শে ষে র আগে
‘অ্যাশেজে’র জনপ্রিয়তা‘অ্যালিস্টার কুক কেমন ব্যাটিংটা করল দেখেছ!’ ‘কত রান করল অস্ট্রেলিয়া?’ ‘ইংল্যান্ড কি ইনিংস ঘোষণা করবে না।’গত কিছুদিন এমন সব অদ্ভুত প্রশ্ন জমা পড়তে লাগল অ্যাশলি কেরেকেসের টুইটারে অ্যাকাউন্টে। কে কুক, কিসের ব্যাটিং, কিসের রান? কেরেকেসের রীতিমতো তালগোল পাকিয়ে যাওয়ার দশা। একজন জানত চাইল, উইকেট পড়েছে কয়টা? কেরেকেসের উত্তর, ‘হোয়াট দ্য হেল ইজ আ উইকেট?’রহস্য পরিষ্কার হলো ওই টুইটারেই। জানা গেল, কেরেকেসের টুইটার অ্যাকাউন্টটাই যত নষ্টের গোড়া। সেটার নাম যে ‘দ্য অ্যাশেজ’! যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী এই তরুণী ক্রিকেটের ‘ক’ও জানেন না। আর দশটা মার্কিনির মতোই ক্রিকেট-অজ্ঞ। কিন্তু তাঁর টুইটারের নামেই অনেকে বিভ্রান্ত। বেশির ভাগই মনে করেছে, এটা আসলে চলতি অ্যাশেজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। অ্যাশেজ রীতিমতো ‘বিখ্যাত’ বানিয়ে দিয়েছে কেরেকেসকে। ব্রিসবেন টেস্ট শুরুর আগে টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা ছিল ৩০০। ব্রিসবেন টেস্টের পর সেটি হয়ে গেছে ১১ হাজার! একটা বিমান সংস্থা বিনা মূল্যে অস্ট্রেলিয়া যাওয়ার টিকিটও দিতে চেয়েছে। এমনকি বিবিসিও সাক্ষাৎকার নিয়েছে তাঁর। কেরেকেসের টুইট: ‘আমি বিস্মিত!’মুফতে পাওয়া খ্যাতি ভাঙিয়ে টু-পাইস কামিয়ে নিচ্ছেন। ‘আমি ক্রিকেট পছন্দ করি না’ স্লোগান দিয়ে টি-শার্টও বিক্রি করছেন। অবশ্য এর মধ্যে ক্রিকেট নিয়ে মোটামুটি আগ্রহও জমেছে তাঁর। খেলাটার নিয়মকানুন বোঝার চেষ্টা করছেন। চলতি অ্যাডিলেড টেস্ট না পারলেও পার্থ টেস্টটি যথাসম্ভব দেখতে চান। যুক্তরাষ্ট্রের কোনো চ্যানেল খেলাটি দেখাবে কি না জানতেও চেয়েছেন। অনেকেরই পরামর্শ, ইংলিশ কিংবা আইরিশ কোনো পানশালায় গিয়ে একটা চেষ্টা করে দেখতে পারেন কেরেকেস।সবই বোঝা গেল, কিন্তু এত কিছু থাকতে ‘অ্যাশেজ’ নামটি কেন নিলেন? সব দোষ প্রেমিকের! আদর করে নাকি তাঁর প্রেমিক তাঁকে অ্যাশেজ বলে ডাকেন! কেরেকেসেরও একটা জিজ্ঞাসাও আছে: ব্রিসবেন টেস্টে ইংল্যান্ড করেছে ৭৭৭ (২৬০+৫১৭) রান, অস্ট্রেলিয়া ৫৮৮ (৪৮১+১০৭)। তা হলে ড্র হলো কেমন করে!