শেখ হাসিনা হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান: নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আগামী জানুয়ারিতে সংসদ নির্বাচন হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। যত চেষ্টা করেন, আর যত আন্দোলন করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আর ফিরবে না, যুদ্ধাপরাধীদের বিচারও বন্ধ হবে না।’আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁতি লীগ আয়োজিত আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘হরতাল করেন, আর যা-ই করেন, এ দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি ফিরে আসবে না।’ ১৮-দলীয় জোট ও শিবিরের ডাকা কালকের হরতালে দলীয় নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামীকাল দেশে কোনো সুস্থ নাগরিক হরতাল পালন করবে না। আপনারা সবাই গাড়ি চালাবেন। দোকানপাট খোলা রাখবেন। আপনাদের নিরাপত্তা দেবে প্রশাসন।’তাঁতি লীগের আহ্বায়ক এনাজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ।