শে ষে র আগে
আদ্রিয়ানোই ‘সেরা’!এবার বিডন ডি’অরকে জিততে চলেছেন? ভাবছেন, উত্তরটা তো সহজই। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা কিংবা জাভি হার্নান্দেজের একজন। এই তিন বার্সা তারকাই তো শেষ তিন মনোনয়নের মধ্যে আছেন। শেষ পর্যন্ত এঁদের একজনের হাতেই উঠবে বর্ষসেরার পুরস্কার। ভুল! মোটেও না। ভালো করে পুরস্কারের নামটি পড়ে আসুন শুরু থেকে। ব্যালন ডি’অর নয়, এই পুরস্কারের নাম বিডন ডি’অর। নোবেল পুরস্কারের যেমন ব্যঙ্গাত্মক সংস্করণ আছে ইগনোবেল, তেমনি ফুটবলের জগতে বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারের ব্যঙ্গাত্মক সংস্করণ হলো বিডন ডি’অর। প্রতিবছর ইতালিয়ান লিগের সবচেয়ে বাজে খেলা খেলোয়াড়টিকে দেওয়া হয় এই খেতাব। এবার যেটি জিতেছেন ব্রাজিলের আদ্রিয়ানো। রেকর্ড তৃতীয়বারের মতো এই খেতাব জিতলেন এএস রোমার এই স্ট্রাইকার।২০০৩ সাল থেকে চালু হয় বিডন ডি’অর। এখানেও ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয় ‘সেরা’ বাজে খেলোয়াড়টির নাম। ইতালির রেডিও রাই-টুর জনপ্রিয় অনুষ্ঠান ‘ক্যাতারস্পোর্ত’-এর শ্রোতারাই ভোট দেন। এরপর বছরের শেষ ভাগে এনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, এই ধিক্কার জুটেছে কার কপালে।প্রথমবার এটি গিয়েছিল ব্রাজিলেরই আরেক স্ট্রাইকার রিভালদোর নামের পাশে। ২০০৩ সালে। রিভারলদো তখন এসি মিলানের হয়ে খেলতেন। গত বছর জিতেছিলেন জুভেন্টাসের ব্রাজিলিয়ান ফেলিপে মেলো। এই পুরস্কারে দেখা যাচ্ছে ব্রাজিলিয়ানদেরই জয়জয়কার। আট বছরে পাঁচবারই জিতেছেন ব্রাজিলের কেউ এবং সবাইকে ছাড়িয়ে আদ্রিয়ানো। এ নিয়ে তৃতীয়বারের মতো বাজে খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি। এর আগে ইন্টার মিলানের হয়ে খেলার সময় ২০০৬ এবং পরের বছর উঠে এসেছিল আদ্রিয়ানোরই নাম। রোনালদোর যোগ্য উত্তরসূরি ভাবা হয়েছিল তাঁকে একসময়। কিন্তু আদ্রিয়ানো কক্ষচ্যুত হয়েছেন। মাঠের চেয়ে মাঠের বাইরের বিতর্কের রোনালদোকেই যেন বেশি আদর্শ মনে হয়েছিল তাঁর। মদ্যপান, ব্যক্তিগত জীবনে অশান্তি, অনিয়ম নানা কারণে খবরে এসেছেন। একসময় তো হারিয়েই গেলেন। পরে তাঁর খোঁজ মিলল ব্রাজিলে।আদ্রিয়ানো গত জুনে আবার ফিরেছেন ইতালির ক্লাব ফুটবলে। নতুন করে শুরুর প্রত্যয় নিয়ে। সে কথা তিনি রাখতে পারেননি। রোমার একাদশেও তাঁর জায়গা হয় অনিয়মিতই। রাই রেডিওর শ্রোতারা তাই বিপুল ভোট দিয়েছেন তাঁকে। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের আমাউরির চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন। তৃতীয় হয়েছেন আদ্রিয়ানোরই জাতীয় দলের সতীর্থ রোনালদিনহো।