শেখ সেলিমের বিরুদ্ধে খালেদার গাড়ি বহরে হামলার মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ির বহরে হামলার অভিযোগে করা মামলাটি বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত বলেছেন, আইন অনুসরণ না করে অবৈধভাবে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়েছে। তাই বাতিল করা হলো।আদালতে শেখ সেলিমের পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ির বহরে হামলার অভিযোগে ২০০১ সালের ২০ জুন মাদারীপুর সদর থানায় যুবদল নেতা খন্দকার মাসুদুর রহমান মামলাটি দায়ের করেন। ওই বছরের ৩ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। একই বছরের ১০ অক্টোবর মামলাটি আকস্মিকভাবে পুনরুজ্জীবিত করা হয়। এরপর ২০০২ সালের ২৮ নভেম্বর শেখ সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা পুনরুজ্জীবিত করা ও অভিযোগপত্র দাখিল আইনসম্মত হয়নি দাবি করে শেখ সেলিম ২০০৩ সালের ১৭ মার্চ হাইকোর্টে বাতিল আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন ও মামলার কার্যক্রম স্থগিত করেন। আজ চূড়ান্ত শুনানি শেষে আদালত মামলাটি বাতিল ঘোষণা করেন।