শেখ হাসিনা ও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন টনি ব্লেয়ার
গণতন্ত্র শক্তিশালী করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আজ শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় স্ত্রী চেরি ব্লেয়ার তাঁর সঙ্গে ছিলেন।বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী ছাড়াও সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বার্তা সংস্থা ইউএনবি জানায়, বর্তমান সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের ব্যাপারে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রীকে অবহিত করেন শেখ হাসিনা। তিনি টনি ব্লেয়ারকে জানান, আওয়ামী লীগ সরকার সন্ত্রাস দমনের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি ক্ষমতায় আসার পর থেকেই জনগণের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কারণ সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করা না গেলে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য বিফলে যাবে।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান। শেখ হাসিনার মতে বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য।তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনামলের অবসান ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অব্যাহত সমর্থনের জন্য শেখ হাসিনা যুক্তরাজ্য সরকারের প্রশংসা করেন।টনি ব্লেয়ার ফেইথ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মের মধ্যে শান্তি ও সহমর্মিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রীর ভূমিকারও প্রশংসা করেন।এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত মো. জিয়াউদ্দিন, মুখ্যসচিব মো. আবদুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদউজ্জামান ও ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার স্টিভেন ইভান্স উপস্থিত ছিলেন।খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ: বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাজ্যের সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আজ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ব্রিটিশ হাইকমিশনের ডাকবাংলোয় অনুষ্ঠিত ওই বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়েও তাঁরা কথা বলেন।সূত্র জানায়, বৈঠকে টনি ব্লেয়ার বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও শিক্ষা এ দেশের প্রধান সমস্যা। তিনি বিরোধীদলীয় নেতাকে বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।সৌজন্য সাক্ষাতের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও ব্রিটিশ রাষ্ট্রদূত স্টিফেন ইভান্স উপস্থিত ছিলেন।তিন দিনের ব্যক্তিগত সফরে টনি ব্লেয়ার গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় আসেন। কাল সকালে তাঁর ঢাকা ছাড়ার কথা।