শেখ হাসিনা যে কারণে বেঁচে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ হাসিনার সমাবেশ শুরু হওয়ার পর ১২ জন জঙ্গি তিন ভাগ হয়ে তাঁর মঞ্চের তিন দিকে অবস্থান নেয়। পরিকল্পনা অনুযায়ী, শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলনেতা জান্দাল মঞ্চের সামনে প্রথম গ্রেনেডটি ছোড়েন। ধারণা ছিল, বিস্ফোরণের পর মঞ্চের সামনের জায়গা ফাঁকা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কাছাকাছি অবস্থান নেওয়া জঙ্গি বুলবুল গিয়ে সরাসরি মঞ্চে শেখ হাসিনার ওপর গ্রেনেড ছুড়বেন। কিন্তু প্রথম গ্রেনেডটি বিস্ফোরণের পর ঊর্ধ্বশ্বাসে ছোটা মানুষের ধাক্কায় পড়ে যান বুলবুল। উঠে আর গ্রেনেড ছোড়ার সুযোগ পাননি তিনি। এ কারণেই প্রাণে বেঁচে যান শেখ হাসিনা, সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও।সিআইডির গত সাড়ে চার বছরের তদন্ত এবং আদালতে দেওয়া জঙ্গিদের জবানবন্দি ও অভিযোগপত্র থেকে হামলার এ চিত্র পাওয়া যায়। ২০০৪ সালের ২১ আগস্টের ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী নিহত হন।শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে সাত বছর আগে ওই ভয়াবহ আক্রমণে উগ্র জঙ্গিগোষ্ঠীর ১২ সদস্য সরাসরি অংশ নেয়। এই হামলার পরিকল্পনা, প্রস্তুতি এবং হামলার পর জঙ্গিদের পালাতে সহায়তা এবং তদন্ত ভিন্ন খাতে নিয়ে জড়িত ব্যক্তিদের রক্ষার চেষ্টার অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী, নেতা ও গোয়েন্দা কর্মকর্তাকেও আসামি করা হয়েছে সম্পূরক অভিযোগপত্রে।মামলার অভিযোগপত্র, জঙ্গিদের জবানবন্দি ও তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠপর্যায়ে আক্রমণের নেতৃত্বে ছিলেন হুজির দুই কথিত কমান্ডার মুফতি আহসান উল্লাহ কাজল (বাড়ি ফরিদপুর) ও মুফতি মঈন উদ্দিন শেখ ওরফে আবু জান্দাল (নড়াইল)। এ দুজন আগের দিন অর্থাৎ ২০ আগস্ট ঘটনাস্থল ও আশপাশের এলাকা রেকি (আক্রমণপূর্ব পর্যবেক্ষণ) করেন। পরিকল্পনা অনুযায়ী, ২১ আগস্ট সকাল ১০টার মধ্যে হামলার জন্য নির্বাচিত জঙ্গিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজধানীর মেরুল বাড্ডায় জঙ্গি নেতা মুফতি হান্নানের আস্তানায় জড়ো হন। এঁদের মধ্যে ছিলেন কাজল, জান্দাল, আনিসুল মুরসালিন (ফরিদপুর) ও তাঁর ভাই মহিবুল মুত্তাকিন, মাওলানা আবু বকর (বরিশাল), শাহাদত উল্লাহ জুয়েল (নারায়ণগঞ্জ), উজ্জ্বল ওরফে রতন (ঝিনাইদহ), মাসুদ (ঝিনাইদহ), আবুল কালাম আজাদ বুলবুল (ঝিনাইদহ), ইকবাল (ঝিনাইদহ), জাহাঙ্গীর আলম (কুষ্টিয়া), মহিবুল ওরফে অভি (গোপালগঞ্জ), রফিকুল ইসলাম ওরফে সবুজ (মাগুরা), খলিল (মাগুরা), শুভ ওরফে তৌফিক (নারায়ণগঞ্জ), আরিফ হাসান ওরফে সুমন (ঢাকার মোহাম্মদপুর), বাবু (টাঙ্গাইল), ফেরদৌস (মিরপুর, ঢাকা) ও মাওলানা লিটন ওরফে জোবায়ের ওরফে দেলোয়ার (গোপালগঞ্জ)।