শে ষে র আগে
হূদয়ের দাবিহূদয়ে তাঁর এখনো ফুটবলেরই বাস। কিন্তু ওই হূদয়েই যে বাসা বেঁধেছে মারাত্মক অসুখ। আর তাই হূদয়ের দাবি মেনে নিয়ে মাত্র ২৫ বছর বয়সে ফুটবল থেকেই বিদায় নিয়ে নিলেন রুবেন ডে লা রেড। যে বিদায় আক্ষেপের, বেদনার।তাই তো হওয়ার কথা। তাঁর মধ্যে আগামী দিনের প্রতিভা খুঁজে পেয়েছিল পৃথিবীর অন্যতম ক্লাব রিয়াল মাদ্রিদ। মাত্র ১৪ বছর বয়সে ক্লাবটির যুবদলে অভিষেক। বয়সভিত্তিক দলে সর্বকনিষ্ঠের রেকর্ড গড়ে যাত্রা শুরু। রিয়ালেরই হয়ে পেশাদার ফুটবলে অভিষেক মাত্র ১৯ বছর বয়সে। সবকিছুর মতোই এই মিডফিল্ডারের ফুটবল থেকে বিদায়টাও হয়ে গেল সাততাড়াতাড়ি।রিয়ালের জার্সি গায়ে ডে লা রেড সর্বশেষ খেলেছিলেন দুই বছর আগে। কোপা ডেল রেতে রিয়াল ইউনিয়নের বিপক্ষে ছিল ম্যাচটি। খেলতে খেলতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। এরপর জ্ঞান ফিরলেও স্ট্রেচারে করে সোজা হাসপাতালে। সেখানেই ধরা পড়ে তাঁর হূৎপিণ্ডের ওই অসুখ। দুই বছর ধরে চিকিৎসা করে এখন খানিকটা সুস্থ। কিন্তু দুর্বল ওই হূৎপিণ্ড নিয়ে ফুটবল খেলা সম্ভব নয় ইউরো ২০০৮ জয়ী দলের এই সদস্যের পক্ষে। আর তাই অশ্রুসিক্ত বিদায়।মানসিকভাবে শক্ত ধাতের বলেই হয়তো নিজেকে সামলে নিয়ে বিদায়ের দিন বলতে পারলেন, ‘আমি নিজের সবটুকু দিয়ে লড়াই করেছিলাম। কিন্তু ডাক্তাররাই আমাকে বিদায় নিতে বললেন। আমি সব সময়ই স্বপ্ন দেখেছি ফুটবলার হব। সেরা একটা ক্লাবের হয়ে খেলব। রিয়ালে খেলে সেই স্বপ্ন কিছুটা তো পূরণ হয়েছে। সেই অনূর্ধ্ব-১০ দলের হয়ে খেলেছি। কিন্তু থেমে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।’নতুন একটা জীবন অবশ্য শুরু হয়ে গেছে এরই মধ্যে। রিয়াল ‘সি’ দলের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। নিজের অতৃপ্ত স্বপ্নের, আকাঙ্ক্ষার বীজগুলো বুনে দিচ্ছেন খুদে ফুটবলারদের হূদয়ে।নেগির আরেক ইনিংস১৯৮২ এশিয়ান গেমসে গোলরক্ষক ছিলেন। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৭-১ গোলের হারের লজ্জা সইতে হয়েছিল ভারতকে। আর ওই পরাজয়ের দায় অনেকেই চাপিয়ে দিয়েছিল তাঁর ওপর। কেউ কেউ প্রশ্ন তোলেন তাঁর দেশপ্রেম নিয়ে, পাকিস্তানের কাছ থেকে টাকা খেয়ে নাকি গোল হজম করেছিলেন!মির রঞ্জন নেগি এ সবকিছুরই পাল্টা জবাব দিয়েছিলেন ১৯৯৮ এশিয়ান গেমসে। সোনা জেতা ভারতীয় দলটির গোলকিপিং কোচ হয়ে। সেখানেই থেমে যাননি। ২০০২ কমনওয়েলথ গেমসের সোনা জেতা ভারতীয় মহিলা হকি দলেরও গোলকিপিং কোচ ছিলেন। ২০০৪ এশিয়া কাপ জেতা মহিলা দলটিরও সহকারী কোচ ছিলেন নেগি।অনেকটাই সিনেমার মতো গল্প তাঁর জীবনের, যে গল্পের ছায়াবলম্বনে নির্মিত হয়েছে শাহরুখ খানের সুপারডুপার হিট ছবি চক দে ইন্ডিয়া। এর পর থেকেই নেগি ওঠেন খ্যাতির চূড়ায়। একদিন যে দেশের কিছু মানুষ কলঙ্কের তিলক এঁকে দিয়েছিল, তারাই আবার মাথায় তুলে নিয়েছে নেগিকে। পাল্টে যাওয়া জীবনে নেগি একটি ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন, রিয়েলিটি শোতেও দেখা গেছে নাচতে।এবার নেগি আসছেন মঞ্চ নাটকে। সরাসরি সামনে বসে থাকা দর্শকের সামনে, আলোয় উপচে পড়া, কখনো অদ্ভুত মায়াবী আঁধারে ঢাকা মঞ্চে বলবেন জীবনের কথা। ‘থিয়েটার এমন একটা জায়গা, যেটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আমি আসলে জীবনটাকে সব সময়ই আকর্ষণীয় করে রাখতে নানা পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসি’—নিজের মঞ্চজীবন শুরুর কারণ ব্যাখ্যা করেছেন নেগি।নাটকটির আসল কাহিনি খুলে বলেননি তিনি। শুধু বলেছেন, ‘দারুণ কিছু একটা হবে।’তা তো হবেই। তাঁর জীবনটাই তো ‘দারুণ কিছু’!শেষ, শুরুপ্রাপ্তি-অপ্রাপ্তির অদ্ভুত এক মিশেলে কেটেছে তাঁর ক্যারিয়ার। আমাদের সবার জীবনটাই তো তা-ই। হতে পারেন তিনি তারকা। কিন্তু সেই বৃত্তের বাইরে নন এলেনা দেমেন্তিয়েভাও। দুটো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত একবারও শিরোপা জিততে না পারা, আবার বেইজিং অলিম্পিকে অনায়াসে জিতে নেওয়া সোনা...এভাবেই কেটেছে এই রুশ তারকার ক্যারিয়ার। একটা দীর্ঘশ্বাস নিয়েই তাই টেনিস থেকে সরে দাঁড়ালেন। যদিও তাঁর সিদ্ধান্তটি ছিল আচমকা। বিনা মেঘে বজ্রপাতের মতো। গত মাসের শেষে দোহায় অনুষ্ঠিত ডব্লুটিএ চ্যাম্পিয়নশিপ চলতে চলতেই হঠাৎ করেই জানিয়ে দেন, ‘এই শেষ!’অপ্রত্যাশিত অবসর। স্বাভাবিকভাবেই জন্মায় কৌতূহল। ২৯ বছর বয়স হয়তো মেয়েদের কোর্টে দাপিয়ে বেড়াবার জন্য একটু কঠিনই। কিন্তু উইলিয়ামস বোনেরা, অবসর ভেঙে ফিরে আসা কিম ক্লাইস্টার্স তো দিব্যি টক্কর দিচ্ছেন তরুণদের সঙ্গে। তাঁর সমস্যাটি কোথায়? কেন নিলেন অবসর?প্রশ্নটা শুনে দেমেন্তিয়েভার নারী মনটাই যেন জেগে উঠল। জানালেন, ছোট্ট একটা সংসার, একটা ফুটফুটে মেয়ের বাসনা জন্মেছে। সংসার পেতে বসতে চান বলেই টেনিসের সঙ্গে সম্পর্কের আড়ি, ‘হ্যাঁ, আমি ব্যক্তিগত জীবনের ছকটা একটু পাল্টে দিতে চাইছি। এ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাই না। এটা আমার একান্ত ব্যাপার। একান্তই থাক। তবে এটা স্বীকার করছি, একটা সংসার শুরু করতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’যতই গোপন রাখার চেষ্টা করুন, মিডিয়ার খোঁড়াখুঁড়ি চলছেই। তাতেই বেরিয়ে এসেছে, দেমেন্তিয়েভার হূদয়-কুয়োতে জমেছে ভালোবাসার জল। সেই জলে পড়ছে রুশ আইস হকি খেলোয়াড় ম্যাক্সিম আফিনোগেনভের মুখচ্ছবি।আপাতত দেমেন্তিয়েভার চাওয়াটিকে শ্রদ্ধা জানাই। এই প্রসঙ্গ তোলাই যাক। তবে এক বৃত্ত পূরণ করে নতুন বৃত্তের শুরু যেহেতু তিনি করছেনই, সেটার জন্য থাকুক অজস্র শুভকামনা। রাজীব হাসান