শেকল বাঁধা জীবন থেকে ৩০ শ্রমিকের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার মুরুগাছা গ্রামের কাশেম আলীর ছেলে ফয়সাল গাজী (১৮) এক দালালের মাধ্যমে কাজ নিয়েছিলেন ঢাকার আশুলিয়া থানার পাড়াগ্রাম এলাকার মেসার্স একতা ব্রিকসে। ১৫ দিন কাজ করে পারিশ্রমিক চাওয়ার অপরাধে তাঁকে লাঠিপেটা করে ছেড়ে দেওয়া হয়েছিল আফ্রিকান মাগুর মাছের চাষ হয় এমন পুকুরে। সেখান থেকে উঠে এসে পালানোর চেষ্টা করলে তাঁর ওপর চালানো হয় আরও নির্যাতন। নির্যাতন সইতে না পেরে অবশেষে তিনি গতকাল বুধবার গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফয়সালের মতো এমনি বর্বরোচিত নির্যাতনের শিকার ৩০ ইটভাটা শ্রমিককে র‌্যাাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাাব) সদস্যরা গতকাল বুধবার রাতে ওই ভাটার তালাবদ্ধ দুটি ঘর থেকে উদ্ধার করেছেন। র‌্যাাব-১-এর উপপরিচালক মেজর মো. আহসানুল কবীরের নেতৃত্বে এ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ভাটার ব্যবস্থাপক ও এক শ্রমিককে। নির্যাতিত শ্রমিকদের মধ্যে এক নারী শ্রমিক ও তাঁর দুই শিশুসন্তানও রয়েছে। নির্যাতনের শিকার শ্রমিকেরা হলেন: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নুরু মিয়া (৩০), করম আলী (৪০), মোখলেছ (২৮), বাহার হোসেন (৩০), বছির উদ্দিন (৩০), গোলাম রব্বানি (৪০); সাটুরিয়ার আলম উদ্দিন (২৫), আজাদ (২০), জুলহাস (১৮), এরশাদ (২০); সাতক্ষীরার কালীগঞ্জের ওলিউল ইসলাম (২৮), তালা উপজেলার ফয়সাল (১৮), মতিয়ার রহমান (২০), আতিয়ার রহমান (৪৫), নজরুল (৩৪); পাটকেলঘাটার লালু (৩০), খুলনার ফুলতলার এজাজুল শেখ (২০), ইসরাফিল (২০), সালাউদ্দিন (২০), আলিমুল শেখ (১৭); যশোরের কেশবপুর উপজেলার ওয়াহাব (৫০), আশরাফ আলী (২৫), রাজ্জাক (২০), পারভীন আক্তার (২৫) এবং তাঁর শিশুপুত্র তানিয়াল (৩) ও মেয়ে রিপা (৭); অভয়নগর উপজেলার আমিনুর (২০), মনিরামপুর উপজেলার শহীদুল ইসলাম (২২), মান্দার হোসেন (৩২) ও বাগেরহাটের নঈম খান (১৮)।শ্রমিকেরা জানান, আরিফুলসহ কয়েকজন দালালের মাধ্যমে তাঁরা ওই ইটভাটায় কাজ করতে আসেন। ভাটায় আসার পর থেকেই তাঁদের বন্দিজীবন শুরু হয়। পারিশ্রমিক চাওয়াসহ কাজে সামান্য ত্রুটি হলেই তাঁদের শরীরে গরম লোহার রড দিয়ে সেঁকা দেওয়া হতো। কথায় কথায় পেটানো হতো রড ও লাঠি দিয়ে। কোনো শ্রমিক যাতে পালাতে না পারেন, সে জন্য পায়ে শেকল পরিয়ে কাজ করানো হতো। তিন বেলা পর্যাপ্ত খাবারও দেওয়া হতো না তাঁদের। র‌্যাাব-১ সূত্র জানায়, এক মাস থেকে ১৫ দিন আগে একজন নারী শ্রমিকসহ মানিকগঞ্জ, সাতক্ষীরা ও যশোর জেলার এসব শ্রমিকেরা দালালের মাধ্যমে কাজ নেন মেসার্স একতা ব্রিকসে। এর পর থেকেই কাজ করতে বাধ্য করার জন্য নানা ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি তাঁদের ওপর বর্বর নির্যাতন চালানো হতো। খবর পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুটি তালাবদ্ধ ঘর থেকে তাঁদের উদ্ধার করা হয়। তখনো কয়েকজন শ্রমিকের পায়ে শেকল পরানো ছিল। নির্যাতনের শিকার আবদুল ওয়াহাব (৫০) অভিযোগ করেন, কাজে একটু ত্রুটি হওয়ার কারণে তাঁর বাঁ পা ও ডান হাতে গরম লোহার সেঁক দেওয়া হয়। আতিয়ার রহমান অভিযোগ করেন, সরদার আরিফুলের মাধ্যমে ২২ দিন আগে তিনি একতা ব্রিকসে কাজ নেন। এর পর থেকেই তাঁকে পায়ে শেকল বাঁধা অবস্থায় কাজ করতে হতো। তিনি জানান, ভোর চারটার দিকে অধিকাংশ শ্রমিককে পায়ে শেকল বেঁধে কাজে নামানো হতো। কাজ শেষে রাতে দুটি ঘরে তাঁদের তালাবদ্ধ করে রাখা হতো। জায়গার অভাবে রাতভর তাঁদের বসে থাকতে হতো। তিনি জানান, কোনো শ্রমিক প্রতিবাদ করলেই তাঁকে লাঠি ও রড দিয়ে পেটাত মালিকের লোকেরা। এজাজুল জানান, রাতে তাঁদের শীত নিবারণের জন্য কম্বল বা লেপও দেওয়া হতো না। কম্বল চাওয়ার অপরাধে ভাটার মালিকদের একজন তাঁর বুকে পিস্তল ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তিন বেলা সামান্য খাবার দেওয়া হতো। র‌্যাাব প্রধান কার্যালয়ের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে শ্রমিকদের উদ্ধার করা হয়। এ সময় ভাটার ব্যবস্থাপক সুলতান মাহমুদ ও শ্রমিক হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ দুজনসহ আরও কয়েকজন মিলে শ্রমিকদের নির্যাতন করে আসছিল। তিনি বলেন, উদ্ধার হওয়া শ্রমিকদের ওপর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। র‌্যাাব জানায়, গতকাল রাতেই উদ্ধার করা শ্রমিকদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে। শ্রমিকদের আত্মীয়স্বজনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালানো হবে।গতকাল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান। তিনি প্রথম আলোকে বলেন, বর্তমান যুগে এ ধরনের অমানবিক ঘটনা ঘটেছে, যা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তিনি দেশের ভেতরেই মানব পাচার হয়েছে বলে উল্লেখ করে বলেন, এ ধরনের জঘন্য দাসপ্রথার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।