শেখ হাসিনা সাহায্য না করলে ইউনূস এগোতে পারতেন না : ম খা আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, কারও ব্যক্তিমালিকানার স্বার্থের জন্য কোনো প্রতিষ্ঠানকে জনগণের স্বার্থ থেকে বিচ্যুত করার কোনো অবকাশ নেই। আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার বীর উত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। খবর বাসসের।অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর বলেন, `একটা কথা মনে রাখা দরকার শেখ হাসিনা যদি সাহায্য না করতেন আর বঙ্গবন্ধুর ফর্মূলা যদি প্রয়োগ না করা হতো তাহলে ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে এত দূর এগোতে পারতেন না।' অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘তাঁর (খালেদা জিয়ার) বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় নিশ্চয়ই আরেকটি চক্রান্ত বা ষড়যন্ত্র আছে। যেভাবে ইয়াজউদ্দিনকে দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করেছিলেন, ঠিক একইভাবে তিনি (খালেদা জিয়া) গণতান্ত্রিক ও সাংগঠনিক প্রক্রিয়াকে নস্যাত্ করার চক্রান্ত করছেন।’জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখা ‘বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে পারলেই জাতি কলঙ্কমুক্ত হবে’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। যেকোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হবে। যারা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা দেশে গণতন্ত্র চায় না।সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাতেমাতুজ্জামানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য দেন।