শেওড়াপাড়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০
ন্যূনতম বেতন পাঁচ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার সকাল থেকে রাজধানীর শেওড়াপাড়ার পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁরা সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোকেয়া সরণি অবরোধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ-শ্রমিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকেরা জানান, আজ সকাল সাতটার দিকে শেওড়াপাড়ার আউট রাইট ফ্যাশন লিমিটেড ও আউট ওয়্যার ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা কাজে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কারখানা খুলে দেওয়া এবং ন্যূনতম বেতন পাঁচ হাজার টাকা করাসহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁদের সঙ্গে যোগ দেন আশপাশের অন্যান্য কারখানার সহস্রাধিক শ্রমিক। তাঁরা রোকেয়া সরণি অবরোধ করে যান চলাচল বন্ধসহ গাড়ি ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরে যেতে বললে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ শ্রমিকদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত ৫০ জন শ্রমিক আহত হন। এ ঘটনায় মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণিতে যান চলাচল বন্ধ হয়ে গেলে অফিসমুখী মানুষ ভোগান্তিতে পড়ে। মিরপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।