শে ষে র আগে
কুর্নিকোভা-ধাঁধাটেনিস কোর্টে তিনি কেন সফল হতে পারেননি—সেটি মস্ত বড় ধাঁধা হয়ে আছে আজও। তবে এখন বোধহয় এর চেয়েও বড় জটিল ধাঁধা আনা কুর্নিকোভা বিবাহিতা, নাকি অবিবাহিতা? ছিঁদেল পাপারাজ্জি থেকে শুরু করে দুঁদে গুজুবে সাংবাদিকেরা পর্যন্ত এ গহিন প্রশ্নের তল খুঁজে পান না। প্রশ্নটা কুর্নিকোভাকে করা হলে জবাবে এমন একটা হাসি দেন, যেটার উত্তর হ্যাঁও হতে পারে, নাও হতে পারে!স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে টেনিসের এই রুশনন্দিনী আর পপতারকা এনরিকে ইগলেসিয়াসের সম্পর্কটা ঘিরে প্রায়ই গুঞ্জন ছড়ায়। অন্তত এ নিয়ে গণ্ডাখানেক বার ‘পাকা খবর’ বেরিয়েছে, কুর্নিকোভা আর ইগলেসিয়াস বিয়ে করে ফেলেছেন। শেষ পর্যন্ত অবশ্য এই পাকা খবর আরও ঝুরঝুরে হয়ে ঝরে পড়েছে টুপ করে, সত্যতা মেলেনি।প্রেম করছেন সেই ২০০১ সাল থেকে। ইগলেসিয়াসের ‘এস্কেপ’ নামের একটা মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কুর্নিকোভা। তখনই শুটিং স্পটে পরিচয়, হূদয়ের লেনাদেনা। সেই শুরু, এরপর দুজনই দুজনের হূদয় থেকে আর ‘এস্কেপ’ করতে পারেননি।একই ছাদের নিচে বসবাস, আবার মুখে বিয়ের নামটি পর্যন্ত নেই। সাংবাদিকদেরই যেন আর তর সয় না। আর তাই দিস্তার পর দিস্তা কাগজের অপচয় হয় তাঁদের বিয়ের কল্পকাহিনি লিখতে লিখতে। ২০০৩ সালে একবার তো রটেই গেল, বিয়ে করে ফেলেছে এই জুটি। সেটি শেষ পর্যন্ত রটনা প্রমাণ হওয়ার দুই বছরের মাথায় একই ঘটনা। ২০০৭ সালে বোমা ফাটাল নিউইয়র্ক সান। ইগলেসিয়াসকে উদ্ধৃত করে ছাপা হলো একটা রূঢ়বাক্য, ‘আনাকে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার নেই।’ পরে পপতারকা জানিয়েছেন, তাঁর মন্তব্য অন্যভাবে ছাপা হয়েছে। সুখের নাও হয়তো টলে উঠেছিল, কিন্তু প্রবল ঝড়ও তো শান্ত হয় একসময়। সম্প্রতি আনা আবারও ম্যাক্সিম-এর প্রচ্ছদকন্যা হয়েছেন। দিয়েছেন নিজের জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নাতিদীর্ঘ সাক্ষাৎকারও। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, যেকোনো ফরমে ‘বৈবাহিক পরিচয়’ জায়গায় কী লেখেন তিনি? ‘অবিবাহিতা’—কুর্নিকোভার স্পষ্ট উচ্চারণ।ক্যামেরার শিল্পীতৃতীয় বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফিটা নিজের করে নেওয়া, ব্রাজিলের অনিন্দ্যসুন্দর ফুটবল, পেলের শেষ বিশ্বকাপ...এত কিছু ছাপিয়েও কখনো-কখনো ১৯৭০ বিশ্বকাপের সবচেয়ে বড় ছবি হয়ে ওঠে ফুটবলের দুই কিংবদন্তির হূদয়ের উষ্ণতা দিয়ে একে অন্যের বুকে টেনে নেওয়া। পেলে আর ববি মুরের জার্সি বদলের এই ছবি ফুটবল বিশ্বকাপের ইতিহাসেরই একটা ছবি হয়ে উঠেছে। আর সেই ছবি ক্যামেরাবন্দী হয়েছিল যাঁর এক ক্লিকে, সেই মানুষটিও কি ইতিহাসের অংশ নন?ছবিটার দিকে ভালো করে তাকিয়ে দেখুন। যদি খেলার ফল না জানা থাকে আপনার, বুঝতেই পারবেন না, কে জিতেছিল ৭ জুনের এই ম্যাচটিতে। পেলের দল, নাকি মুরের? সাফল্যপিয়াসী এই যুগে যখন তীব্র প্রতিদ্বন্দ্বিতার আঁচে মোমের মতো গলে-খসে পড়ে গেছে খেলাধুলার আসল উদ্দেশ্যটাই, তখন এই ছবি আমাদের মনে করিয়ে দেয়, সম্প্রীতি আর বন্ধুত্বটাই শেষ পর্যন্ত সত্যি, কে হারল কে জিতল এ স্রেফ গৌণ।এই ছবির স্রষ্টা, ব্রিটিশ আলোকচিত্রশিল্পী জন ভার্লি মারা গেছেন সম্প্রতি। কিন্তু তুমুল পেশাদারির খোলসে আটকে পড়া ফুটবলকে বন্ধুবারতার সংকেত হিসেবে রেখে গেছেন এই ছবি।বলা হতো, ভার্লির ষষ্ঠ ইন্দ্রিয় নাকি আগে থেকেই জানান দিত, এক্ষুনি চমৎকার একটা ছবির জন্ম হতে চলেছে। বাকি সব ফটোগ্রাফার যখন ব্যাগ-ট্যাগ গুছিয়ে তৈরি হতেন মাঠ থেকে ফিরে যাওয়ার জন্য, তখনো তাঁর সন্ধানী লেন্স খুঁজে ফিরত দুর্দান্ত একটা মুহূর্ত।ছবি তোলার প্রতি তাঁর ভালোবাসা জন্মেছিল শৈশবেই। এক পড়শি একদিন তাঁরই একটা ছবি তুলে দিয়েছিলেন। পরদিন এনে দিয়েছিলেন প্রিন্ট। কাগজে নিজের স্পষ্ট অবয়ব দেখে মুগ্ধ বিস্মিত ভার্লি ঠিক করে ফেলেন, তাঁর ভবিষ্যতের কাজ হবে এটাই। মাত্র ১৫ বছর বয়সে সংবাদপত্রে কাজ শুরু। এরপর ৭৯ বছর বয়সে মারা যাওয়ার আগ পর্যন্ত জড়িয়ে ছিলেন ভালোবাসার কাজটির সঙ্গে। ১৯৬৬ বিশ্বকাপে রঙিন ফিল্ম মোটেও সহজলভ্য ছিল না। সেই সময়েও যে দুজন রঙিন ফিল্মে তুলেছেন ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ের মুহূর্ত, ভার্লি তাঁদের একজন। শুধু খেলাধুলা নয়, ভার্লির ক্যামেরায় তোলা ছবি মানুষকে সচেতন করেছেন বন্যাপীড়িতদের অসহায়ত্ব সম্পর্কে। যুদ্ধের রক্তস্নাত ছবিও তিনি দেখিয়ে কড়া নেড়েছেন বধির হয়ে পড়া মানুষের বিবেকের দরজায়।ভার্লি মারা গেছেন এই তথ্যও পুরো সত্যি নয়। ক্যামেরার এই মহান শিল্পী বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিকর্মে, চিরকাল। রাজীব হাসান