প্রাপ্তি-অপ্রাপ্তির খেরোখাতাকনে বিদায়ের পর বিয়ের উৎসবে ভাটা পড়ে। কনের মাতুতালয়ে নেমে আসে শ্মশানের শোক। ঠিক অতটা নয়। তার পরও দক্ষিণ আফ্রিকা এখন যেন মাত্রই কন্যাশূন্য হয়ে পড়া বাবার শোকার্ত পরিবার। মেলা ভাঙার বেদনার্ত সুর সেখানে। বিশ্বকাপের ছয় মাস পেরিয়ে এসে চলছে হিসাব-নিকাশ। কী পেলাম, কীই বা হারালাম।প্রাপ্তি-অপ্রাপ্তির খেরোখাতায় না পাওয়ার পাল্লাটাই ভারী। শুধু আর্থিক দিক দিয়েই বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকাকে দিয়ে গেছে বিশাল শূন্যতা। বিশ্বকাপে মহাযজ্ঞ আয়োজনে তিন হাজার ৩০০ কোটি র্যান্ড (৪৭০ কোটি ডলার) বিনিয়োগ করেছিল দক্ষিণ আফ্রিকা সরকার। মনে রাখবেন, এই বিশাল বিনিয়োগ হয়েছিল এমন একটা সময়ে, যখন কুয়াশার চাদরের মতো বিশ্ব অর্থনীতিকে ছেয়ে ফেলেছিল আর্থিক মন্দা। তার পরও বিনিয়োগ করেছে ১৯তম বিশ্বকাপের স্বাগতিকেরা। কারণ, অনুমান ছিল, এই টাকা উঠে আসবে সুদে-আসলে। বিশ্বকাপে বিশালসংখ্যক পর্যটক আসেন খেলা দেখতে। সঙ্গে করে নিয়ে আসেন বৈদেশিক মুদ্রা। তাঁদের দিকে চেয়েই গড়ে ওঠে অজস্র হোটেল-রিসোর্ট। ঢেলে সাজানো হয় পর্যটনশিল্প। আশা করা হয়েছিল, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দেখতে আসবেন সাড়ে চার লাখ বিদেশি অতিথি।নানা-শঙ্কা মাথায় নিয়ে শেষ পর্যন্ত সফল একটা বিশ্বকাপই উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রত্যাশার চেয়ে অতিথির সংখ্যা হয়েছে এক-তৃতীয়াংশ কম। প্রায় তিন লাখ ১০ হাজার অতিথি এসেছিলেন। গড়ে তাঁরা খরচ করেছেন ১১ হাজার ৮০০ র্যান্ড। এখান থেকে ৫২ কোটি এক লাখ ডলার আয় করেছে দক্ষিণ আফ্রিকা। সেটি তাদের ঝিমিয়ে পড়া অর্থনীতিতে সুবাতাস এনে দিয়েছিল বৈকি। কিন্তু ধাক্কার জোর ছিল সামান্যই। একটু এগিয়েই তাই থেমে গেছে অর্থনীতির চাকা।অবশ্য ফিফা আয়োজক হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকাকে বিশাল অঙ্কের টাকা দিয়েছিল। স্পনসরদের কাছ থেকেও অনেক অর্থ পেয়েছে আয়োজকেরা। কিন্তু আয়-ব্যয়ের নিক্তিতে লোকসানের দিকেই ঝুঁকে আছে পাল্লা। ২০০৮ সালের অলিম্পিকের পর বার্ডস নেস্ট নিয়ে হাহাকার শুরু করে দিয়েছিল বেইজিং। এই স্টেডিয়াম দিয়ে এখন কী হবে! জোহানেসবার্গের সকার সিটি নিয়ে এই উদ্বেগ নেই ঠিকই। কিন্তু তুলনামূলক ছোট শহরের স্টেডিয়ামগুলো আসলে শ্বেতহস্তী হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার জন্য। সাম্প্রতিক এক জরিপ তাই বলছে, মাত্র ২২ শতাংশ দক্ষিণ আফ্রিকান মনে করেন, বিশ্বকাপ তাঁদের জন্য ছিল লাভজনক।আশাবাদীরা গ্লাসের অর্ধেক ভরা অংশটার দিকেই তাকান। দক্ষিণ আফ্রিকান অর্থনীতিবিদদের অনেকে যেমন বলছেন, বিশ্বকাপ না হলে বিশ্ব ‘মন্দা’কাপের ছোবল আরও প্রবলভাবে আঘাত হানত দেশটির অর্থনীতিতে। কনে বিদায়ের পর পিতৃহূদয়ে শূন্যতা দেখা দেয় ঠিকই, কিন্তু তাতে লুকিয়ে থাকে নতুন সংসারের নতুন সম্ভাবনার আনন্দও। রাজীব হাসান