বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বক্কর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে শেখ সেলিমের পক্ষে শেখ ফজলে নূর তাপস ও মো. মেহেদী হাসান চৌধুরী এবং সরকার পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ মামলা পরিচালনা করেন।২০০২ সালের ১৪ জানুয়ারি নাজিমউদ্দিন নামের এক ব্যক্তি কেরানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, পিরোজপুর যাওয়ার সময় কেরানীগঞ্জ-মাওয়া রোডে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়। ২০০৩ সালের ৩০ মে এ মামলায় শেখ সেলিমসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বাতিলের জন্য শেখ সেলিম ওই বছরের ১৬ জুলাই হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৩ সালের ৯ আগস্ট আদালত ওই মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।এই রুলের ওপর শুনানি শেষে আজ আদালত এ রায় দেন।