শেখ হাসিনা-এরশাদ এক মঞ্চে আজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার রংপুরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে উঠছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল শুক্রবার হঠাৎ করে এমন প্রচার চালানো হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে শেখ হাসিনা ও এরশাদের ছবিসংবলিত পোস্টার শহরে সাঁটানো হয়েছে।কয়েক দিন ধরে শহরে মাইকযোগে প্রচার চালানো হয়, আওয়ামী লীগের আয়োজনে রংপুর জিলা স্কুল মাঠে জনসভা। এই জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহমেদ। জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়। এ ছাড়া শহরে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। শহরজুড়ে সাজ সাজ রব।গতকাল শুক্রবার সকাল থেকে মাইকে প্রচার চালানো হয়, এটি মহাজোটের জনসভা। জাতীয় পার্টির পক্ষ থেকে মাইকযোগে বলা হয়, ‘...জনসভায় বক্তব্য রাখবেন পল্লিবন্ধু ৬৮ হাজার গ্রাম-বাংলার নয়নমণি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরশাদের জনসভায় দলে দলে যোগ দিন। শেখ হাসিনার জনসভায় দলে দলে যোগ দিন। মহাজোটের জনসভায় দলে দলে যোগ দিন।’তড়িঘড়ি শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিরও পোস্টার লাগানো হয়। জাতীয় পার্টির পোস্টারে শেখ হাসিনা ও এরশাদের পাশাপাশি ছবির মাঝে লাঙ্গল প্রতীক রয়েছে।হঠাৎ এমন প্রচারে জনমনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। এ প্রসঙ্গে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, দেরিতে হলেও এ রকম সিদ্ধান্ত হয়েছে। দলের উচ্চপর্যায় থেকে বিষয়টি জানানো হলে মাইকে প্রচার চালানো হয় এবং পোস্টারও ছাপানো হয়। একই মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এইচ এম এরশাদ বক্তব্য দেবেন বলে জানান তিনি।জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া মহাজোটের অন্য শরিক দলের স্থানীয় নেতাদেরও আমন্ত্রণ করা হয়েছে।