যেন স্বপ্নের ঘোরেরোজকার মতো স্কুলের অ্যাসেমব্লিতে দাঁড়িয়ে ছিল জেসি অ্যানি। আরামে দাঁড়াও ভঙ্গিতে। শিক্ষকদের কথা খুব একটা মনোযোগ দিয়ে শুনছিল কি না, বলা মুশকিল। কিন্তু ফ্রিডেল মিডল স্কুলের সপ্তম শ্রেণী পড়ুয়া এই ছাত্রীর ধ্যান ভাঙল মাইকে তার নাম ঘোষণা হওয়ায়। একটু পরই অবাক বিস্ময়ে আবিষ্কার করল, এবারের স্পোর্টস ইলাস্ট্রেটেড বর্ষসেরা শিশু অ্যাথলেট নির্বাচিত হয়েছে মিনেসোটার অ্যানি। ১২ বছর বয়সী অ্যানি ভালো টেনিস খেলে। আইস হকিও। পড়াশোনাতেও ভালো। এমন শিক্ষার্থীদেরই প্রতিবছর পুরস্কৃত করে মার্কিন ক্রীড়া সাময়িকীটি। হুট করে পাল্টে যাওয়া জীবনে অ্যানি কদিন আগে এসেছিল নিউইয়র্কে, পুরস্কারটি বুঝে নিতে। সেখানেই দেখা হয়ে গেল টেনিস কিংবদন্তি বিলি জিন কিংয়ের সঙ্গে।মহা সংগ্রামজনা তিরিশের জনসভাকেও ইদানীং মহাসমাবেশ বলে। অতি ব্যবহারে ‘মহা’ যেন হারিয়ে ফেলেছে তার মাহাত্ম্য। খবরটা শুনে প্রথমে তাই ভ্রু কুঁচকে ফেলতে পারেন, ভারতের হিমাচল প্রদেশে আয়োজন করা হচ্ছে জেপি টি-টোয়েন্টি মহা সংগ্রাম। আক্ষরিক অর্থেই মহা। এই টুর্নামেন্টে যে অংশ নিচ্ছে ১৩৪২টি দল!গত সোমবার শুরু এই টুর্নামেন্টের লক্ষ্য দুটো: প্রথমত গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। দ্বিতীয়ত, আয়োজকদের ভাষায়, ক্রিকেটকে হিমাচল প্রদেশের ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া।প্রায় ২০ হাজারের মতো ক্রিকেটার অংশ নেবেন নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে। বেশির ভাগ ক্রিকেটারই হিমাচল প্রদেশের গ্রামাঞ্চল থেকে উঠে আসা। টুর্নামেন্টে যাঁরা ভালো করবেন, তাঁরা পরবর্তী রঞ্জি ট্রফির দলের জন্য বিবেচিত হবেন বলে আশ্বস্ত করেছেন হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার প্রধান অনুরাগ ঠাকুর। সব মিলিয়ে ৭০ লাখ রুপির বাজেট। প্রাইজমানি হিসেবে থাকছে ৩০ লাখ। এর মধ্যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ রুপি। প্রতিদিন ৭৫টি ভেন্যুতে হবে ১৫০টি ম্যাচ। সব মিলিয়ে ম্যাচের সংখ্যা কতটি হবে সেটি এখনো বুঝে উঠতে পারছেন না আয়োজকেরাই। আনুমানিক সংখ্যাটি ২ হাজার। টুর্নামেন্ট পরিচালনা করতে ব্যস্ত থাকছেন ৫০০ কর্মকর্তা। কর্মীদের গোনা-গুনতি নেই। মহা সংগ্রাম নয়তো কী!এটা আসলে দ্বিতীয় আসর। প্রথমবার ১০১৭টি দল আর ১৪ হাজার ৩০০ ক্রিকেটার অংশ নিয়েছিলেন। প্রথম আসরের সাফল্যই অনুপ্রাণিত করেছে আয়োজকদের। গিনেজ কর্তৃপক্ষও আশ্বস্ত করেছে, টুর্নামেন্ট সফলভাবে হলে সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের স্বীকৃতি দেওয়া হবে এই মহা সংগ্রামকেই। রাজীব হাসান