শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট ওবামা
জাতিসংঘ সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রনেতাদের এক ভোজসভায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত্ হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন সাংবাদিকদের এ কথা জানান। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগতি ও সাফল্যের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।প্রেসিডেন্ট ওবামার আসন্ন ভারত, জাপান ও ইন্দোনেশিয়া সফরের সময় তাঁকে বাংলাদেশে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ জানান। জবাবে বারাক ওবামা তাঁর সময়ের সীমাবদ্ধতার কথা জানান। তবে তিনি আমন্ত্রণের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সংক্ষিপ্ত সময়ের এই সাক্ষাতে ওবামা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করেন। কাল শনিবার বিকেলের অধিবেশনে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষায় তাঁর বক্তব্য দেবেন।