শেখ হাসিনাকে চারবার হত্যার চেষ্টা চালায় হরকাতুল জিহাদ
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে আরও অন্তত তিনবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছিল হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)।শেখ হাসিনাকে হত্যার প্রথম চেষ্টা হয়েছিল ২০০০ সালে। তখন তিনি প্রধানমন্ত্রী। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ওই চেষ্টা ব্যর্থ হওয়ার পর ২০০১ সালে খুলনায়, একই বছর তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিলেটে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায় এই জঙ্গিগোষ্ঠী।হুজির অন্যতম শীর্ষস্থানীয় নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তি অনুযায়ী, ২০০০ সালের জুলাই মাসে হুজির কেন্দ্রীয় কমিটির বৈঠকে শেখ হাসিনাকে হত্যার সিদ্ধান্ত নেন তাঁরা। ওই বছরের ২০ জুলাই কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশস্থল ও হেলিপ্যাডের কাছে দুটি শক্তিশালী বোমা পুঁতে রাখা হয়েছিল, যা সমাবেশের আগে পুলিশ উদ্ধার করে।কোটালীপাড়ায় বোমা পোঁতার এক সপ্তাহ আগে হুজি দূরনিয়ন্ত্রিত বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল ফরিদপুরে পীর আলাল চিশতির বার্ষিক জলসায়। ২০০০ সালের ১৩ জুলাই ওই বোমা হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়। ফরিদপুরের ওই হামলায় সফল হওয়ার পর একই প্রযুক্তিতে আরও কয়েক গুণ শক্তিশালী দুটি বোমা পোঁতা হয়েছিল কোটালীপাড়ায়। ফরিদপুরের আলাল চিশতির জলসায় হামলার মামলাটি ছিল মুফতি হান্নানের বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলা। কিন্তু বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ দেখিয়ে এই মামলার প্রধান আসামি হুজি নেতা হাফেজ মুফতি কামাল উদ্দিন শাকের ও ফ্রিডম পার্টির সাবেক কর্মী নবাব শরিফের নাম প্রত্যাহার করা হয়। এ কারণে মুফতি হান্নানসহ অন্য আসামিরাও মামলা থেকে অব্যাহতি পেয়ে যান।সিলেটে হত্যাচেষ্টা: জোট সরকারের আমলে (২০০৬ সালের ১৯ নভেম্বর) আদালতে দেওয়া জবানবন্দিতে মুফতি হান্নান বলেন, ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে শেখ হাসিনা নির্বাচনী জনসভায় সিলেটে গেলে, সেখানে বোমা পেতে তাঁকে হত্যার পরিকল্পনা করেছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শী, ঘটনার পরবর্তী ওয়াকিবহাল সূত্রগুলোর সঙ্গে কথা বলে ও মামলার নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ২০০১ সালের ২৫ সেপ্টেম্বর রাত আটটার দিকে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভাস্থল থেকে কাছাকাছি ফাজিল চিশতি এলাকায় আরিফ আহমেদ রিফার ভাড়া দেওয়া মেস ঘরে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুই বোমাবাজ নিহত হয়। আহত অবস্থায় হুজির সদস্য মাসুদ আহমেদ শাকিল (ঢাকা) ও আবু ওবায়দা ওরফে হারুন (ফেনী) গ্রেপ্তার হয়।২০০১ সালেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে শাকিল ঘটনার বিবরণ দেয়। কিন্তু কিছুদিন পর পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যায়। ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার একটি মাদ্রাসা থেকে মুফতি হান্নানের ‘গুরুখ্যাত’ মাওলানা আবু সাইদ ওরফে আবু জাফরকে গ্রেপ্তারের পর এই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। মাওলানা আবু সাইদ ২০০৬ সালের ৫ অক্টোবর সিলেট ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেন। জবানবন্দিতে বলা হয়, ২০০১ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরের মধ্যে শেখ হাসিনার হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যাওয়ার কথা ছিল। পরে তাঁরা খবর পান, শেখ হাসিনা হজরত শাহপরান (রহ.)-এর মাজারে যাবেন। দুই মাজারে ওত পেতে থাকার পর সন্ধ্যায় জানতে পারেন, শেখ হাসিনা সরাসরি জনসভাস্থলে চলে যাবেন। এরপর জঙ্গিরা জনসভাস্থলের অদূরে তাদের ভাড়া করা মেসে গিয়ে ওঠে। ওই মেসেই রাত আটটার দিকে নাড়াচাড়া করতে গিয়ে বোমা বিস্ফোরিত হয়।খুলনায় হত্যা পরিকল্পনা: কোটালীপাড়ায় হত্যার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ২০০১ সালের ৩০ মে খুলনায় রূপসা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল হুজি। কিন্তু তিন দিন আগে ২৭ মে সেতুর কাছাকাছি রূপসা নদী থেকে দুটি ইঞ্জিন নৌকাভর্তি ১৫ জঙ্গি ধরা পড়ে যাওয়ায় সেটিও আর সফল হয়নি। এই ১৫ জনের একজন মাসুম বিল্লাহ ওরফে মুফতি মইন ঢাকায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় অংশ নিয়েছিলেন।প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, নৌকা থেকে গ্রেপ্তার হওয়া এই ১৫ জন মুফতি হান্নানের নেতৃত্বাধীন হুজির সদস্য। এঁদের মধ্যে একজন কুতুব উদ্দিন ওরফে বাবুর বাড়ি শৈলকুপা উপজেলার কেষ্টপুর গ্রামে। তিনি ২১ আগস্ট হামলা মামলার দুই আসামি ও হুজির আঞ্চলিক নেতা আবুল কালাম আজাদ বুলবুল ও মাওলানা লিটন ওরফে জোবায়েরের ঘনিষ্ঠ ছিলেন। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর এই মামলার কোনো অগ্রগতি হয়নি। আসামিরা সবাই কিছুদিন পর জামিনে বেরিয়ে যান।