শে ষে র আগে
হারিয়ে যাবে আজাদ ময়দান?আজাদ ময়দান। ১৯৮৮ সালে মুম্বাইয়ের এই মাঠ থেকেই বিশ্বকে আগমনী বার্তা পাঠিয়েছিলেন ভবিষ্যতের এক কিংবদন্তি। শচীন টেন্ডুলকার এরপর ঠিকই ঠাঁই নিয়েছেন সর্বকালের অন্যতম সেরার তালিকায়। সেই আজাদ ময়দান আর নাও থাকতে পারে—খবরটা কি টেন্ডুলকার শুনেছেন? শুনে থাকলে নিশ্চয়ই মন খারাপ হয়েছে তাঁর।শুধু টেন্ডুলকার কেন, মন খারাপ হওয়ার কথা সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার, রবি শাস্ত্রীদেরও। মুম্বাইয়ের তিনটি জনপ্রিয় ময়দান—ওভাল, ক্রস আর আজাদে খেলে বড় হয়েছেন এঁরা প্রত্যেকে। আজও প্রতিদিন শত শত খুদে ক্রিকেটার সারাটা বিকেল মাতিয়ে রাখে এই তিন মাঠ, যাদের মধ্যে হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের গাভাস্কার-টেন্ডুলকার। কিন্তু শোনা যাচ্ছে, তিনটি মাঠ মিলিয়ে একটি ন্যাশনাল পার্ক বানানোর পরিকল্পনা করা হচ্ছে। যে পরিকল্পনা বাস্তবায়ন করা হলে খেলাধুলার পরিসর কমে যাবে। এ কারণেই চিন্তিত মুম্বাইয়ের ক্রিকেট সংগঠকেরা।সাবেক ক্রিকেটার লালচাঁদ রাজপুত যেমন বলছেন, ‘এই মাঠগুলো খুদে ক্রিকেটারদের বিকশিত হওয়ার ক্ষেত্র। সুনীল গাভাস্কার, টেন্ডুলকার, রবি শাস্ত্রী, ভেংসরকারদের মতো টেস্ট তারকারা এসব ময়দানে খেলেই বড় হয়েছেন। সেই মাঠগুলো কেড়ে নেওয়া শুভ উদ্যোগ হতে পারে না কোনোমতেই। মুম্বাইয়ে এমনিতেই মাঠের অভাব। তাহলে খেলোয়াড়েরা খেলবে কোথায়?’রাজপুতের এই প্রশ্নটা অনেকেরই। নগরায়ণ, বাড়তি জনসংখ্যার চাপ সামলাতে বড় শহরগুলোর খেলার মাঠের আকার ক্রমেই সংকুচিত হচ্ছে। অবশ্য তিনটি ময়দানকে এক করে ফেলার পরিকল্পনার অন্যতম উদ্যোক্তা, বেসরকারি সংস্থা বোম্বে ফার্স্ট-এর প্রধান নরিন্দর নায়ার আশ্বস্ত করেছেন, ক্রিকেটারদের জন্য খেলার ব্যবস্থা রেখেই করা হবে সব নকশা।গারশনের রেকর্ডইরান-ইসরায়েল। ‘ই’ দিয়ে নামের শুরু হলেও দুই দেশের ঈর্ষার কিন্তু ইতি নেই। সম্প্রতি আরও অবনতি হয়েছে সেই সম্পর্কের। এরই মধ্যে ইরানের একটা কীর্তি কেড়ে নিয়েছে ইসরায়েল! একসঙ্গে একাধিক প্রতিপক্ষের সঙ্গে দাবা খেলার বিশ্বরেকর্ড শুক্রবার ভেঙে দিয়েছেন ইসরায়েলের গ্র্যান্ড মাস্টার অলিক গারশন, যে রেকর্ডটি ছিল ইরানের মোর্তেজা মাহজুবের দখলে।৩০ বছর বয়সী গারশন একই সঙ্গে ৫২৩ জন অপেশাদার দাবাড়ুর সঙ্গে টানা ১৯ ঘণ্টা খেলেছেন। এর মধ্যে জিতেছেন ৪৫৪টি, হেরেছেন ১১টি, ড্র হয়েছে বাকি ৫৮টি ম্যাচ। বিশ্ব রেকর্ড গড়তে হলে তাঁকে জিততে হতো কমপক্ষে ৮০ শতাংশ ম্যাচ। গারশন জিতেছেন ৮৬ শতাংশ। গিনেস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিশ্ব রেকর্ডটা এখন এই ইসরায়েলির দখলেই থাকবে। এই আনন্দের খবর ইসরায়েল আবার প্রচার করেছে তাদের সামরিক বেতারকেন্দ্র থেকে!