শেকলবাঁধা জীবন থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মম নির্যাতন চালিয়ে শ্রমিকদের দিয়ে কাজ আদায়ের নজির পাওয়া গেছে রাঙামাটির লংগদু উপজেলার একটি ইটভাটায়। শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতনের খবর পেয়ে গত শনিবার রাতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে শেকলবন্দী অবস্থায় ১১ জন শ্রমিককে উদ্ধার করেন। অভিযানের সময় ইসমাইল হোসেন নামের ইটভাটার এক দারোয়ানকেও আটক করা হয়েছে।উদ্ধার হওয়া শ্রমিকেরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা স্বর্ণকারপাড়ার মাধব সরকার (৩০), শফিকুল ইসলাম (৩০), বলরাম সরকার (৩০) ও মনিরুল ইসলাম (২৬); শ্যামনগর উপজেলার কাশিমারীর বাবুল হোসেন (২০), মাহবুর হোসেন (১৮), তোফাজ্জল হোসেন (৬৫), মশিউর রহমান (৩০), জামাল হোসেন (৩২), মো. খোকন ও শহিদুল ইসলাম (১৮)। তাঁরা লংগদু থানা পুলিশের হেফাজতে রয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা লংগদু থানার উপপরিদর্শক (এসআই) মো. শাফায়াত উল্লাহ জানান, এ ঘটনায় শ্রমিক মশিউর রহমান বাদী হয়ে ইটভাটার মালিক শাহজাহান, ব্যবস্থাপক মঞ্জুর আলম মঞ্জু ও শ্রমিক-সরদার জালাল হোসেনকে আসামি করে থানায় মামলা করেছেন। সম্ভবত, দারোয়ান ইসমাইল হোসেনকেও আসামি করা হবে। ঘটনার পর থেকে ইটভাটার মালিক শাহজাহান ও ব্যবস্থাপক মঞ্জুর আলম পলাতক।উদ্ধার পাওয়া শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, লংগদু-নানিয়ারচর সড়কের পাশে বাইট্টাপাড়ার মো. শাহজাহানের মালিকানাধীন এলবিএম ইটভাটায় সাতক্ষীরার শ্যামনগর থেকে আইলায় ক্ষতিগ্রস্ত ১৩ জন শ্রমিককে চুক্তিভিত্তিতে কাজ করার জন্য আনা হয়। শ্রমিকদের হিসাব অনুযায়ী, গত বছরের ৯ কার্তিক (১৮ অক্টোবর) সাতক্ষীরা জেলার শ্যামনগরের এক শ্রমিক সরদারের মাধ্যমে প্রত্যেকে ১০-১২ হাজার টাকা নিয়ে ওই ইটভাটায় কাজ করতে যান। গত ২২ ডিসেম্বর ওই শ্রমিক সরদার পালিয়ে যান এবং এরই মধ্যে ইটভাটা থেকে মায়ের অসুস্থতার কারণে দুজন শ্রমিক বাড়িতে যান। বাকি শ্রমিকেরাও পালিয়ে যাবেন, এ আশঙ্কায় মালিকপক্ষ তাঁদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। দিনের বেলায় শ্রমিকদের ধারালো অস্ত্র ও লাঠি হাতে পাহারা দিয়ে জোর করে কাজ করানো হতো। সন্ধ্যা নামতেই তাঁদের ইটভাটার একটি ঘরে ঢুকিয়ে হাত-পায়ে শেকল বেঁধে ঘরের খুঁটির সঙ্গে তালা মেরে রাখা হতো। শিকলবন্দী অবস্থায়ই তাঁদের আহার-নিদ্রা চলত।উদ্ধার হওয়া শ্রমিক ও মামলার বাদী মশিউর রহমান বলেন, ‘আমরা সবাই আইলায় ক্ষতিগ্রস্ত। আমাকে মাসে ১০ হাজার টাকা বেতনে কাজ করার জন্য নিয়ে এসেছে। বর্তমানে আমি ১৭ হাজার টাকা পাই। শ্রমিক-সরদার জালাল পালিয়ে যাওয়ার পর মালিক ইটভাটার দারোয়ান ইসমাইলকে নিয়োগ করে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে পাহারা দিয়ে আমাদের কাজ করতে বাধ্য করতেন। কাজ না করলে মারধর করা হতো। আমরা যাতে বাড়ির সঙ্গে যোগাযোগ করতে না পারি, সে জন্য মুঠোফোনগুলো তাঁরা জব্দ করেন।’মাধব সরকার (৩০) নামের আরেক শ্রমিক জানান, ‘আমাদের জোর করে ইটভাটায় কাজ করানোর পর ঠিকমতো খাবার দেওয়া হতো না। যা দিত তা-ও আধাপেটা। সন্ধ্যার পরপরই আমাদের একটি ঘরে ঢুকিয়ে শেকলে বেঁধে ফেলা হতো। দারোয়ান ইসমাইল রাতভর ধারালো দা হাতে পাহারা দিতো।’শ্রমিকদের শিকলবন্দী করার কথা স্বীকার করে আটক ইটভাটার দারোয়ান মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমি যা করেছি, সব মালিকের নির্দেশে। আমি নিজে শ্রমিকদের শিকলবন্দী করতাম। গত বছর ইটভাটার মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা দাদন নিয়ে তা শোধ করতে না পারায় এ বছর কাজ করতে বাধ্য হই।’এ ব্যাপারে ইটভাটার মালিক মো. শাহজাহানের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘এ যুগে শেকল বেঁধে জোর করে কাজ করানো আশ্চর্য ব্যাপার। মানুষ কোনো পশুর সঙ্গেও এ ধরনের আচরণ করবে বলে মনে হয় না।’ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।