শে ষে র আগে
মিলবে না আর১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার অবিস্মরণীয় কীর্তি নিয়ে গল্পের শেষ বুঝি কোনো দিনই হবে না। হবে কী করে, সদ্যই যে নতুন কাহিনি আবিষ্কৃত হলো। ওই বিশ্বকাপে দুর্দান্ত খেলা (একই ম্যাচে ‘হ্যান্ড অব গড’ আর শতাব্দীর সেরা গোল দুটি করেছিলেন) ম্যারাডোনা যে টুর্নামেন্ট-সেরার পুরস্কারটি পেয়েছিলেন, সেটি চুরি করে নিয়ে গিয়েছিল একটি মাফিয়া চক্র। সম্প্রতি গ্রেপ্তার হওয়া আরেক মাফিয়া সালভাতোরে লো রুশো তথ্য দিয়েছেন, চুরি যাওয়া সেই সোনার বলটি আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। কারণ, সেই বলের সোনা গলিয়ে সেগুলো সোনার ‘বার’ বানানো হয়েছিল!ইতালির ক্লাব নাপোলিতে খেলার সময় ম্যারাডোনার নিজেরও দুঁদে দুঁদে সব মাফিয়া-ভক্ত ছিল। এই মাফিয়া সংসর্গই তাঁকে নেশার দিকে ঝুঁকিয়ে দিয়েছিল বলে অনেকেই বলেন। সেই অন্ধকার অধ্যায়ের গল্প আজ অন্ধকারেই থাক। আমরা বরং ম্যারাডোনার গোল্ডেন বলেই থাকি।রাগের মাথায় বার্সেলোনার মতো ক্লাব ছেড়ে ম্যারাডোনা চলে আসেন নেপলসে। নাম লেখান অখ্যাত নাপোলিতে। সেই নাপোলি তাঁর ছোঁয়ায় বদলে গিয়েছিল। ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত এই ক্লাবটিতে খেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাঁর নিজের ক্যারিয়ারেও সবচেয়ে সুবর্ণ সময় ছিল এটি।এই সময়টাতেই ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছেন, পরের বিশ্বকাপের ফাইনালেও গিয়েছিলেন। সে যা-ই হোক। ১৯৮৬ বিশ্বকাপে গোল্ডেন বল জিতে আসার পর সেটি প্রদর্শনীর জন্য ভ্রাম্যমাণ জাদুঘরকে দিয়েছিলেন। তখনই হারিয়ে যায় বলে ধারণা করা হয়। সম্প্রতি গ্রেপ্তার হওয়া কুখ্যাত মাফিয়া ডন রুশো জানাচ্ছেন, ‘যে চক্রটা গোল্ডেন বল হাতিয়ে নিয়েছিল, আমি তাদের কাছ থেকে সেটি উদ্ধারের অনেক চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। কারণ, সেটি গলিয়ে ফেলা হয়েছিল।’রুশোর প্রচেষ্টা শতভাগ বিফলে গেছে বলা যাবে না। কারণ, ম্যারাডোনার সাধের কয়েকটি ঘড়িও নাকি চুরি গিয়েছিল, যেগুলো উদ্ধার করতে পেরেছিলেন রুশো। ‘আমি ওকে চুরি যাওয়া চারটি ঘড়ি উদ্ধার করে দিই। কিন্তু ও এর মধ্যে একটা ঘড়ি আমাকে ফেরত দিয়ে দেয়। কারণ, ঘড়িটি ওর ছিল না’—বলেছেন রুশো।বৃদ্ধাশ্রমে বেকহামকথাটা ২০০৭ সালেই উঠেছিল, ডেভিড বেকহাম যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে এলএ গ্যালাক্সিতে খেলতে গেলেন। পেলে-বেকেনবাওয়ারও শেষ জীবনে এসে মার্কিন ক্লাব ফুটবলে খেলে গেছেন। কিন্তু বেকহাম বললেন, তিনি এসেছেন অন্য মিশন নিয়ে। এখানে ফুটবলকে করবেন জনপ্রিয়। হলোও। রাগবি-বেসবল-বাস্কেটবলে মজে থাকা মার্কিনিদের মধ্যে ‘সকার’ নিয়ে আগ্রহ বাড়ল। কিন্তু লাভ হলো কী শেষ পর্যন্ত?