গত বছরের আগস্টে ৫০০ জনের সঙ্গে ১৮ ঘণ্টা ধরে খেলেছিলেন মাহজুব। প্রতিটি চালের জন্য সময় নিয়েছিলেন ৫ সেকেন্ডেরও কম। সে তুলনায় গারশনের কাজটা যে কঠিন হয়েছে, সেটা বলা বাহুল্য। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় দিয়েছেন শেষ চাল। চাল ঠিক করার জন্য মাথা খাটানোর হিসাব বাদ দিন, কেবল ৪০ কিলোমিটার হাঁটতেই হয়েছে তাঁকে।বিশ্ব রেকর্ড গড়ার আনন্দে অনেক কথাই বলেছেন গারশন। তবে সবচেয়ে দামি কথা সম্ভবত এটাই—ইরানের সঙ্গে বিদ্বেষ নয়, তিনি চান দোস্তি, ‘আশা করি, ইরানের বিরুদ্ধে আমাদের যাবতীয় লড়াই হবে কেবল দাবার বোর্ডে। আর সেই লড়াইয়ের জন্য আমি প্রস্তুত।’ম্যারাথনের ম্যারাথনইয়ুর্গেন মেনেলকে পরিচয় করিয়ে দিতে শুধু ম্যারাথন দৌড়বিদ লিখলে চলে না, সামনে ‘আলট্রা’ বিশেষণটাও জুড়ে দিতে হয়। টানা ৩০ দিন রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে লোক ২২০০ কিলোমিটার দৌড়াতে পারেন, তিনি তো ম্যারাথন দৌড়বিদের চেয়েও বেশি কিছু।৫০ বছর বয়সী এই জার্মান একটা মহৎ উদ্দেশ্য নিয়েই এক মাস দৌড়েছেন। ‘ব্যাটল অব ম্যারাথন’-এর ২৫০০ বছর পূর্তি হলো। আজকের ম্যারাথনের জন্ম যে ঘটনায়, সেটাকেই শ্রদ্ধা জানাতে মেনেলের ‘ম্যারাথন অব ম্যারাথন’।এক মাস আগে নিজের শহর জার্মানির হেইলব্রন থেকে দৌড় শুরু করেন মেনেল। ভেবেছিলেন ২৭ দিনে পৌঁছে যাবেন এথেন্সে। সময় লেগেছে তিন দিন বেশি। গত বৃহস্পতিবার প্যানাথেনাইক স্টেডিয়ামে পৌঁছানোর পর ফুলেল অভ্যর্থনাই দেওয়া হয়েছে তাঁকে। এই আতিথ্য আবেগে ভাসিয়ে দিয়েছে মেনেলকেও, ‘এই ঐতিহাসিক স্টেডিয়ামে পৌঁছাতে পেরে অন্য রকম ভালো লাগায় আমি আচ্ছন্ন। আমাকে যে অভ্যর্থনা দেওয়া হলো, তাতে রীতিমতো সম্মানিত বোধ করছি। অবশ্য আমি পৌঁছাতে পেরেই সবচেয়ে আনন্দিত।’জার্মান ভদ্রলোক এর আগেও লম্বা বেশ কিছু ম্যারাথনের রেকর্ড গড়েছেন। কিন্তু টানা এক মাস এত দীর্ঘ পথ পাড়ি দেননি কখনোই। এবার কাজটা যে সহজ ছিল না, জানাতে ভোলেননি, ‘এমনও অনেক দিন এসেছে, যখন মনে হয়েছে, দূর, খামোখা কেন দৌড়াচ্ছি। আমি কি যন্ত্র নাকি! ভেবেছিলাম বাদ দিই। কিন্তু শেষ পর্যন্ত আমি দৌড়ে গেছি। মানসিকভাবে আমি এর জন্য তৈরি ছিলাম।’মেনেলের মতো ম্যারাথনপ্রেমী সাড়ে ১২ হাজার মানুষও তৈরি হচ্ছেন ৩১ অক্টোবর দিনটার জন্য। ওই দিনই আসল অনুষ্ঠান। ৪৯০ খ্রিষ্টপূর্বে পারস্যের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল এথেন্স। পার্শ্ববর্তী নগরের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়েছিল। সেই বার্তা বয়ে নিয়ে গিয়েছিলেন এথেন্সের দৌড়বিদ ফেইদিপিদেস। এই ঘটনার স্মরণেই প্রতিবছর আয়োজন করা হয় এথেন্স ক্ল্যাসিক ম্যারাথনের। রাজীব হাসান