শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বেকেনবাওয়ারটমাস মুলার পারেননি। লাম-ওজিল-শোয়েনস্টাইগারাও। কিন্তু পেরেছেন আলেক্সান্দ্রা পপ। জার্মানিকে এনে দিয়েছেন বিশ্বকাপ শিরোপা! কদিন আগে জার্মানিতে হয়ে গেল ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ। গোল্ডেন বুট জিতেছেন। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। সোনার বুট-বল দুটোই জেতা এই তরুণী কিন্তু স্ট্রাইকার-মিডফিল্ডার নন, তাঁর মূল পজিশন লেফট ব্যাক!রক্ষণের খেলোয়াড়। কিন্তু তাই বলে নিজেকে কখনোই ডিফেন্ডার তিনি ভাবেননি। ধ্যানজ্ঞান মানেননি নাকমুখ গুঁজে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে যাওয়াকেই। বরং সুযোগ পেলেই উঠে যান আক্রমণে। ক্লাব কোচের নজরে পড়েছিল পপের এই গোল-তৃষ্ণা। আর তাই তাঁকে দেওয়া হয়েছে লিওনেল মেসির মতো স্বাধীনভাবে খেলার লাইসেন্স। পার্থক্য, মেসি মাঝমাঠ থেকে আক্রমণভাগ পর্যন্ত দাপিয়ে বেড়ান। পপ আরেক কাঠি এগিয়ে। তাঁর অবাধ বিচরণ থাকে নিজ রক্ষণ থেকে প্রতিপক্ষের রক্ষণ পর্যন্ত বিস্তীর্ণ চরাঞ্চল।মেসির সঙ্গে তাঁর পার্থক্য আছে আরেক জায়গায়। পুরো বিশ্বকাপে মাথাকুটে মরেও একটা গোলের দেখা পাননি মেসি। আর পপ বিশ্বকাপে ছুটিয়েছেন গোলের ফল্গুধারা। ছয় ম্যাচে করেছেন ১০ গোল। গোল করেছেন আসলে ছয় ম্যাচের প্রতিটাতেই। এর মধ্যে গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে আছে হ্যাটট্রিকও। পপকে এখন থেকে কোথায় খেলানো হবে, এ নিয়ে নাকি ধন্দেই পড়ে গেছেন কোচ!৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার পপের মনে অবশ্য কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ১৯ বছর বয়সীর ফুটবল দর্শনটা একেবারেই সোজাসাপ্টা, ‘আমি কোথায় খেলছি, গোল করতে পারছি কি না, এটি মোটেও গুরুত্বপূর্ণ নয়। মূল ব্যাপারটি হলো খেলাটা উপভোগ করা।’বিশ্বকাপের পর পপকে নিয়ে খুব একটা শোরগোল হয়নি। একে তো মেয়েদের ফুটবল, এর ওপর টুর্নামেন্টটা বয়সভিত্তিক। তার পরও মার্তার মতো বড় তারকা হওয়ার বীজ তাঁর মধ্যে দেখছেন অনেকে। মার্তাকে বলা হয় স্কার্ট পরা পেলে। পপকে কী বলা হবে? পুরো মাঠে অবাধ বিচরণ তো করতেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। পপ কি তবে ‘স্কার্ট পরা বেকেনবাওয়ার’!সাফল্য-ব্যর্থতাফুটবলার হিসেবে ছিলেন দারুণ সফল একজন। তাঁর নেতৃত্বেই ১৯৯০ বিশ্বকাপ জিতেছে জার্মানি। জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন। সফল ছিলেন ক্লাব ক্যারিয়ারেও। আটটি লিগ শিরোপা জিতেছেন। দুবার জিতেছেন উয়েফা কাপ। ব্যক্তিগত অর্জনের খাতাও ভরাট। ইউরোপের বর্ষসেরা ফুটবলার ব্যালন ডি’অর জিতেছেন ১৯৯০ সালে। পরের বছর জিতেছেন ফিফা বর্ষসেরা পুরস্কারও। লোথার ম্যাথাউসের জীবনটাই যেন সাফল্যের রাংতা কাগজে মোড়ানো।অর্থহীন! ব্যক্তিজীবনটাই যদি ব্যর্থ হয়ে যায় আপনার, মাঠের বাইরেও জীবনটা যদি হয় টালমাটাল, কী লাভ ‘ঠুনকো’ সব সোনা-রুপার পদক শোকেসে রেখে, গলায় ঝুলিয়ে বাহারি মেডেল! ফুটবল মাঠে যতটা সফল ছিলেন, অন্তত বিয়ে বাবদে ম্যাথাউস ততটাই ব্যর্থ। এ নিয়ে চারবার বিয়ে করেছেন। চতুর্থ বিয়েটাও টিকছে না সম্ভবত।