শেওড়াপাড়ায় জোড়া খুনের প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন মিলনকে গ্রেপ্তার করেছে র্যাব।আজ রোববার বেলা তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাব-২-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ এম আনিসুর রহমান জানান, গতকাল শনিবার রাত ১২টার দিকে র‌্যাব আবদুল্লাহপুর থেকে সন্দেহভাজন মিলনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা মিলন স্বীকার করেছেন বলে জানায় র‌্যাবের । টাকাপয়সা ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ওই হত্যাকাণ্ড হয়েছে বলে জানায় র‌্যাব। হত্যাকাণ্ডে মিলনের সঙ্গে একজন ভাড়াটে খুনি ও ফারুক নামের আরও একজন ছিলেন। ব্রিফিংয়ে র‌্যাব আরও জানায়, প্রথমে খায়রুলকে হত্যা করা হয়। হত্যার দৃশ্য রাজীব দেখে ফেলেন। পরে রাজীবকেও মেরে ফেলা হয়। হত্যাকাণ্ডের দিন থেকেই ফারুক আটক রয়েছেন। ভাড়াটে খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইলেকট্রনিক প্রযুক্তি ও গোয়েন্দাদের মাধ্যমে মিলনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। আসামিদের র‌্যাবের কার্যালয়ে নেওয়া হয়েছে।রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণি এলাকায় গত শুক্রবার জোড়া খুনের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন খায়রুল বাশার (৩০) ও মো. আনোয়ারুল হক ওরফে রাজীব (২৭)। পুলিশ গত শুক্রবার ওই এলাকার একটি মেস থেকে তাঁদের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্বপরিকল্পিতভাবে তাঁদের শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, খায়রুল খাদ্য উত্পাদনকারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মিরপুর ১০ নম্বর ছিল তাঁর কর্ম এলাকা। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর সদরের বুড়িরহাটে। অপর যুবক আনোয়ারুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনটে বলে জানা গেছে। দুজনই ওই মেসে থাকতেন।আজ সকালে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেছিলেন, ‘খায়রুল ও আনোয়ারুলের সঙ্গে একই মেসে থাকতেন মিলন। মিলনের বাড়ি বগুড়ায়। রাজধানীর বাড্ডায় একটি আসবাবের দোকানে কাজ করতেন তিনি।’উপকমিশনার জানান, হত্যাকাণ্ডের পর মেস থেকে তিনটি কম্পিউটার, দুটি মোবাইল ফোনসেট খোয়া গেছে। এগুলোর খোঁজ করা হচ্ছে। মেসের গৃহপরিচারিকা বকুলকে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছে। নিহত খায়রুলের চাচা শুক্রবার রাতে মামলা করেন।