শেখ হাসিনা আজ দিল্লি যাচ্ছেন, কাল শীর্ষ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন আগে দিল্লিতে পা রাখার পর থেকে সূর্যের দেখা মেলেনি একবারও। দিল্লিবাসীর ভাষ্য, এক সপ্তাহ ধরে কুয়াশার আড়ালে ঢাকা পড়ে আছে তারাপতি—সূর্য। তাই গতকাল শনিবারের সকাল এমন রৌদ্রকরোজ্জ্বল হবে, ভাবেননি অনেকেই। শীতের সেই নরম রোদে শহরের কেন্দ্রস্থল ঘুরে দেখতে বের হয়ে চোখে পড়ল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে মনমোহন সরকারের নানা আয়োজন। দিল্লির মূল সড়ক ও সড়ক দ্বীপগুলো দুই দেশের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। আর আছে চোখে পড়ার মতো নিরাপত্তাব্যবস্থা। আজ রোববার রাত আটটায় ভারতের রাজধানীতে পৌঁছানোর কথা শেখ হাসিনার। এই সফর ঘিরে ঢাকা, দিল্লি—দুই জায়গায় থাকছে বড় প্রত্যাশা। আগামীকাল সোমবার হায়দরাবাদ হাউসে অনুষ্ঠেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে সন্ত্রাসবাদ দমন, সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানি বণ্টন, বিদ্যুত্ খাতে সহযোগিতা, ট্রানজিটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ওই আলোচনায় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির আভাস দিয়েছে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। বাংলাদেশের কর্মকর্তাদের মতে, শেখ হাসিনার সফরটি যে দুই প্রতিবেশীর সম্পর্কের এক নতুন মাইলফলক হতে যাচ্ছে, তার প্রতিফলন ঘটছে এখানকার প্রচারমাধ্যমেও। সফরসূচি: বাংলাদেশের হাইকমিশনের সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাত আটটায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে দিল্লিতে পৌঁছাবেন। দিল্লির পালাম বিমান ঘাঁটিতে নামবেন তিনি। সেখানে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি যাবেন মৌর্য শেরাটন হোটেলে। ভারত সফরের সময় তিনি এ হোটেলে থাকবেন।আগামীকাল সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা দেওয়া হবে। এখানে তাঁকে অভিবাদন জানাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকষ দল। ওই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই শুরু হবে প্রধানমন্ত্রীর ভারত সফরের কার্যসূচি। এরপর তিনি যাবেন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ফিরে যাবেন হোটেলে। সেখানে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দুপুর ১২টায় ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সেখান থেকে তিনি ফিরবেন হোটেলে। সেখানে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে যাবেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও লোকসভায় বিরোধী দলের নেতা সুষমা স্বরাজ। এরপর তিনি ভারতের ক্ষমতাসীন প্রগতিশীল গণতান্ত্রিক জোটের (ইউপিএ) প্রধান ও কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে যাবেন ১০ নম্বর জনপথের বাড়িতে।ওই বৈঠকের পর হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনা। দুই দেশের শীর্ষ বৈঠক শেষে তিনি তাঁর সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন।পরদিন অর্থাত্ ১২ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যসূচিতে থাকছে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন। এ ছাড়া তিনি এ দিন ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার নেবেন। শান্তি ও গণতন্ত্র বিকাশে অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এ ছাড়া এ দিন তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের সঙ্গে তাঁর বাসায় দেখা করতে যাবেন। আর ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল কক্ষে দেখা করবেন।শেখ হাসিনা ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স (এফআইসিসিআই), কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) ও অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান চেম্বার্স (এসোচেম) আয়োজিত এক মধ্যহ্ন ভোজসভায় যোগ দেবেন।শেখ হাসিনা ১৩ জানুয়ারি জয়পুরে আজমির শরিফে গিয়ে খাজা মইনুদ্দিন চিশতি (রহ.) মাজার জিয়ারত করবেন। সেখান থেকেই ওই দিন বিকেলে তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।সফরসঙ্গী: ভারত সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সাত সদস্য। ভারত সফরের সময় পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, গওহর রিজভি ও বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি আসছেন। সঙ্গে থাকছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ ও যোগাযোগসচিব মোজাম্মেল হক খান। আর থাকছে ৪১ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদল। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ১১৯ জন।