মুফতি হান্নান, মাওলানা আবু সাইদ ওরফে জাফর, হুজির কথিত সামরিক শাখার ডেপুটি চিফ কমান্ডার জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর বদর (ঢাকার দোহার), মহানগর আমির আবু তাহেরসহ আরও কয়েকজন ওই বৈঠকে উপস্থিত ছিলেন।প্রাপ্ত তথ্যমতে, তাঁরা একটি কক্ষে গোল হয়ে বসেন। মাওলানা আবু সাইদ ওরফে আবু জাফর ও মুফতি হান্নান আক্রমণে অংশগ্রহণকারীদের উদ্দেশে উদ্বুদ্ধকরণ বক্তব্য দেন। তাঁরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ইসলাম ধর্মের শত্রু আখ্যায়িত করেন। বক্তব্য শেষে হামলার নির্দেশনা দেন।একপর্যায়ে আবু তাহের ও কাজল প্রস্তাব করেন, যাঁদের দাড়ি আছে তাঁদের হামলায় অংশ নেওয়া ঠিক হবে না। পরে আক্রমণের জন্য ১২ জনকে চূড়ান্ত করা হয়। তাঁদের ১৫টি আর্জেস গ্রেনেড দেওয়া হয়। প্রতি দলে চারজন করে তাঁদের তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে মঞ্চে আক্রমণের দায়িত্ব ছিল জান্দাল, কাজল, বুলবুল ও লিটনের সমন্বয়ে গঠিত দলের। তাঁদের অবস্থান ছিল মঞ্চের দক্ষিণ-পশ্চিম পাশে।সবুজ, জাহাঙ্গীর আলম, মাসুদ ও উজ্জ্বলের সমন্বয়ে দ্বিতীয় এবং মুত্তাকিন, মুরসালিন, আরিফ হাসান ও ইকবালের সমন্বয়ে গঠিত তৃতীয় দলটির দায়িত্ব ছিল যথাক্রমে মঞ্চের পশ্চিম ও পশ্চিম-উত্তর দিকে অবস্থান নিয়ে সমাবেশে উপস্থিত জনতার ওপর আক্রমণ করা। জঙ্গিদের দেওয়া তথ্য অনুযায়ী, জনতার ওপর আক্রমণের উদ্দেশ্য ছিল নেতা-কর্মীরা মঞ্চের দিকে গিয়ে শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করার সুযোগ যেন না পায়। এই ১২ জনের বাইরে আবু বকর, জুয়েল, খলিল, শুভ, বাবু, ফেরদৌসসহ আরও কয়েকজন গোলাপশাহ মাজারের মসজিদে অবস্থান নেন। উদ্দেশ্য, আক্রমণকারীদের কেউ ধরা পড়লে দ্রুত এগিয়ে গিয়ে ব্যবস্থা নেওয়া।মুফতি হান্নান তাঁর জবানবন্দিতে বলেছেন, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ছয়জনকে পাঠিয়েছেন। তাঁরা গোলাপশাহ মাজারে ছিলেন প্রয়োজনে সহায়তার জন্য। ওই ছয়জনের দলনেতা ছিলেন ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার জনৈক লাদেন। এই ছয়জনকে সিআইডি শনাক্ত করতে পারেনি।তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, বাড্ডায় মুফতি হান্নানের আস্তনায় দুপুরের খাবার খেয়ে আক্রমণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যার যার মতো ঘটনাস্থলে রওনা হন। সিদ্ধান্ত অনুযায়ী, সবাই আসরের নামাজের আগে গোলাপশাহ মাজারসংলগ্ন পার্কের কোনায় মসজিদে একত্র হন। সেখান থেকে সমাবেশমুখী আওয়ামী লীগের বিভিন্ন মিছিলের সঙ্গে মিশে ১২ জঙ্গি সমাবেশস্থলে গিয়ে হাজির হয়।বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর তৈরি সমাবেশ মঞ্চটি ছিল পশ্চিমমুখী। মঞ্চের সামনের দিকে দক্ষিণ পাশে পেট্রল পাম্পের মোড়ের কাছে অবস্থান নেন জান্দাল, কাজল, বুলবুল ও লিটনের দলটি। সবুজ, জাহাঙ্গীর আলম, মাসুদ ও উজ্জ্বলের দ্বিতীয় দলটির অবস্থান ছিল মঞ্চের সামনের দিকে উত্তর পাশের ফুটপাত ঘেঁষে। আর তৃতীয় দলটির অবস্থান ছিল মঞ্চের পশ্চিম পাশে মোড়ের কাছে।শেখ হাসিনার বক্তব্য শেষ হতেই প্রথম গ্রেনেডটি ছোড়েন জান্দাল। এরপর জঙ্গিরা যার যার অবস্থান থেকে গ্রেনেড ছুড়তে থাকেন। প্রথম গ্রেনেডের পর মঞ্চের সামনের জায়গা ফাঁকা হলে দ্বিতীয় গ্রেনেডটি মারার কথা ছিল বুলবুলের। কিন্তু মানুষের দিগ্বিদিক ছোটাছুটির মধ্যে ধাক্কা খেয়ে পড়ে যান বুলবুল। শেষ পর্যন্ত বুলবুল আর গ্রেনেড ছুড়তে পারেননি। পরে সেফটি পিন না খুলেই গ্রেনেড মাটিতে ফেলে পালিয়ে যান। জাহাঙ্গীর আলম তাঁর জবানবন্দিতে বলেছেন, ‘প্রথম গ্রেনেড হামলার পরপর তিনি মঞ্চের উত্তর পাশ থেকে সমবেত মানুষের ওপর একটি গ্রেনেড ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে রক্তাক্ত মানুষের চিৎকার ও ব্যাপক হট্টগোল শুরু হলে তিনি ভড়কে যান। ফলে দ্বিতীয় গ্রেনেডটি না ছুড়ে তিনি জনতার সঙ্গে দৌড় দেন এবং গুলিস্তান হকার্স মার্কেটে গিয়ে সেখানকার টয়লেটের ঝুড়িতে বাকি গ্রেনেডটি ফেলে সটকে পড়েন। জাহাঙ্গীর সিআইডির জিজ্ঞাসাবাদে বলেছেন, পালানোর পথ, কোথায় টয়লেট আছে—এসব আক্রমণের আগেই তাঁরা পর্যবেক্ষণ করেছিলেন।হামলা শেষে জঙ্গিরা সবাই যার যার মতো সটকে পড়েন। জবানবন্দিতে বুলবুল বলেন, তিনি জনতার সঙ্গে মিশে দৌড়ে গুলিস্তানের দিকে চলে যান। সেখান থেকে শহর এলাকার একটি বাসে চড়ে গাবতলী যান। গাবতলী থেকে ঝিনাইদহের শৈলকুপায় নিজ বাড়িতে চলে যান ওই রাতেই।আসামি আরিফ হাসান বলেছেন, তিনি দুটি গ্রেনেড নিক্ষেপ করেছিলেন। একটি বিস্ফোরিত হয়েছে। তড়িগড়ি করতে গিয়ে দ্বিতীয় গ্রেনেডটির সেফটি পিন না খুলেই নিক্ষেপ করেছিলেন। এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন এবং নিউমার্কেটের কাছে গিয়ে মাওলানা তাজউদ্দিনের সঙ্গে দেখা করেন। তাজউদ্দিনের কাছ থেকে আট হাজার টাকা নিয়ে তিনি রাজশাহী চলে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আবদুল লতিফ ছাত্রাবাসের ৩১২ নম্বর কক্ষে গিয়ে আশ্রয় নেন আরিফ। তাজউদ্দিনই এই ব্যবস্থা করে রেখেছিলেন বলে জানান তিনি।