শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁড় ভক্তক্যারোলিন ওজনিয়াকি খবরটা কি শুনেছেন? শুনেছেন নিশ্চয়ই। কোনটা? লিভারপুলের মালিকানা-বদলের খবর।সদ্যই মেয়েদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠা এই টেনিস তারকার সঙ্গে লিভারপুলের সম্পর্ক কী? আত্মার! ইংলিশ ক্লাবটির পাঁড় সমর্থক এই ডেনিশ। জাপানে প্যান-প্যাসিফিক ওপেন জিতে গত সপ্তাহে চীনে এসেছেন খেলতে। যেদিন বেইজিংয়ে পা রাখেন, পরনে ছিল লিভারপুলেরই ট্র্যাকসুট। ‘আমি লিভারপুলের কত বড় ভক্ত বলে বোঝাতে পারব না। রোববার কোর্টে নামার আগে ব্ল্যাকপুলের সঙ্গে ওদের ম্যাচটা অবশ্যই দেখব’—লিভারপুলের ট্র্যাকস্যুট পরার কারণ খোলাসা করে কৌতূহল মিটিয়েছেন সাংবাদিকদের।যে ম্যাচ থেকে প্রেরণা খুঁজে নেওয়ার কথা ছিল তাঁর, সেই ব্ল্যাকপুলের সঙ্গে উল্টো লিভারপুলে হেরে বসেছে। লিগে প্রথম সাত ম্যাচে মাত্র একটা জয় নিয়ে পয়েন্ট টেবিলে ১৮ নম্বরে অবস্থান। ‘অলরেড’রা পড়ে গেছে রেলিগেশনের ‘রেড অ্যালার্টে’। এভাবে চলতে থাকলে, ঈশ্বর না করুন, লিভারপুল না শেষ পর্যন্ত রেলিগেশনের খাঁড়ায় পড়ে যায়!ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবটি আসলে কাটাচ্ছে সাম্প্রতিককালে তাদের সবচেয়ে ব্যর্থ সময়। চুনোপুঁটি সব পুঁচকে ‘ছোঁড়ারা’ও ইদানীং চোখ তুলে তাকাচ্ছে রেকর্ড ১৮ বার লিগ শিরোপা জেতা দলটির দিকে। তা হোক। তাই বলে কি আর ক্লাবটিকে সমর্থন দেওয়া যাবে না! এমন দুঃসময়ে ক্লাবের পাশে দাঁড়ানোই তো সত্যিকারের সমর্থকের পরিচয়।ওজনিয়াকিও বলছেন, ‘হ্যাঁ, এখন ওদের সময়টা ভালো যাচ্ছে না। তবে আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে।’ আরও অনেক সমর্থকের মতো ওজনিয়াকিও হয়তো মনে করেন, মালিকানা-বদলের মধ্য দিয়েই শুরু হবে এই ঘুরে দাঁড়ানোর পালা। সম্ভাব্য নতুন মালিক জন হেনরি ক্লাবে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখা যাক, লিভারপুল গা-ঝাড়া দিয়ে উঠতে পারে কি না।চাইলে অবশ্য ওজনিয়াকির কাছ থেকেও অনুপ্রেরণা খুঁজে নিতে পারে লিভারপুল। এই মৌসুমে পাঁচটি শিরোপা জেতা ওজনিয়াকির বৃহস্পতি যে তুঙ্গে।স্বপ্নের কাতারে...আপাত অসম্ভব একটা স্বপ্নের পিছু ধাওয়া করছে কাতার। সেই স্বপ্নের সঙ্গে বাস্তবতার দূরত্ব আসলেই বিশাল। কিন্তু আকাশে ওড়ার স্বপ্নটা মানুষ দেখেছিল বলেই তো একদিন ঠিকই নিজের না হোক, অন্তত যন্ত্রের ডানায় ভাসতে পেরেছিল আকাশে। কাতারের বিশ্বাস, বিশ্বকাপ একদিন ঠিকই আসবে মধ্যপ্রাচ্যে। বলা হচ্ছে, আরব দেশটির মূল শত্রু তাপমাত্রা। জুন-জুলাই, বিশ্বকাপের সময়টায় কাতার হয়ে ওঠে উত্তপ্ত কড়াই। ৪০ ডিগ্রি সেলসিয়াসে থাকে পারদ। ফুটবলের পরাশক্তি ইউরোপের মানুষদের জন্য এই তাপমাত্রা রীতিমতো সেদ্ধ করে ফেলার মতো।তবে আরব শেখদের টাকার কমতি নেই। এরই মধ্যে কাতার ঘোষণা দিয়েছে, বিশ্বকাপের সব অবকাঠামো হবে শীতাতপনিয়ন্ত্রিত। বিশেষ করে মূল ভেন্যু লুজাইল স্টেডিয়ামটি হবে বিশ্বকে একেবারে হকচকিয়ে দেওয়ার মতো।