শেষ পর্যন্ত ‘শেষ বয়সে’ বেকহামের জন্য সম্ভবত ভরসা হয়ে গেল যুক্তরাষ্ট্রের ফুটবলই। কারণ, সাবেক ইংলিশ অধিনায়ক এই ইঙ্গিত দিয়েছেন, এই মৌসুম শেষে গ্যালাক্সির সঙ্গে আবারও নতুন করে চুক্তিবদ্ধ হতে পারেন।৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ থেকে ২০০৭ সালে ২৫ কোটি ডলারে গ্যালাক্সিতে নাম লেখান। এই মৌসুমের শেষে ফুরিয়ে যাচ্ছে বেকহামের পাঁচ বছরের মেয়াদ। এই অর্ধদশকে বেকহাম যুক্তরাষ্ট্রের ফুটবলে কতটা অবদান রাখতে পারলেন, সেই হিসাব-নিকাশ তো হবেই। তবে এখন পর্যন্ত সব মিলে হতাশাতেই কেটেছে তাঁর গ্যালাক্সি-অধ্যায়। কারণ, মেজর লিগ সকারের শিরোপা একবারও জিততে পারেনি তাঁর দল।তার পরও অবশ্য বেকহামের জনপ্রিয়তা কমেছে, এমনটা বলার উপায় নেই। বরং গ্যালাক্সিই নাকি আগ্রহী তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। ক্লাবটিরই ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘হ্যাঁ, সেই সম্ভাবনা আছে বৈকি।’তবে কথার মধ্যে ফাঁকও রেখে দিয়েছেন এই বলে, ‘দেখুন, সামনেই আমার বয়স ৩৬ হয়ে যাবে। ফলে বুড়ো তো হচ্ছিই। এই মৌসুম শেষে দেখব, আমার শরীরের কী অবস্থা থাকে। যদি মনে হয় আমি পারফর্ম করে যেতে পারব, তাহলে খেলা চালিয়ে যাব।’সেমেনিয়াদের সুখবরগত কয়েক বছরে সুখবর শব্দটা যেন হারিয়েই গিয়েছিল কাস্টার সেমেনিয়ার জীবনের অভিধান থেকে। অথচ গল্পটা অন্য রকম হওয়ার কথা ছিল। আফ্রিকার প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে এসে বিশ্ব চ্যাম্পিয়ন—এ তো রূপকথার গল্প।কিন্তু সেটি হলো না। সেমেনিয়া উল্টো প্রশ্নবিদ্ধ হলেন। সাময়িক নিষেধাজ্ঞাও পেতে হলো। ট্র্যাক থেকে ছিটকে গেলেন। নারী নাকি পুরুষ—সেই লিঙ্গ নির্ধারণের পরীক্ষাও দিতে হলো। জানা গেল, সেমেনিয়ার শরীরে পুরুষ হরমোনের উপস্থিতি অনেক বেশি। জেন্ডার পরীক্ষার ফল না হওয়া পর্যন্ত কোনো প্রতিযোগিতাতেই অংশ নিতে পারেননি। এমনকি পাড়াতো দৌড় প্রতিযোগিতাতেও না।এ নিয়ে অনেক বিতর্কের ঝড় উঠেছে। পক্ষে-বিপক্ষে অনেক যুক্তিতর্ক। অবশেষে সেমেনিয়ার ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু তার পরও মেয়েদের ৮০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন তাঁর মুকুট ধরে রাখতে পারবেন কি না, এ নিয়ে সংশয় ছিল। আন্তর্জাতিক অ্যাথলেটিক সংস্থা (আইএএএফ) সেই বাধাও সম্প্রতি দূর করে দিল।আগামী আগস্টে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কোনো বাধা থাকল না তাঁর। এখানেই বিতর্কের শেষ হলে তো ভালোই। কিন্তু সিঁদুরে মেঘও দেখছেন অনেকে। তাঁদের আশঙ্কা, আইএএএফের এই উদ্যোগ তৈরি করবে নতুন বিতর্ক।প্রকৃতির হেঁয়ালিতে সেমেনিয়ার মতো পুরুষ হরমোনের আধিক্য নিয়ে যে নারী অ্যাথলেটরা খেলবেন, স্বাভাবিকভাবেই সাধারণদের তুলনায় বাড়তি সুবিধাই পাবেন। সে ক্ষেত্রে সাধারণ অ্যাথলেটদের জন্য এটি এক ধরনের বৈষম্য। রাজীব হাসান