শেওড়াপাড়ায় উদ্ধার শেকল বাঁধা লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে হাত-পায়ে শেকল বাঁধা অবস্থায় গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম মাওলানা হাফেজ মোহাম্মদ ইসয়াক (৫০)। তিনি রমনা থানাসংলগ্ন পুলিশ অফিসার্স কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে নিহতের ছোট ভাই মোহাম্মদ শোয়াইব লাশটি শনাক্ত করেন। তিনি জানান, তাঁর ভাই স্ত্রী-সন্তান নিয়ে মসজিদের পাশে কোয়ার্টারে থাকতেন। গত ২০ ডিসেম্বর জোহর নামাজের পর এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁর ভাইকে নিয়ে যায়। এরপর থেকে তাঁর ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান জানান, নিখোঁজ হওয়ার পরদিন শোয়াইব অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় অপহরণের মামলা করেন। তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানে না। নিহতের ভাই শোয়াইব জানান, তাঁর ভাই মাওলানা ইসয়াক গত ২৬ বছর ধরে মসজিদে ইমামতি করছেন। তাঁর আট মেয়ে ও তিন ছেলে। তাঁর জানা মতে, কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল না। কে বা কারা কী উদ্দেশ্যে তাঁর ভাইকে হত্যা করেছে, তিনি তা জানেন না বলে দাবি করেন। প্রসঙ্গত, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাত ১২টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির ১৪৯/এ নম্বর বাড়ি নর্দার্ন নিরালয় অ্যাপার্টমেন্টের চতুর্থ তলা থেকে হাতে-পায়ে শেকল বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে।