রাজধানীর শেওড়াপাড়ায় গতকাল রোববার সকালে মিনিবাসের চাপায় রেবু খাতুন (৩০) নামের এক তৈরি পোশাককর্মী মারা গেছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা দুই দফায় প্রায় তিন ঘণ্টা সেখানে সড়ক অবরোধ করেন। অন্তত ২৫টি যানবাহন ভাঙচুর হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল আটটার দিকে রেবু খাতুন কর্মস্থলে যাওয়ার জন্য বেগম রোকেয়া সরণির তালতলা ও শেওড়াপাড়ার মাঝামাঝি স্থান দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শিকড় পরিবহনের দ্রুতগতির একটি মিনিবাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। রেবু ঘটনাস্থলেই মারা যান। এ খবর পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত রেবুর কর্মস্থল আতিক অ্যাপারেলসে ছড়িয়ে পড়লে ওই কারখানার শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সড়কে এসে যানবাহনে ভাঙচুর করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থা চলে। এতে কর্মস্থলগামী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরেরা দুর্ভোগে পড়েন। পুলিশ বাসচালককে গ্রেপ্তার করে বিচারের আশ্বাস দিলে পোশাকশ্রমিকেরা সড়ক থেকে সরে যান। কিন্তু বেলা একটার দিকে খাওয়ার বিরতির সময় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ও র্যাব সদস্যরা ধাওয়া করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ও কাফরুল থানার ওসি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাস্থল কাফরুল, মিরপুর ও শেরেবাংলা নগর থানার সংযোগস্থলে হওয়ায় দ্রুত এই তিন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেবু খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।রেবুর মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, চালকসহ মিনিবাসটি আটকের চেষ্টা চলছে।স্বজনেরা জানান, পাঁচ বছর আগে স্বামী আবু তাহের রেবুকে ছেড়ে চলে যান। তাঁর দুই মেয়ে গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার চরবিদুরিয়ায় থাকে।