শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিনেজ বুকেএকটা স্বপ্নের কাতারে দাঁড়িয়ে আছে কাতার। ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে চায় তারাও। সেই স্বপ্নের সঙ্গে বাস্তবতার ব্যবধান যা-ই হোক না কেন, চেষ্টার কোনো কমতি করছে না মধ্যপ্রাচ্যের দেশটি। শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম, দ্বীপের মতো ভেন্যু—অনেক কিছু দিয়েই নজর কাড়ার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এবার কাতার চমকে দিতে চাইল এই বিশাল টি-শার্ট বানিয়ে। দোহায় শোভা পাচ্ছে ২২ নম্বরের এই জার্সি, যেটির দৈর্ঘ্য ৭২ দশমিক ২ মিটার, প্রস্থ ৪৮ দশমিক ৭ মিটার। ছয় টন ওজনের এই বিশাল জার্সিটি ৩৫১৬ দশমিক ২৫ বর্গমিটার জায়গাজুড়ে বসানো। কাতার শেষ পর্যন্ত ২০২২ বিশ্বকাপ আয়োজনের ভার পায় কি না, সেই উত্তর পাওয়া যাবে ২ ডিসেম্বর। তবে এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় জার্সি হিসেবে গিনেজ বুকে নাম লিখে ফেলেছে এই জার্সি। নিয়তি ছাঁটাইছাঁটাই হওয়াই যেন হুয়ান ম্যানুয়েল লিলোর নিয়তি। যেন তিনি কোচের চিরায়ত সংজ্ঞার সার্থক উদাহরণ—হয় ছাঁটাই হয়েছেন, কিংবা ছাঁটাই হতে চলেছেন। গত সপ্তাহে বার্সেলোনার কাছে আলমেরিয়া যখন ৮-০ গোলে বিধ্বস্ত হলো, ওই রাতেই ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল তাঁরও। নবমবারের মতো কোনো দলে এক বছর পূর্ণ হওয়ার আগে ছাঁটাইয়ের শিকার হলেন এই স্প্যানিশ কোচ। অথচ তিনি যেন ছিলেন হোসে মরিনহোর আরেক সংস্করণ। খেলোয়াড়ি জীবনে খুব একটা সফল না হওয়ায় দ্রুতই কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে মনস্থির করে ফেলেন। এদিক দিয়ে তিনি মরিনহোর চেয়েও এগিয়ে। ১৯৮১ সালে আমারোজ নামের একটি দলের দায়িত্ব যখন নেন, তাঁর বয়স মাত্র ১৬ বছর!আমারোজ না হয় একেবারেই অখ্যাত এক দল। সেখানে তিনি কাজ করতেই পারেন। ১৯৮৫ সালে তৃতীয় বিভাগের দল তলসার দায়িত্ব নিলেন যখন, তাঁর বয়স বিশ ছুঁইছুঁই। ফুটবলের ৪-২-৩-১ ফরমেশনের পেছনে অবদান আছে তাঁরও। কালচারাল লিওনেসার কোচ থাকার সময় এই ফরমেশন নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন লিলো। স্পেনের সর্বকনিষ্ঠ ন্যাশনাল কোচিং ব্যাজধারী লিলো লা লিগারও সর্বকনিষ্ঠ কোচ হিসেবে অভিষিক্ত হন সালামাঞ্চার কোচ থাকার সময়। সবই ঠিক আছে। কিন্তু কোথাও বেশিদিন কাজ করা হয়ে ওঠে না তাঁর। সর্বোচ্চ পাঁচ বছর কাজ করতে পেরেছেন মিরান্দেসের কোচ থাকার সময়। কোথাও দু বছর টিকলেই তাই অনেকেরই ভ্রু কুঁচকে যায়, ঘটনা কী, লিলো এখনো ছাঁটাই হচ্ছে না কেন? এখন পর্যন্ত যে ১৩টি দলের হয়ে কাজ করেছেন, তাতে আলমেরিয়াসহ নয়টি দলেই টিকতে পেরেছিলেন মাত্র এক বছর।আপনি যত বড়ই বার্সা সমর্থক হয়ে থাকুন, গত সপ্তাহে ডাগআউটে উদাস-বিষণ্ন লিলোকে দেখে আপনার মন না কেঁদে পারেই না। মাথা ভর্তি কাঁচাপাকা ঝাঁকড়া চুল। এলোমেলো-অবিন্যস্ত। যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি। চাপ নিয়েই চাকরিলিলো একা নন। পৃথিবীতে দুঃখী মানুষের তালিকায় কোচদের সংখ্যা কম নয়। চাইলে তিনি ফার্গুসনের সঙ্গেও কথা বলে দেখতে পারেন। না, ইনি অ্যালেক্স ফার্গুসন নন, পুরো নাম ড্যারেন ফার্গুসন। তবে নাম-পদবি দেখে যা অনুমান করছেন, ঠিক তা-ই। ড্যারেন, অ্যালেক্স ফার্গুসনেরই ছেলে। বিখ্যাত পিতার সন্তান হলে যা হয়, একটা চাপ হয়ে যায় অনিবার্য নিত্যসঙ্গী। যে চাপের কারণে পদবিই পাল্টে ফেলেছিলেন ব্র্যাডম্যানের ছেলে; রোহান গাভাস্কারের ব্যর্থতার জন্যও হয়তো কিছু দায়ী; পেলের সন্তান তো গোল করার কাজেই যাননি, হয়েছিলেন গোলরক্ষক।বাবার বিশাল কিংবদন্তির ধারেকাছেও কোনো দিন ঘেঁষতে পারবেন না, এই সত্য মেনে নিলে কাজটা সহজ হয়ে যায়। ড্যারেন সেটাই করেছেন। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে মাত্র ৩৫ বছর বয়সে কাজ শুরু করেছেন কোচ হিসেবে। শুরুটা ভালোই হয়েছিল। পিটারবরো ইউনাইটেডকে লিগ টু থেকে চ্যাম্পিয়নশিপে তুলে এনেছিলেন। কিন্তু কোচের জীবনের কঠিন দিকটাও দ্রুতই দেখা হয়ে গেছে তাঁর। তাঁর অধীনে ধুঁকছে প্রিস্টন নর্থ এন্ড।চ্যাম্পিয়নশিপের রেলিগেশন অঞ্চলে যাযাবরের মতো ঘুরছে প্রিস্টন। মাথার ওপর লিগ ওয়ানে নেমে যাওয়ার ঝুঁকি। দুই দশক আগে ছেলে হিসেবে দেখেছেন তাঁর বাবার মুণ্ডপাত করে মিছিল বেরিয়েছিল ম্যানচেস্টারের রাস্তায়। ড্যারেনের নামে এখন স্লোগান উঠছে প্রিস্টনেও।চরিত্রের অনেক দিক দিয়েই তিনি বাবার উল্টো। সাংবাদিকদের সঙ্গে তাঁর সুসম্পর্কই। বাবার বদমেজাজটি না পেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি পেয়েছেন—দৃঢ় মনোবল। কারণ কোচের সংজ্ঞাটিও তাঁর ভালো জানা। হয় তাঁর চাকরি থাকবে, নয়তো ছাঁটাই হবেন—এই দুইয়ের বেশি কিছু তো নয়। অহেতুক এ নিয়ে মাথা ঘামাতে তাই রাজি নন ৩৮ বছর বয়সী। তাঁর ভাবনায় কেবলই পরের ম্যাচ। রাজীব হাসান