নকশা দেখেই আপাতত সবার চক্ষু চড়কগাছ। গত বুধবার লুজাইল স্টেডিয়ামের বিশদ পরিকল্পনা উন্মোচন করেছে কাতার। বলা হচ্ছে, এটাই হবে পৃথিবীর একমাত্র ‘দ্বীপ স্টেডিয়াম’। ঠিক তা-ই। চারপাশে পানি, মাঝখানে পদ্মের মতো ভেসে থাকবে লুজাইল। ৮৬ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হতে সময় লাগবে চার বছর। অবশ্য এটিসহ মোট ১২টি স্টেডিয়াম আর ৪০০ কোটি ডলারের যে বিনিয়োগের কথা কাতার জানিয়েছে, তার বাস্তবায়ন নির্ভর করবে বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাওয়া সাপেক্ষে।কাতার আশাবাদী, আগামী ডিসেম্বরে যখন ২০১৮ আর ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে, তাতে থাকবে তাদেরও নাম।ফনুয়ার স্বপ্ন-ফানুসমাত্র ৭৪৮ বর্গকিলোমিটার আয়তনের একটা দেশ থেকে এসেছেন। কিন্তু স্বপ্নটার আয়তন পৃথিবী-সমান! আমিনি ফনুয়া চান, পরেরবার কমনওয়েলথ গেমসে এলে যেন অন্তত এই প্রশ্নটার উত্তর দিতে না হয়, ‘টোঙ্গা দেশটি কোথায় রে ভাই!’ফনুয়ার স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে। অনেককেই চমকে দিয়ে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের ফাইনালে উঠে এসেছিলেন এই ২০ বছর বয়সী সাঁতারু। লড়েছেন ফন ডার বরো, ক্রিস্টিয়ান স্প্রেঙ্গার, ব্রেন্টন রাইকার্ডদের মতো তারকা সাঁতারুদের বিপক্ষে। শেষ পর্যন্ত ফাইনালে সপ্তম হয়েছেন, কিন্তু মাত্র ২০ জনের অ্যাথলেট দল নিয়ে এবারের গেমসে অংশ নিতে আসা টোঙ্গার এই একমাত্র সাঁতারুও পেয়েছেন তুমুল করতালি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সেমিফাইনাল পর্যন্তও যে উঠে এসেছিলেন তিনি।এই পর্যন্ত আসার আগে আক্ষরিক অর্থেই কত বাধা ডিঙিয়ে আসতে হয়েছে তাঁকে! কানেকটিং ফ্লাইট ধরতে না পারায় রাত কাটিয়েছেন যুক্তরাষ্ট্র বিমানবন্দরে। শেষ পর্যন্ত দিল্লিতে পৌঁছালেও তাঁর লাগেজ আসেনি। না কামানো খোঁচা খোঁচা দাড়ি নিয়েই ঝাঁপিয়ে পড়েছেন পুলে। অন্যের কাছ থেকে ধার করে নিতে হয়েছে সাঁতার পোশাকও! তাও হাসিমুখে সাঁতরে গেছেন। বড় কিছুর স্বপ্ন যে ছিল হূদয়ে আঁকা।ক্ষুদ্রায়তনের দেশ টোঙ্গা থেকেই ১৯৯৬ অলিম্পিক বক্সিংয়ে রুপা জিতেছিলেন পাইয়া উলফগ্রাম। ফনুয়াও চান এমন কোনো কীর্তি গড়তে। যেন তাঁর সাফল্যে উৎসাহিত হয়ে দেশের তরুণেরা চলে আসে খেলাধুলায়। দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে এর চেয়ে ভালো উপায় যে আর নেই।সুযোগ-সুবিধা নিয়ে বাংলাদেশি সাঁতারুদের হাজারটা অভিযোগের কথা প্রায়ই পড়েন আপনি। জেনে বিস্মিত হবেন, ফনুয়াদের দেশে কোনো সুইমিং পুলই নেই। সাগরই ভরসা। সেই সাগরে সাঁতরে বিশ্বমঞ্চের মহাসাগর পাড়ি দেওয়ার প্রতিজ্ঞা যে তাদের হূদয়ে। ‘দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু আর কী হতে পারে’—বলে না দিলেও চলছে, মন্তব্যটি ফনুয়ার! রাজীব হাসান