প্রথমবার এই সাবেক জার্মান তারকা বিয়ে করেছিলেন ১৯৮১ সালে। সিলভিয়ার সঙ্গে তাঁর সেই দাম্পত্যজীবনের আয়ু ছিল ১১ বছর! হ্যাঁ, একটা বিস্ময় চিহ্ন লাগছেই। কারণ ম্যাথাউসের আর কোনো বিয়েই এত দিন টেকেনি। ১৯৯৪ সালে বিয়ে করেছিলেন সুইস মডেল ললিতাকে। বিচ্ছেদ ১৯৯৯ সালে। তৃতীয় বিয়ে করেন ২০০৩ সালে। মারিজানার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় ২০০৭ সালেই। যদিও আনুষ্ঠানিক বিচ্ছেদ আরও দুই বছর পর। এরই মধ্যে ২০০৮ সালের ডিসেম্বরে ২১ বছর বয়সী ইউক্রেনীয় মডেল লিলিয়ানার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। প্রমোদ নগর লাস ভেগাসে মহা ধুমধাম উৎসবও হয়েছিল। কিন্তু লাভ হলো কি!নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ম্যাথাউস। না, এবার আর বিয়ে নয়, পুরো মন দিতে চান ফুটবলে। কোচ হিসেবে ক্যারিয়ারটা শক্তপোক্ত করতে চান।লোথার ম্যাথাউসকে শেষ বিচারে সফল বলবেন, নাকি ব্যর্থ—সেই বিচারের ভার আপনার হাতেই তোলা রইল।ভাগ্যবিড়ম্বিত পেট্টিগ্রিউভাগ্য-দেবতা তাঁর কাছ থেকে একে একে কেড়ে নিয়েছে সব কিছুই। সম্মান, সুখ-স্বাচ্ছন্দ্য, হাসি। এবার কেড়ে নেওয়া হলো আন্তোনিও পেট্টিগ্রিউয়ের জীবনটাও! অ্যাথলেটিকসের ইতিহাসে সবচেয়ে ভাগ্যবিড়ম্বিত খেলোয়াড়দের একজন এই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের নিথর দেহ গত মঙ্গলবার খুঁজে পেয়েছে পুলিশ।জীবনের উত্থান-পতনের প্রতিটা ঢেউ খুব ভালো করেই দেখেছেন। আন্তর্জাতিক অ্যাথলেটিকসে ডাকাবুকো তারকা ছিলেন না। হুট করে খ্যাতির আলোয় ১৯৯১ অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে। টোকিওর ওই ইভেন্টে সেবার ৪০০ মিটারে সোনা জিতেছিলেন এই মার্কিন দৌড়বিদ। ৪–৪০০ মিটার রিলেতেও জিতেছিলেন রুপা। সোনা জিতেছিলেন ১৯৯৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর ২০০০ অলিম্পিকেও। খ্যাতি আর সাফল্যে ভাসতে ভাসতে হঠাৎই পতন। বালকো কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে গিয়েছিল তাঁরও নাম। পেট্টিগ্রিউয়ের কোচ যে ছিলেন ট্রেভর গ্রাহাম। প্রচলিত ডোপ টেস্ট পদ্ধতির চোখে ধুলো দিয়ে উন্নত প্রযুক্তির পারফরম্যান্স-বর্ধক ড্রাগ ট্রেভর তুলে দিয়েছিলেন তাঁর প্রত্যেকটি অ্যাথলেটের হাতে। জাস্টিন গ্যাটলিন, মারিয়ন জোন্সরাও পা দিয়েছিলেন এই ফাঁদে।জোন্সের মতো পেট্টিগ্রিউও কিন্তু কোনো দিন ডোপ টেস্টে ধরা পড়েননি। কিন্তু প্রতিটা জেরা আর সাক্ষ্যে একের পর এক মিথ্যে কথা বলে যাওয়ার মানসিক চাপ সহ্য করতে না পেরে অবশেষে ২০০৮ সালের আগস্টে স্বীকার করে নেন, ১৯৯৭ সাল থেকে ২০০১ পর্যন্ত তিনিও হরমোন বাড়ানোর ড্রাগ নিয়েছিলেন। ফিরিয়ে নেওয়া হয় তাঁর সব পদক। কেবল ১৯৯১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা আর রিলের রুপাটি রেখে দেওয়া হয়।সেই ধাক্কা পেট্টিগ্রিউ সামলে উঠেছিলেন। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস কোচ হিসেবে শুরু করেছিলেন নতুন ক্যারিয়ার। কিন্তু ধিকিধিকি হয়তো পুড়ছিলেন অন্তর্জ্বালায়। শেষ পরিণতি তাই একগাদা ঘুমের ওষুধ খেয়ে চিরঘুমের দেশে পাড়ি দেওয়া।হায় জীবন! রাজীব হাসান