শেখ মুজিব মেডিকেলে ইনকিউবেটর ও ফটোথেরাপি মেশিন হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী ইনকরপোরেটের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগে দুটি করে ইনকিউবেটর ও ফটোথেরাপি মেশিন হস্তান্তর করা হয়েছে।গতকাল সোমবার ‘প্রথম আলো’র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রবাসী ইনকরপোরেটের প্রকল্প ব্যবস্থাপক শাফিন মুশতাক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তের হাতে যন্ত্রগুলো তুলে দেন।অনুষ্ঠানে প্রাণ গোপাল দত্ত বলেন, প্রবাসী সংগঠন বিদেশে বসে দেশের কল্যাণের জন্য যে উদ্যোগ নিচ্ছে তা প্রশংসনীয়। তিনি বলেন, শিশুদের বিশেষ সেবাদানকারী এ যন্ত্রগুলো একদিকে যেমন শিশুদের জীবন রক্ষা করবে, অন্যদিকে চিকিত্সক তৈরিতে শিক্ষার উপকরণ হিসেবে কাজে লাগবে।শাফিন মুশতাক বলেন, ‘অনেক দিন ধরে “প্রথম আলো”র সঙ্গে বিভিন্ন ধরনের সেবামূলক কাজে সহযোগী হিসেবে কাজ করছি।’ তিনি জানান, তাঁরা ১০ মেয়েবন্ধু সিডনিতে স্কুলে পড়ার সময় ২০০১ সালে এই সংগঠন শুরু করেন। গত বছরের ডিসেম্বরে এক দিনে ২৪ শিশুর মৃত্যুর খবর তাঁদের ভীষণভাবে নাড়া দেয়। এরপর তাঁদের সংগঠন শিশুদের বিশেষ সেবাদানকারী যন্ত্র কেনার জন্য তহবিল সংগ্রহ করে। তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের জন্য দেওয়া ইনকিউবেটর ও ফটোথেরাপি যন্ত্রগুলো অনেক শিশুর জীবন বাঁচাবে। ভবিষ্যতেও প্রথম আলো ট্রাস্টের সঙ্গে তাঁদের বিভিন্ন সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘দেশের শিশুদের চিকিত্সাসেবায় একটি প্রবাসী সংগঠন এগিয়ে আসার খবর সত্যিই আনন্দের। এর মাধ্যমে ছোট শিশুরা অনেক উপকৃত হবে। এটি আমাদের মনে আশার সঞ্চার করে। তাদের এ উদ্যোগ অন্যদেরও উত্সাহিত করবে।’‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, প্রবাসী কল্যাণ সংগঠন এর আগে ‘প্রথম আলো’র সঙ্গে অ্যাসিডদগ্ধদের কল্যাণে, শীতার্তদের সেবায়, সিডর- বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে কাজ করেছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. সহিদুল্লা, অস্ট্রেলিয়াপ্রবাসী আবদুল আজিজ ও মুশতাক মাহমুদ খান, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী পলা আজিজ, প্রথম আলো ট্রাস্টের কর্মকর্তা ফেরদৌস ফয়সাল।