শেওড়াপাড়ায় জোড়া খুন
রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণি এলাকায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন খায়রুল বাশার (৩০) ও মো. আনোয়ারুল হক ওরফে রাজীব (২৭)। পুলিশ গতকাল শুক্রবার ওই এলাকার একটি মেস থেকে তাঁদের লাশ উদ্ধার করে। পুলিশ বলেছে, পূর্বপরিকল্পিতভাবে তাঁদের শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, খায়রুল খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মিরপুর ১০ নম্বরে ছিল তাঁর কর্মএলাকা। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর সদরের বুড়ির হাটে। অপর যুবক আনোয়ারুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ায় বলে জানা গেছে। তবে তাঁর ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুজনেই ওই মেসে থাকতেন।শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, বেলা দুইটার দিকে সাইদুর রহমান নামের এক ব্যক্তি থানায় ফোন করে জানান, তাঁর বাড়ির দোতলায় জোড়া খুন হয়েছে। এ খবরে পুলিশ দ্রুত সেখানে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দুটি ঘরে বিছানার ওপর লাশ দুটি ছিল। দুজনেরই মাথায় ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। ঘরে কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিস ছিল অগোছালো, ওলট-পালট। তিনটি কম্পিউটারসহ বেশ কিছু সরঞ্জামও খোয়া গেছে।বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, খুনের বিভিন্ন আলামত সংগ্রহ করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। আছেন পুলিশ ও র্যাবের সদস্যরাও। ঘটনা শুনে এসেছেন খায়রুলের স্বজনেরা। তবে আনোয়ারুলের স্বজনদের কেউ ছিলেন না।চারতলা ওই বাড়ির মালিক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, দ্বিতীয় তলায় দুটি ফ্ল্যাটের একটিতে সাতজন ও অন্যটিতে ছয়জন মেস করে থাকতেন। সাতজনের ফ্ল্যাটে থাকতেন খায়রুল ও আনোয়ারুল। জুমার নামাজ শেষে তিনি বাড়িতে ঢুকতেই ওই ফ্ল্যাটের করিম তাঁকে জানান, ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করেও ভেতর থেকে সাড়া পাচ্ছেন না। তখন তিনি (সাইদুর) ওপরে গিয়ে দেখেন, বাইরে থেকে দরজায় সিটকিনি লাগানো। সিটকিনি খুলে ভেতরে গিয়ে দুই ঘরে দুজনের লাশ দেখে তিনি পুলিশে খবর দেন।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ জানান, ওই ফ্ল্যাটের অপর চার বাসিন্দার মধ্যে দুজন কয়েক দিন আগে গ্রামের বাড়ি গেছেন। অপর দুজনের মধ্যে ফারুক নামের একজনসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিলন নামের অপর বাসিন্দার খোঁজ নেই। তাঁর মুঠোফোনও বন্ধ। তিনি বলেন, সকাল ১০টা-১১টার দিকে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি অংশ নিয়েছে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, করিম শেওড়াপাড়ায় একটি আসবাবের দোকানে চাকরি করেন। বাইরে থেকে সিটকিনি লাগানো সত্ত্বেও কেন তিনি ভেতরে ঢুকতে পারলেন না বা ওই সময় তিনি কেন এসেছিলেন—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।উপকমিশনার বলেন, ওই বাসার কাজের বুয়া পুলিশকে জানিয়েছেন, সকাল নয়টার দিকে তিনি রান্না করে চলে গিয়েছিলেন। ওই সময় বাসায় খায়রুল, আনোয়ারুলসহ কয়েকজন ছিলেন।পাশের ফ্ল্যাটের বাসিন্দা কামরুল হাসান বলেন, তিনি ছাড়া সবাই কর্মস্থলে গেছেন। জুমার নামাজ পড়ে ফ্ল্যাটে ফিরে তিনি খুনের ঘটনা জানেন।জানা গেছে, আনোয়ারুল এক বছর ধরে ও খায়রুল গত মাস থেকে ওই ফ্ল্যাটে থাকতেন। খায়রুলের চাচা মোস্তফা কামাল বলেন, খায়রুলের সঙ্গে কারও ঝামেলার কথা তাঁর জানা নেই।