শেখ হাসিনা আয়কর দেন : সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা আয়কর দেন। ওয়াজেদ মিয়া দীর্ঘ ১৫ বছর কষ্ট করে সূধা সদন বাড়িটি নির্মাণ করেছেন। বঙ্গবন্ধুকে তাঁর বাবা কলকাতায় রেখে লেখাপড়া করিয়েছেন। বঙ্গবন্ধুর বাড়িতে এখনো দেড় শ বছরের পুরোনো পাকা ঘর আছে। আর বঙ্গবন্ধু সম্পর্কে কিছু বলা খোন্দকার দেলোয়ারের ধৃষ্টতা।’ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শহরের ছোটবাজার মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আজ শনিবার সন্ধ্যায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আয়োজিত এ অনুষ্ঠানে মজিবুর রহমান খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ বি এম নূরুজ্জামান খোকনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ার্যম্যান ফয়জুর রহমান ফকির, ময়মনসিংহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইকরামুল হক প্রমুখ। সৈয়দ আশরাফ আরও বলেন,খালেদা জিয়া মইনুল সড়কের বাড়ি থেকে কী কী সম্পদ নিয়ে গেছেন, তা কাল রোববার ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে। বিএনপি বাড়ি, খালেদা জিয়ার দুই ছেলে ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য সরকার পতনের আন্দোলনে নেমেছে। রাজাকার মহিউদ্দিন খানের ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে। কোনো হুমকি-ধমকি ও ভয় দেখিয়ে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না। বঙ্গবন্ধুকন্যা মৃত্যুকে ভয় করেন না। তিনি খালেদা জিয়ার মতো বাড়ি-গাড়ি-পোশাক-গয়নার জন্য রাজনীতি করেন না। শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেন।