শেখ কামাল ও শেখ জামালকে মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৩৯ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই ছেলে শেখ কামাল ও শেখ জামালকে মুক্তিযোদ্ধার সনদ দিতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এঁদের কেউ বেঁচে না থাকায় তাঁদের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই সনদ তুলে দেওয়া হবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর দুই ছেলে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, সেটা এই প্রজন্মের অনেকেই জানে না। মুক্তিযুদ্ধ করলেও তাঁরা স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সনদ নেননি। আর বঙ্গবন্ধুকে হত্যা করার পর তাঁদের নিয়ে নানা অপপ্রচার হয়েছে। এবার আমরা সেটা খানিকটা ঘোচাতে চাই।’সচিব জানান, শেখ কামাল মুক্তিবাহিনীর প্রধান আতাউল গনি ওসমানীর এডিসি ছিলেন। আর শেখ জামাল সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও জানান, আজকালের মধ্যে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শেখ কামাল ও শেখ জামালের মুক্তিযোদ্ধার সনদ তুলে দেবেন।মুক্তিযুদ্ধের সময় এস ফোর্সের প্রধান ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ এ বিষয়ে বলেন, ‘আমি মনে করি মন্ত্রণালয়ের উদ্যোগটা ভালো। আমাদের মুক্তিযুদ্ধের সময় যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে জাতির সম্মান ও স্বীকৃতি দেওয়া উচিত।’মুক্তিযুদ্ধ থেকে ফিরে শেখ কামাল আর সেনাবাহিনীতে থাকেননি। তবে শেখ জামাল সেনাবাহিনীতেই ছিলেন। তৎকালীন সেনাপ্রধান কে এম সফিউল্লাহ জানান, শেখ জামাল মুক্তিযুুদ্ধের পরও সেনাবাহিনীতেই ছিলেন। তাঁকে প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়। সেখানেই তিনি কমিশন লাভ করেন। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিন শেখ কামাল ও শেখ জামালকেও হত্যা করা হয়।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, একাত্তরের ২৫ মার্চ বঙ্গবন্ধু বন্দী হওয়ার পর শেখ কামাল পালিয়ে যেতে সক্ষম হন। মে মাসের প্রথম দিকে শেখ কামাল, তখনকার জাতীয় পরিষদ সদস্য ইলিয়াস চৌধুরী ও তৎকালীন ছাত্রলীগের নেতা শেখ শহীদুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী, মুকসুদপুর হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে যান। ভারতে মুক্তিবাহিনীর প্রথম যে ব্যাচটি কমিশন লাভ করে, তাঁদের মধ্যে শেখ কামালও ছিলেন। কমিশন পাওয়ার পর শেখ কামালকে মুক্তিবাহিনীর প্রধান ওসমানীর এডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।