শেখ হাসিনাকে রক্ষা করা আমাদের দায়িত্ব: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এক-এগারোর সময় দলের ভেতরে-বাইরে থেকে শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করা হয়। এখনো তাঁকে হত্যার চেষ্টা অব্যাহত আছে। এক-এগারোতে কার কী ভূমিকা ছিল, তা সময়মতো জনসমক্ষে প্রকাশ করা হবে।সৈয়দ আশরাফ বলেন, ‘এক-এগারোর সময় কারা দেশ শাসন করেছে? আমার একটা বক্তব্য নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। কিন্তু আজকেও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাজনীতিতে গোয়েন্দাদের হস্তক্ষেপ বন্ধে আইন করার কথা বলেছেন। অনেকে ভয়ে কথা বলেন না। অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলতে চান না।’ তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষা করা যেমন আমাদের নৈতিক দায়িত্ব, তেমনি শেখ হাসিনাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। অনেক রক্তের বিনিময়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা এনেছি, বিনামূল্যে নয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তাঁকে রক্ষার জন্য দলীয় ঐক্যকে সুদৃঢ় করে ইস্পাত-কঠিন ঐক্যে রূপান্তর করতে হবে।’আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট স্মরণে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে দলীয় নেতা-কর্মীরা তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন। তিনি দেশে ফিরে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করেন। তখন সে কাজে দলের ভেতর থেকেই বাধা আসে। তিনি বলেন, এক-এগারোর সময় দলের অনেকেই চাননি শেখ হাসিনা জেল থেকে ফিরে আসুক। তখনকার পত্র-পত্রিকার প্রতিবেদন ও কলাম দেখলেই বুঝা যাবে, কারা গণতন্ত্র চায়নি, কারা শেখ হাসিনাকে জেলে রাখতে চেয়েছিল।সৈয়দ আশরাফ বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আমরা অবাধ মিডিয়ায় বিশ্বাস করি। তাই দেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অভাব নেই। কিন্তু মিডিয়ারও একটা দায়িত্ব আছে। আর সেটা হচ্ছে, সত্য কথা বলা। এ জন্য সাহস থাকতে হবে। সাংবাদিক প্রতিবেদনে মিথ্যার আশ্রয় নিতে পারে না।’ তিনি বলেন, ‘হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, তেমনি সব প্রতিবেদনও বস্তুনিষ্ঠ নয়, সব সাংবাদিকও সাংবাদিক নয়। গণতন্ত্রের জন্য সত্ ও নির্ভীক সংবাদমাধ্যম প্রয়োজন। স্বাধীন সংবাদমাধ্যম ও গণতন্ত্রে বিশ্বাস করি বলে আমরা অনেক কথার জবাব দেই না, প্রতিবাদও করি না।’স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেন, বিএনপি-জামায়াত রমজান মাসের পরের কথা বলে ভয় দেখায়। তবে যুবলীগও তখন বসে থাকবে না। তারা প্রস্তুত। তিনি বলেন, ‘মির্জা ফখরুল মিছিল-মিটিং করছেন আর বলছেন দেশে গণতন্ত্র নাই। উনি কাকে গণতন্ত্র শেখান।’ নানক বলেন, ২১ আগস্ট ও ১৫ আগস্ট একসূত্রে গাঁথা। খালেদা ও তারেক ঠান্ডা মাথার ষড়যন্ত্র ছিল ২১ আগস্ট। এর বিচার হবেই।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন মির্জা আজম, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুল আলম, ফজলুল হক প্রমুখ।