প্রধান বিরোধী দল বিএনপি শিগগির বড় ধরনের আন্দোলনে নামছে। এই আন্দোলন এবং নির্বাচন কমিশনে নতুন নিয়োগ নিয়ে প্রথম আলো অনলাইনের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।প্রথম আলো: শোনা যাচ্ছে, সরকার নতুন দুজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবে। বিষয়টিকে বিএনপি কীভাবে দেখছে? এম কে আনোয়ার: আওয়ামী লীগ এখন অনেক উল্টোপাল্টা কাণ্ড ঘটাবে। কারণ তারা সরকার চালাতে ব্যর্থ হয়েছে, হয়ে পড়েছে জনবিচ্ছিন্ন। পায়ের তলায় এখন আর মাটি নেই তাদের। শেখ হাসিনা নিজেও দিশেহারা। সে জন্যই তিনি দেশে অশান্তির আগুন জ্বালিয়ে এবং মানুষকে পুলিশের বুটের তলায় পিষে বিদেশে শান্তির মডেল উপহার দিচ্ছেন। ক্রিকেটের পরিভাষায় বলতে হয়, শেখ হাসিনা এখন নার্ভাস নাইন্টিতে আছেন। নিশ্চিত, যেকোনো সময়ে আউট হয়ে যাবেন তিনি। ‘নার্ভাসনেস’ কাটানোর জন্যই এখন তিনি এখন দলীয় বিবেচনায় নির্বাচন কমিশনার নিয়োগের চিন্তাভাবনা করছেন।প্রথম আলো: নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়াটা কেমন হওয়া প্রয়োজন বলে মনে করেন?এম কে আনোয়ার: অবশ্যই গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে হবে। তার আগে দেখতে হবে সরকারের উদ্দেশ্যটা কী? আমরা জানি, শেখ হাসিনার এখন একটাই লক্ষ্য, যেকোনো মূল্যে তাঁকে ক্ষমতায় টিকে থাকতে হবে। এ ক্ষেত্রে তাঁর বড় আশ্রয়স্থল ভারত। পাশাপাশি তিনি দেশের প্রশাসনযন্ত্রকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করছেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছেন। এখন প্রতিশ্রুতি উপেক্ষা করে দলীয় বিবেচনায় নিজেদের পছন্দের নির্বাচন কমিশনার নিয়োগের কথা ভাবছেন। ভাবছেন, সেই কমিশনাররা তাঁদের নির্বাচনী বৈতরণী পার করিয়ে দেবেন। কিন্তু তা এ দেশের জনগণ হতে দেবে না। কমিশনার নিয়োগ দিতে হলে সংবিধানের উল্লেখিত আইন প্রণয়ন করে তার আলোকেই দিতে হবে। তত্ত্বাবধায়ক পদ্ধতি পুনর্বহাল করতে হবে এবং আমাদের সঙ্গে আলোচনা করেই গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে হবে। এর ভিন্ন কিছু হলে দেশের জনগণ এবং আমরা তা মেনে নেব না।প্রথম আলো: বিএনপির আসন্ন আন্দোলন-কর্মসূচি সরকারের জন্য কতটা চ্যালেঞ্জের হবে বলে আপনি মনে করেন? এম কে আনোয়ার: নয়াপল্টনের সমাবেশ প্রমাণ করেছে, জাতীয়তাবাদী শক্তি সক্রিয়। ১০ অক্টোবর খালেদা জিয়া সিলেটে যাচ্ছেন। জাতীয়তাবাদী শক্তির আন্দোলন কতটা জোরালো সেটা সিলেট-যাত্রার আন্দোলন থেকেই দেখতে পাবেন।প্রথম আলো: রোডমার্চে নেতৃত্বে দেওয়ার মতো শারীরিক সক্ষমতা কি এ মুহূর্তে খালেদা জিয়ার আছে?এম কে আনোয়ার: এটা ঠিক যে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। কিন্তু মনের জোর প্রবল। সরকারের কর্মকাণ্ড তাঁর মনের জোরকে বাড়িয়ে দিয়েছে। তাঁর মনের জোরের কাছে হেরে গেছে শারীরিক দুর্বলতা।প্রথম আলো: ধন্যবাদ আপনাকে।এম কে আনোয়ার: প্রথম আলোকেও ধন্যবাদ।