শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চতা ‘পেরিয়ে’৫ ফুট ৭ ইঞ্চি। উচ্চতাটা মন্দ নয়। কিন্তু গড়পড়তা বাঙালির হিসাব এখানে হচ্ছে না। যেখানে লিওনেল মেসি ফুটবল খেলেন, সেই ইউরোপে এই উচ্চতায় তাঁকে ছোট্টটিই দেখায়। বয়স তো বটেই, তাঁর এই উচ্চতাও ‘খুদে জাদুকর’ ডাকনামটার অন্যতম কারণ। তবে বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড জানালেন, উচ্চতার কারণে কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি তাঁকে। এমনকি কেউ এটা নিয়ে তাঁকে খেপায়ও না। যেসব তরুণ ফুটবলার কম উচ্চতা নিয়ে হীনম্মন্যতায় ভোগেন, তাঁদের জন্য মেসির দাওয়াই, ‘আমি ওদের বলব, বার্সেলোনা আর স্পেন দলটার দিকে তাকাতে। ওদের বেশির ভাগ খেলোয়াড়ই তো আকৃতিতে ছোট।’বিশ্বকাপজয়ী স্পেন, ইউরোপের এ সময়ের সেরা দল বার্সেলোনাই শুধু নয়; সাইজ ডাজ’ন্ট ম্যাটার-এর সব বড় প্রেরণাই তো সর্বকালের দুই সেরা ফুটবলার। পেলে ১৩৬৩ ম্যাচে ১২৮১ গোল করেছেন ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতা নিয়ে। গড়পড়তা ব্রাজিলিয়ানদের তুলনায় কালো মানিকের উচ্চতা তো অনেক বেশিই ছিল। ম্যারাডোনার কথা ধরুন। ফুটবল মাঠে শিল্পীর আঁকিবুকি তিনি এঁকেছেন ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা নিয়েই।খুঁজলে এমন আরও অনেক উদাহরণই পাওয়া যাবে। রেনে হিগুইতা যেমন। কলম্বিয়ার এই সাবেক গোলরক্ষক আত্মবিশ্বাসে এতটাই বলীয়ান ছিলেন, অনেক সময় বল ক্লিয়ার করতেন অ্যাক্রোবেটিক স্টাইলে। শরীরটাকে বিচ্ছুর আকার দিয়ে নেওয়া তাঁর সেই বিখ্যাত ‘স্করপিয়ন শট’ তো আজও আলোচিত। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার হিগুইতা কিন্তু নির্বিঘ্নে গোলপোস্ট সামলে গেছেন।তাঁর সমান উচ্চতার ফ্যাবিও ক্যানাভারো, রবার্তো আয়ালাদের মতো ডিফেন্ডাররাও নিজেদের সেরা সময়ে ছিলেন জগদ্বিখ্যাত। ফ্রান্সের হোল্ডিং মিডফিল্ডার ক্লদে ম্যাকেলেলে এতটাই দুর্দান্ত ছিলেন, পজিশনটাকে অনেকেই বলত ‘ম্যাকেলেলে রোল’। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।ঝুট-ঝামেলার গেমসভারতের স্বপ্ন ছিল কমনওয়েলথ গেমস দিয়ে চীনের কাছে বার্তা পাঠানো, ‘আমরাও পারি’। আগামী এক দশকে বিশ্ব অর্থনীতিতে ভারত আর চীনের কঠিন লড়াইয়ের পূর্বাভাস দেন অনেক বিশ্লেষক। চীন এরই মধ্যে ২০০৮ অলিম্পিক দিয়ে আসলেই চোখ ধাঁধিয়ে দিয়েছে বিশ্ববাসীর। কমনওয়েলথ গেমস আয়তনে ছোট হলেও ভারত চেয়েছিল এই আসর দিয়েই বিশ্বকে একটা মৃদু চমক উপহার দিতে। উল্টো ভারত নিজেই এখন হকচকিত। ভালোয় ভালোয় শেষ হলে স্বস্তির একটা নিঃশ্বাস নিশ্চয়ই ফেলবে শতকোটি মানুষের দেশটি।এ অবস্থায় ভারত অনুপ্রেরণার জন্য তাকাতে পারে চীনের দিকেই। ২০০৮ অলিম্পিক শুরুর আগে কত রকমের নেতিবাচক খবরই না এল! আরও টাটকা উদাহরণ হতে পারে গত ফুটবল বিশ্বকাপ। ঠিক সময়ে স্টেডিয়ামের কাজ শেষ হবে কি না, পরিবহন আর আবাসনসুবিধা কতটুকু যথোপযুক্ত হবে, এ নিয়ে কত প্রশ্ন।ভারত চাইলে প্রেরণা খুঁজে নিতে পারে আরও পেছন থেকে। ২০০৪ এথেন্স অলিম্পিকে বেশ কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার ছাপ ছিল স্পষ্ট। বাজেট ফেল করেছিল সেবার। মূল স্টেডিয়ামের ছাদ তৈরি নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। মাস তিনেক আগে ছাদ নির্মাণ করা হলেও সুইমিংপুলের ভেন্যুর ছাদের পরিকল্পনা বাতিল করা হয়। প্রচণ্ড গরমের মধ্যেই সাঁতরাতে হয়েছে সেবার।কমনওয়েলথ গেমস নিয়ে এর আগেও কম শোরগোল হয়নি। ১৯৮৬ এডিনবরা গেমস তো ৩২টি দেশ বয়কটই করে বসল। ৫৯ দেশের অর্ধেকের বেশিই না থাকলে উৎসব কি আর জমে? তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সুসম্পর্কের কারণে আফ্রিকান দেশগুলোতে রাজনৈতিক টানাপোড়েন দেখা দেয়। এ কারণেই আফ্রিকার দেশগুলো এই আসর বয়কট করে। এর সঙ্গে এশিয়া আর ক্যারিবিয়ান অনেক দেশও যোগ দেয়। পরে অবশ্য জানা গেছে, এই ঢালাও বয়কটের পেছনে অর্থনৈতিক কারণও ছিল।  রাজীব হাসান