শে ষে র আগে
আরও একটাডেভিড বেকহাম হলেন শিল্পের সাচ্চা সমজদার। তবে ধ্রুপদি সংগীত নয়, নয় দেয়ালে ঝোলানো কোনো নামী শিল্পীর আঁকা তৈলচিত্র; বেকহাম আসলে যে শিল্পটাকে লালন করছেন, সেটি উলকি। আক্ষরিক অর্থেই বলতে পারেন, তিনি উলকির পৃষ্ঠপোষক। তাঁর শরীরের পৃষ্ঠদেশজুড়েই যে উলকির আঁকিবুকি। পিঠেই আছে সবচেয়ে বেশি উলকি। তিন সন্তান রোমিও, ক্রুজ আর ব্রুকলিনের নাম। আঁকা আছে গার্ডিয়ান অ্যাঞ্জেল। স্ত্রী ভিক্টোরিয়ার প্রতি ভালোবাসা নিবেদিত আছে বাহুতে। হিন্দিতে লিখেছেন ‘ভিক্টোরিয়া’। আরও কত যে উলকি...সব মিলিয়ে সংখ্যাটা কেউ কেউ বলেন ত্রিশের মতো।সেই তালিকায় আরও একটি উলকি যোগ হতে যাচ্ছে। সেটি বেকহাম কোথায় আঁকাবেন সেটিও একটি রহস্য। তবে উলকির সংখ্যা তো বাড়বেই। তিন ছেলের পর ভিক্টোরিয়া যে এবার এক কন্যাসন্তানের জন্ম দিতে চলেছেন, পূর্ণ হচ্ছে মেয়ের বাবা হতে চাওয়ার বেকহামীয় আশা। মেয়েকে উৎসর্গ করে একটা উলকি না আঁকলে কি চলে!নিজের এই উলকিপ্রীতি সন্তানদের মধ্যেও ছড়িয়ে দিতে চান, সেটি বেকহাম আগেই বলেছেন। তবে তখন সন্তান বলতে ছিল তিন ছেলে। বেকহাম এখন জানাচ্ছেন, যথেষ্ট বড় হলে তিন ছেলেকে উলকি আঁকাতে বাধা দেবেন না; তবে মেয়ে উলকি আঁকাতে চাইলে অবশ্যই কড়া করে ধমকে দেবেন। ‘আমি আমার মেয়েকে উলকি আঁকতে দেব কি না, এ নিয়ে দ্বিধায় আছি। তবে ছেলেদের বেলায় আমি তো আর না করতে পারি না।’বেকহামের এই মন্তব্যে নারীবাদীরা না আবার চটে যান। উলকি আঁকা কি তবে স্রেফ পুরুষকারের প্রতীক!সত্যিকারের অলরাউন্ডারপ্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। তার পরও এলিস পেরির কিন্তু বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছেই! কথাটা স্ববিরোধী হলেও একদিক থেকে কিন্তু মিথ্যা নয়। অস্ট্রেলিয়ার হয়ে এ মাসে জার্মানিতে হতে যাওয়া ফিফা মহিলা বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ২০ বছর বয়সী পেরি, আক্ষরিক অর্থেই যিনি অলরাউন্ডার। গত বছর অস্ট্রেলিয়া মহিলা দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে জিতে এসেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই সাফল্য পেরি অনূদিত করতে চান ফুটবলে।দুটো খেলাই তাঁর ভীষণ প্রিয়। ২১ জনের বিশ্বকাপ চূড়ান্ত দলে সুযোগ পেয়ে তাই দারুণ উচ্ছ্বসিত। ক্রিকেটের পর এবার ফুটবলেও বিশ্বকাপ জেতার সুযোগটা যে পাচ্ছেন, ‘সুযোগটা পাওয়াই আমার জন্য দুর্দান্ত কিছু। ফুটবল খেলতে আমি ততটাই ভালোবাসি, যতটা ভালোবাসি ক্রিকেট খেলতে। একটা বিশ্বকাপ জেতার ফলে আমি জানি, বিশ্বকাপ জয় কত বিরাট এক অর্জন। আর তাই ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ রোমাঞ্চিত।’ক্রিকেটে অস্ট্রেলিয়া পরাশক্তি। ফেবারিট হিসেবেই গত বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা হয়েছিল পেরির। কিন্তু ফুটবলে অস্ট্রেলিয়া ফেবারিট নয়। এদিক দিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি পেরি। তবে তাঁর উপস্থিতি দলে বাড়তি সুবিধা এনে দেবে। বিশেষ করে, চাপের মুহূর্তগুলোয় পেরি তাঁর অভিজ্ঞতার ভাঁড়ার সতীর্থদের জন্য খুলে দিতে পারবেন বলেই মনে করেন কোচ। আর যদি বিশ্বকাপটাও জিতে ফেলেন...পেরি নিশ্চয়ই আনন্দে পৌঁছে যাবেন সপ্তম স্বর্গে!জ্যাক রগের ক্রিকেটপ্রেমএকে তো মানুষ তিনি বেলজিয়ামের, যেখানকার মানুষ ক্রিকেট বলতে সত্যি সত্যিই বুঝি ঝিঁঝি পোকাকে বোঝে। তার ওপর তিনি আবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান। অনেক খেলা নিয়ে কাজকারবার করলেও সেখানে ক্রিকেট নেই। হ্যাঁ, অলিম্পিকে একসময় ক্রিকেট ছিল বটে, কিন্তু সে-ও তো ১৯০০ সালের ঘটনা।তার পরও চমকে দিয়ে আইওসির প্রধান জ্যাক রগে জানালেন, তিনি ক্রিকেট ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, খেলাটি সময়-সুযোগমতো দেখেনও। আর এই ভালোবাসা আছে বলেই দুই হাত মেলে ক্রিকেটকে আলিঙ্গন করতে প্রস্তুত তিনি, প্রস্তুত অলিম্পিক। ২০২০ অলিম্পিকে টি-টোয়েন্টি দিয়ে নবতর যাত্রা শুরু হতে পারে ক্রিকেটের।‘জুনের মধ্যে আইসিসি সিদ্ধান্ত নেবে, ওরা আবেদন করবে কি না। আমরা সেই আবেদনকে স্বাগতই জানাব। এটা খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় খেলা। বিশেষ করে, টিভিতে এ খেলার অনেক আবেদন আছে। খেলাটার আছে দীর্ঘ ঐতিহ্য, যেখানে বেশির ভাগটাই নৈতিকতার প্রতি শ্রদ্ধা দেখানো। অবশ্য অলিম্পিকে তো আর টেস্ট ক্রিকেট চালানো যায় না।’ বলেছেন রগে।বলেছেন বটে, কিন্তু নিজেই জানালেন, টেস্ট ক্রিকেটটাই সবচেয়ে ভালো লাগে তাঁর, ‘আমি খেলাটি সত্যিই ভালোবাসি। আমি শচীন টেন্ডুলকার, কেভিন পিটারসেন, শেন ওয়ার্ন, ইয়ান বোথামদের খেলা দেখেছি। কৌশলগত দিক দিয়ে এটা খুবই কৌতূহলোদ্দীপক। খেলাটি ধৈর্যের, স্কিলের পরীক্ষার এবং একমাত্র খেলা, যেখানে পাঁচ দিন খেলেও ম্যাচ ড্র হয়ে যেতে পারে!’ রাজীব হাসান