেন!খবরের বদলে মাঝেমধ্যে ‘বোমা’ ফাটায় ইংলিশ ট্যাবলয়েড দ্য সান। এ রকমই একটা বোমা তারা ফাটিয়েছে সম্প্রতি ছবিসহ। যে ছবিতে দেখা গেছে, ওয়েইন রুনি, অ্যারন লেনন, অ্যাশলি ধুমিয়ে ধোঁয়া ছাড়ছেন। আর এই ছবিই আগুন ধরিয়ে দিয়েছে সমর্থকদের মনে।হয়েছে কি, সম্প্রতি উদ্দাম এক রাত কাটিয়েছেন রুনি। স্ত্রী কলিন আর কাছের কয়েকজন বন্ধুকে নিয়ে গিয়েছিলেন ম্যানচেস্টার শহরের সবচেয়ে বড় নৈশক্লাবে। ২৫০ পাউন্ড ভদকারও নাকি অর্ডার দিয়েছিলেন রুনি। নৈশক্লাব থেকে বেরিয়েছেন কাকভোরে। তখনই তাঁকে আর সতীর্থ ফুটবলারদের সিগারেট ফুঁকতে দেখা গেছে। এ নিয়েই তোলপাড়।এরই মধ্যে খবর বেরিয়েছে, ইংল্যান্ড দলের কমপক্ষে পাঁচ ফুটবলার ধূমপায়ী। এঁদের মধ্যে আছেন ডেভিড বেকহামও। ইংলিশ দৈনিক ডেইলি স্টার জানিয়েছে, শুধু ফুটবলার নয়, ওয়াগদেরও কেউ কেউ ধূমপানে আসক্ত। এঁদের মধ্যে আছেন ভিক্টোরিয়া বেকহাম, অ্যালেক্স জেরার্ড, অ্যাবি ক্ল্যান্সিও।ফুটবলারদের মতো ‘হিরো’দের, হাজার হাজার কিশোর-তরুণ যাঁদের অনুসরণ করে অন্ধের মতো, তাঁরাই যদি এভাবে প্রকাশ্যে ধূমপান করেন, সেটি বাজে দৃষ্টান্ত তো বটেই। ধূমপানের কুফল নিয়ে আরও এক চোট শোরগোল উঠেছে ইংল্যান্ডজুড়ে। এদিকে যুক্তরাজ্যের সেন্টার ফর টোব্যাকো কন্ট্রোল স্টাডিজের গবেষক অধ্যাপক জন ব্রিটন মন্তব্য করেছেন, ক্রীড়াবিদদের ধূমপানের ধারেকাছেও ঘেঁষা উচিত নয়, ‘বিশ্বের সেরা দৌড়বিদদের কেউ ধূমপান করার কথা তো কল্পনাও করতে পারেন না। কারণ, এটা মাংসপেশিতেও ক্ষয় ধরায়।’ রাজীব হাসান