শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই জহুরি২০০০ সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনার রোজারিও থেকে একটা রত্ন খুঁজে এনেছিলেন তিনি। এক টুকরো কাঁচা হীরা। আর সেই রত্ন খুঁজে বের করার জন্য বিশ্বের প্রতিটি ফুটবলপ্রেমীর উচিত জোসেপ কোলোমারকে কৃতজ্ঞতা মেশানো ধন্যবাদ জানানো। তাঁর সেই আবিষ্কারটির নাম যে লিওনেল মেসি!খর্বাকৃতির, হরমোনের ঘাটতিজনিত জটিল রোগে আক্রান্ত সেই শিশুটির মধ্যেই আগামী এক ফুটবল-বিস্ময় খুঁজে পাওয়ার চোখ আছে যাঁর, পাকা জহুরি তাঁকে বলতেই হবে। এই ১০ বছরে মেসি প্রমাণ করে দিয়েছেন, কোলোমার কত মহামূল্য এক রত্নই না খুঁজে বের করেছিলেন!স্বভাবে ঠিক যেন মেসির মতোই। অস্বাভাবিক রকমের বিনয়ী। মেসি-সংক্রান্ত কোনো কৃতিত্ব নিতে একদমই রাজি নন কোলোমার, ‘লিও মেসি আসলে বার্সেলোনার আবিষ্কার।’ মেসিকে প্রথম দেখার কথা আজও মনে আছে তাঁর, ‘আকারে ও ছিল খুবই ছোট। কিন্তু তখনই ফুটবলার হিসেবে ও ছিল দুর্দান্ত। এখনো ও বেড়ে ওঠার প্রক্রিয়াতেই আছে। আর এই প্রক্রিয়ায় ওকে সাহায্য করছে অনেকেই। লা মেসিয়াতে (বার্সার যুব প্রকল্পের খামারবাড়ি) প্রতিবছর অনেকেই আসে। লিও ছিল ব্যতিক্রম। ফুটবলকে ও সবচেয়ে বেশি ভালোবাসত।’বার্সার একসময়ের এই স্কাউট অবশ্য এখন আর কাতালান ক্লাবটির সঙ্গে নেই। পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার ‘মেসি’ খুঁজে নেওয়ার মিশনে কাজ করছেন কাতারের একটি উচ্চাভিলাষী প্রকল্পে। ১৫টি দেশ থেকে প্রায় ১০ লাখ কিশোর ফুটবলারের মধ্য থেকে প্রতিভা খুঁজে বের করার কাজ উচ্চাভিলাষীর চেয়েও বোধ হয় দুঃসাধ্য। চতুর্থ প্রকল্প কোলোমার আর তাঁর ছয় হাজার কর্মী-সৈনিক সাড়ে সাত লাখ কিশোর ফুটবলারের ৬০ হাজারের মতো ম্যাচ দেখবেন। এর মধ্য থেকেই খুঁজে বের করা হবে আগামী দিনের তারকাদের। আফ্রিকা, লাতিন ও মধ্য আমেরিকা আর এশিয়া থেকেই মূলত খুঁজে আনা হয় এদের।প্রথম দিকে কোলোমারদের সমালোচনা সইতে হয়েছে। কাতার তার বিশাল প্রাচুর্য খরচ করে প্রতিভা চুরি করে নিচ্ছে। অবশ্য পরে নিন্দুকদের মুখ বন্ধ হয়েছে, যখন এই প্রকল্প থেকে উঠে আসা খেলোয়াড়েরা বেছে নিয়েছে নিজ নিজ দেশের জাতীয় দলকেই।এভাবেই প্রতিদিন অনেক রত্ন খুঁজে আনেন কোলোমাররা, যাঁরা থেকে যান প্রচারের আড়ালে।অচেনা এক কিংবদন্তিপেলে, পুসকাস, মুলার, ম্যাকগ্ররি...শেষ নামটায় এসে পাঠকদের অনেকেই হোঁচট খেতে পারেন। স্মৃতির কোষে চিরুনি চালিয়ে দেখতে পারেন ফুটবলের গ্রন্থকীটেরা। শেষে প্রশ্নও করতে পারেন, কে এই ম্যাকগ্ররি? পেলে, পুসকাস, জার্ড মুলারের মতো কিংবদন্তিদের পাশে একই কাতারে তাঁর নামই বা উঠে এল কেন?উঠে তো আসবেই। শুধু তা-ই নয়, বরং একদিক দিয়ে জিমি ম্যাকগ্ররি পেলে-পুসকাসদের চেয়েও এগিয়ে। পেশাদার ফুটবলে ৫৪৭ ম্যাচে করেছিলেন ৫৫০ গোল। এত লম্বা সময় ধরে ম্যাচের সংখ্যাকে ছাপিয়ে যাওয়া গোল যে পেলে-পুসকাসরাও করতে পারেননি!কেবল যদি লিগ গোলের হিসাব করা হয়, ফুটবলের ইতিহাসেই তাঁর চেয়ে বেশি গোল করতে পেরেছেন মাত্র ছয় খেলোয়াড়। ব্রিটেনের ফুটবলেই এখনো লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা তাঁরই। ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ডিক্সি ডিনের চেয়েও তাঁর গোল ১৭১টি বেশি!এই রেকর্ড কখনোই ভাঙবে না, সেটি জোর দিয়ে বলা যায়। যেমন বলা যায় এই স্কটিশ সেন্টার ফরোয়ার্ডের আরও দুটো অমর মাইলফলকের ব্যাপারেও। এক মৌসুমেই (১৯২৭-২৮) ৬৩ গোল করেছিলেন, এর মধ্যে এক ম্যাচেই করেছিলেন আট গোল!উচ্চতা ছিল মাত্র ৫ ফুট ৬ ইঞ্চি। এই উচ্চতা নিয়েই হেড থেকে দুর্দান্ত সব গোল করতেন। ক্যারিয়ার গোলের এক তৃতীয়াংশই ছিল হেড থেকে।এ মাসেই দুই ফুটবল কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার জন্মবার্ষিকী উদ্যাপন করছে ফুটবল বিশ্ব। কিন্তু আজীবন স্কটল্যান্ডেই খেলে গেছেন বলে অচেনা আঁধারে থেকে যাওয়া এই কিংবদন্তির মৃত্যুবার্ষিকীর খবরটাও তাই অনেকেরই অজানা। ২০ অক্টোবর ছিল তাঁর ২৮তম মৃত্যুবার্ষিকী।বীর, নাকি পাপী?দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত, লজ্জায় মাথা নত করে থাকা জার্মান জাতিকে নতুন প্রেরণায় উজ্জীবিত করেছিলেন তাঁরা। তাই শেষ পর্যন্ত শুধু ফুটবলার নয়, ১৯৫৪ বিশ্বকাপের জার্মানির ফুটবল দলটিকে জাতীয় বীরের মর্যাদাই দেওয়া হয়। কিন্তু এত দিন পর প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাঁদের সেই অমর কীর্তি। পুরো জাতিকে উজ্জীবিত করা সেই পারফরম্যান্স নাকি তাঁরা করেছিলেন ডোপ নিয়ে উজ্জীবিত হয়ে! জার্মানিকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া দলটিকে নাকি ভিটামিন ‘সি’র কথা বলে দেওয়া হয়েছিল মেটামফেটামাইন নামের ওষুধ। একই ড্রাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেওয়া হয়েছিল জার্মান সৈন্যদের।সুইজারল্যান্ডের বার্ন স্টেডিয়ামের ওই ফাইনালটিকে বলা হয় ‘মিরাকল অব বার্ন’। মিরাকল তো অবশ্যই। জার্মানি যে হারিয়ে দিয়েছিল ফেরেঙ্ক পুসকাসের দুর্দমনীয় হাঙ্গেরিকে! এই হাঙ্গেরির কাছেই গ্রুপ পর্বে জার্মানি গোল খেয়েছিল আটটি। পুসকাসের দল কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকেও। কিন্তু ফাইনালে ০-২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জেতে জার্মানি।কিন্তু সেই কীর্তি এত দিন পরে হলেও প্রশ্নবিদ্ধ হলো। লিপজিগ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, পারফরম্যান্স বাড়ানোর জন্য ওই দলের খেলোয়াড়দের দেওয়া হয়েছিল উদ্দীপনা সৃষ্টিকারী ড্রাগ। গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বার্লিনের হামবল্ট বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ইতিহাসবিদ এরিক এগার্স। তিনি জানাচ্ছেন, ডোপ টেস্টের কোনো ব্যবস্থা না থাকার সুবিধাটি শুধু জার্মানি নয়, দক্ষিণ আমেরিকার দেশগুলোও নিত।এর বিরুদ্ধে জার্মান ফুটবল ফেডারেশন এখনো কোনো বিবৃতি দেয়নি। দেবে না বলেই মনে হচ্ছে। কারণ, ‘জার্মানিতে ডোপিং’ শিরোনামের এই গবেষণার মূল উদ্যোক্তা যে জার্মান অলিম্পিক স্পোর্টস ইউনিয়ন। এএফপি। রাজীব হাসান