শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ডিকি বার্ডভারতের শচীন টেন্ডুলকার নন। এমনকি নন তার নিজ দেশের কেভিন পিটারসেনও। ১৫ বছর বয়সী ইথান পিল কিনা তার আদর্শ হিসেবে বেছে নিল ডিকি বার্ডকে! ঠিকই ধরেছেন, ভবিষ্যতে কোনো ক্রিকেটার নয়, পিল হতে চায় একজন আম্পায়ার। সম্প্রতি ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে টিডিংটন বনাম নোম্যাডস নামের দুটো দলের মধ্যে ম্যাচে পিল দায়িত্ব পালনও করেছে। বলা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে সে-ই সর্বকনিষ্ঠ ক্রিকেট আম্পায়ার।এখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের দায়িত্ব পায়নি। পেলেই রেকর্ড বইয়ে উঠে যাবে ওর নাম। বয়সের হিসাবে অভিজ্ঞতার পাল্লা হয়তো একদমই হালকা। কিন্তু কাজটার জন্য সে যে যোগ্য, এরই মধ্যে সেটি প্রমাণ করে দিয়েছে পিল। অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনাই করেছে আম্পায়ারিং নিয়ে। আম্পায়ারিংয়ের উচ্চমাধ্যমিক পর্যায়ের সনদ পেয়েছে পিল। তার কোর্সের সর্বশেষ পরীক্ষাই ছিল গত শনিবারের প্রীতি ম্যাচটি। ওই ম্যাচে পিলের আম্পায়ারিং নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ক্রিকেটাররা।পিল থেমে থাকতে চায় না এখানেই। ‘কে বলতে পারে আমিই ভবিষ্যতের ডিকি বার্ড কি না’—সাংবাদিকদের নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছে এই কিশোর।আম্পায়ার হওয়ার বুদ্ধিটা পিল পেয়েছে বাবার কাছ থেকে। এক বছর আগে বাবাই ভর্তি করে দিয়েছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ক্রিকেট আম্পায়ারিং ও স্কোরিং (আইআইসিইউএস) এর অঙ্গপ্রতিষ্ঠান অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ে। ‘আমি সেই ছোট্টটি থেকেই ক্রিকেটের ভক্ত। বাবা-মায়ের সমর্থন পেয়েই আমি এতদূর পর্যন্ত এসেছি। অবশ্য ভাবতেই পারিনি আম্পায়ারিংয়ের কোর্সটা এত তাড়াতাড়ি করে ফেলতে পারব’—বলেছে পিল। তার স্বপ্ন, একদিন লর্ডসের কোনো টেস্টে আম্পায়ার হিসেবে দাঁড়ানোর।গাজ্জার দ্বিতীয় জীবননিজের সবচেয়ে পরিচিত জগৎটাতেই ফিরছেন ‘গাজ্জা’। পশ্চিম ইয়র্কশায়ারের ক্লাব গারফোর্থ টাউনের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন পল গ্যাসকোয়েন। হোক না ইংলিশ ফুটবলের অষ্টম বিভাগের দল, গাজ্জার আবারও ফুটবলে ফেরাটা অবশ্যই সুখবর।সুখবর—এই জিনিসটাই গ্যাসকোয়েনের জীবন থেকে নিরুদ্দেশ হতে বসেছিল। ইংল্যান্ডের ফুটবলের একসময়ের এই তারকা যে নেশার কাছেই সঁপে দিয়েছিলেন জীবনটা। খেলা ছাড়ার পর যতবার খবরে এসেছেন, সিংহ ভাগই গাজ্জার নেশা-সংক্রান্ত। হয়তো কখনো শোনা যায় পুলিশ গ্রেপ্তার করেছে, কিংবা কখনো আসে আরও বড় দুঃসংবাদ—গাজ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে।এর আগে কেটেরিং টাউন নামের একটি ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু কোচ হিসেবে সেই চাকরিটার স্থায়িত্ব হয়েছিল মাত্র ৩৯ দিন। পদত্যাগের কারণটাও অদ্ভুত। ‘আই অ্যাম সেলিব্রেটি...গেট মি আউট অব হেয়ার’ নামের এই টিভি রিয়ালিটি অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিলেন। কোনো ক্লাব তাদের কোচকে লম্বা সময়ের জন্য ছুটি দেয়! কেটেরিং দেয়নি। সম্পর্কটাও ‘কাট’ হয়ে গেছে।এই ৪৩ বছর বয়সী এবার কী কাণ্ড করেন, কে জানে। কেউ কেউ বলছেন, এ স্রেফ ক্লাবটির প্রচারের আলোয় আসার কৌশল। এর আগেও একবার ব্রাজিল কিংবদন্তি সক্রেটিসকে কোচ কাম খেলোয়াড় হিসেবে নিয়োগ দিয়েছিল গারফোর্থ। তবে ক্লাব সভাপতি সাইমন ক্লিফোর্ড বলেছেন, ‘এটা মোটেও লোক দেখানো নয়। আমরা সত্যিই চাই, পল যেন আমাদের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারেন।’গ্যাসকোয়েন নিজেও বলছেন, এটাকেই নিজের জীবনের দ্বিতীয় অধ্যায় হিসেবে তিনি দেখছেন, ‘আমি এখন ঠিকই আছি। এটা আমার জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। সম্ভবত শেষ সুযোগ। আর আমি এর জন্য প্রস্তুত।’আদ্রিয়ানোর সেই সময়প্রতিপক্ষের ডি বক্সের সামনে ওত পেতে থাকা ক্ষুধার্ত বাঘ মনে হতো তাঁকে। নিখুঁত ফিনিশিং আর গোলের গন্ধ শুঁকতে পারা নাকের কারণে তাঁকে বলা হচ্ছিল ‘নতুন রোনালদো’। শেষ পর্যন্ত হেঁয়ালি আর খামখেয়ালিতে প্রতিভার অপচয় করেছেন আদ্রিয়ানো। এখন তো জানা গেল আরও ভয়ংকর তথ্য। একটু হলে আত্মহত্যাই করে বসেছিলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার!বাবার মৃত্যু জীবন সম্পর্কেই নাকি উদাসীন করে তুলেছিল তাঁকে। মাত্রাতিরিক্ত মদ্যপান শুরু করেছিলেন। ইন্টার মিলানের অনুশীলনে প্রায়ই গরহাজির থাকতেন। শৃঙ্খলাভঙ্গের কারণে একাধিকবার ইতালিয়ান ক্লাবটি শাস্তি দিয়েছে তাঁকে। ওই সময় ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল প্রেমিকার সঙ্গেও।আকণ্ঠ হতাশায় ডুবে থাকা আদ্রিয়ানো এই দুঃসহ জীবন থেকে মুক্তি পেতে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর মা রোজিলদা, ‘আপনি নিজে মুখোমুখি না হওয়া পর্যন্ত সেই কঠিন সময়টার কষ্ট অনুধাবন করতে পারবেন না। আমিও বুঝতে পারছিলাম না, কী করে ওকে সাহায্য করি। একদিন ইতালি থেকে আমাকে ফোন করে বলল, ফুটবলের ওপর থেকে ওর মন উঠে গেছে। ও অবসর নিতে চায়। এমনকি ও আত্মহত্যাও করতে চেয়েছিল।’মা-ই তাঁকে অনুপ্রেরণা দিয়ে আবারও নতুন করে লড়াইয়ের জন্য উজ্জীবিত করেন। রোজিলদার বিশ্বাস, তাঁর ছেলে রোমায় জীবনের নতুন অধ্যায়ই শুরু করবে, ‘আমার দৃঢ় বিশ্বাস ও জয়ী হবেই। ও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে।’মায়ের বিশ্বাস যখন, আদ্রিয়ানো নিশ্চয়ই এবার দারুণ কিছু করে দেখাবেন! রাজীব হাসান