হামলার পর আহসান উল্লাহ কাজল মুঠোফোনে মুফতি হান্নানকে বলেছেন, ‘অপারেশন সাকসেস’। কারণ পলায়নরত পর্যন্ত জঙ্গিরা ধরে নিয়েছিলেন শেখ হাসিনা মারা গেছেন।প্রস্তুতি: তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ হাসিনাকে হত্যার এই পরিকল্পনা আরও অনেক আগের। হামলার জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে অনেক আগে। মুফতি হান্নান, হুজির ডেপুটি চিফ কমান্ডার ঢাকার দোহারের জাহাঙ্গীর বদর, কাজল তাঁদের প্রশিক্ষণ দেন। অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, ২০০৪ সালের ১৮ আগস্ট আবু তাহের, মুফতি হান্নান ও মুফতি আহসান উল্লাহ ওরফে কাজল মোহাম্মদপুর সুপার মার্কেটের কাছে হুজির কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে তাহের বলেন, কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে ২১ আগস্ট (২০০৪) শেখ হাসিনার জনসভায় হামলা করা হবে। এ নিয়ে উপমন্ত্রী (তৎকালীন) আবদুস সালাম পিন্টুর সঙ্গেও কথা হয়েছে। এরপর আবু তাহের, মুফতি হান্নান ও কাজল ধানমন্ডির লেকপাড়ে উপমন্ত্রী পিন্টুর সরকারি বাসভবনে যান। সেখানে পিন্টু, তাঁর ভাই তাজউদ্দিন, তাহের, হান্নান ও কাজল পরিকল্পনা নিয়ে আরেক দফা আলোচনা করেন। বৈঠকে পিন্টু হামলার জন্য অর্থের সংস্থান ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন।১৯ আগস্ট মাওলানা তাহের, কাজল, জান্দাল ও আবদুস সালাম পিন্টু মিরপুর ১ নম্বর পানির ট্যাংকের কাছে মসজিদ-এ আকবর কমপ্লেক্সে আবার বৈঠক করেন। পিন্টু তাঁদের পরদিন তাঁর বাসায় যেতে বলেন।২০ আগস্ট বেলা ১১টায় জান্দাল ও কাজল ধানমন্ডিতে পিন্টুর বাসায় যান। তাঁদের ১৫টি গ্রেনেড ও ২০ হাজার টাকা দেন আবদুস সালাম পিন্টু ও মাওলানা তাজউদ্দিন।মুফতি হান্নান তদন্ত কর্মকর্তাকে বলেন, তিনি ২০ আগস্ট কাজলের মাধ্যমে জানতে পারেন, ২১ আগস্ট হামলার জন্য উপমন্ত্রী পিন্টু ছয়জন লোক দেবেন। ওই ছয়জনের মধ্যে একজনের সঙ্গে কাজলকে পরিচয় করিয়ে দিয়েছেন পিন্টু। তাঁর নাম লাদেন।এদিকে পিন্টু, তাহের ও তাজউদ্দিনের সঙ্গে আলোচনার পাশাপাশি বাড্ডায় মুফতি হান্নানের আস্তানায় ১৮ আগস্ট থেকেই আক্রমণে অংশগ্রহণকারীদের তালিকা তৈরি, হামলাস্থল রেকি ও অন্যান্য প্রস্তুতি চলতে থাকে। তাঁরা এই হামলার একটি সাংকেতিক নামও দেন। তা হলো ‘শেখ হাসিনাকে নাস্তা করানো’।জঙ্গি বিপুল জবানবন্দিতে বলেন, তিনি ২০০৪ সালের ১৯ আগস্ট মুফতি হান্নানের বাড্ডার বাসায় গিয়ে দেখেন আলোচনা চলছে। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে অভি বিপুলকে বলেন, ২১ তারিখ ‘শেখ হাসিনাকে নাস্তা করানো’ বিষয়ে আলোচনা হচ্ছে।