শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় সম্পূরক অভিযোগ গঠন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যাচেষ্টা মামলায় গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল গোলাম মুরশিদের আদালতে সম্পূরক অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৮ আগস্ট ধার্য করেছেন আদালত।এদিকে এ হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগের তিন নেতা জড়িত ছিলেন বলে আবারও দাবি করেছেন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান। গতকাল দুুপুরে আদালতে তিনি এ দাবি করেন। অভিযুক্ত আওয়ামী লীগের নেতারা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।আদালত সূত্রে জানা গেছে, হত্যাচেষ্টা মামলায় ২০০১ সালের ২ জুলাই মুফতি আবদুল হান্নান ও কামাল উদ্দিন সাকেরসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। পরে মুফতি হান্নান র্যাবের হাতে আটক হলে তিনি শেখ হাসিনাকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেন এবং ১৪ জন জঙ্গির নাম উল্লেখ করেন। তাঁর এই জবানবন্দির ওপর ভিত্তি করেই পুলিশ আবার মামলার তদন্ত করে। এর মধ্যে ঠিকানা ও পরিচয় না পাওয়ায় পুলিশ অভিযুক্ত পাঁচজনের নাম বাদ দিয়ে নয়জনের বিরুদ্ধে গত বছরের ২৯ জুন আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। গতকাল ওই সম্পূরক অভিযোগপত্রের ওপর অভিযোগ গঠন করা হয়। মামলা পরিচালনাকারী অতিরিক্ত সরকারি কৌঁসুলি রঞ্জিত কুমার জানান, এ সময় আদালতের কাঠগড়ায় মুফতি হান্নানসহ উপস্থিত ১০ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। মুফতি হান্নান কথা বলার জন্য আদালতের অনুমতি চান। এ সময় বিচারক গোলাম মুরশিদ বলেন, আজ অভিযোগ গঠনের দিন। আপনার কথা বলার সুযোগ নেই। সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার পর কার্যবিধির ৩৪২ ধারায় আপনি কথা বলার সুযোগ পাবেন। এর পরও মুফতি হান্নান কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘আবদুল্লাহ, মাহবুব ও কিবরিয়া এ ঘটনায় জড়িত। আমাকে এই মামলায় জড়ানো হয়েছে।’ এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা মুফতি হান্নানকে আদালত থেকে নিয়ে যায়। যোগাযোগ করা হলে আওয়ামী লীগের নেতা মাহবুব আলী খান প্রথম আলোকে বলেন, ‘আমার ও আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে মুফতি হান্নানকে দিয়ে কেউ এসব কথা বলাচ্ছে।’ গোলাম কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যাচেষ্টার পর পুলিশ যখন মুফতি হান্নানের বাড়ির মালামাল জব্দ করে, তখন পুলিশকে সহায়তা করি। তাছাড়া বিদ্যালয় পরিচালনা পর্ষদসহ বিভিন্ন নির্বাচনে মুফতি হান্নানের ভাই ও তাঁর লোকজন নির্বাচন করেছে, আমি তাঁর বিরোধিতা করেছি। এ কারণে হয়তো তিনি আমার নাম বলেছেন।’ ২০০০ সালের ২০ ও ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়ার জনসভাস্থলের খুব কাছ থেকে শক্তিশালী দূর-নিয়ন্ত্রিত দুটি বোমা উদ্ধার করা হয়।