শেখ হাসিনার দেশে ফেরার বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
রমনা এলাকার মৎস্য ভবন থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাসভবন পর্যন্ত পথজুড়ে ছিল জনতার বিস্তার। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩০ বছর পূর্তিতে গতকাল মঙ্গলবার রাজধানীতে এ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মুখে ছিল ‘ঝড় বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে’ এই স্লোগান। নিজেদের আনন্দ ভাগ করে নিতে পথে অন্যদের ওপরও পুষ্পবৃষ্টি করেছেন তাঁরা। তবে আনন্দ -উল্লাসে কিছুটা ছন্দপতন ঘটায় শোভাযাত্রা শুরু হওয়ার পর ঢাকা ক্লাবের সামনে দুই দল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। তবে নেতাদের হস্তক্ষেপে বিষয়টি বাড়তে পারেনি। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিকেলে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকলেও শোভাযাত্রায় উচ্ছ্বাস-আনন্দের কমতি ছিল না। এতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা গত ৩০ বছরে বাংলাদেশের সামরিক শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের আন্দোলন-সংগ্রাম ও দেশের উন্নয়নে শেখ হাসিনার ভূমিকার স্থিরচিত্র দিয়ে তৈরি ব্যানার বহন করেন। পথেও অনেক স্থানে টানানো ছিল এ রকম ব্যানার। ১৯৮১ সালের ১৭ মে কয়েক বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর থেকে বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছিলেন তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে একটি খোলা ট্রাকে মঞ্চ বানিয়ে আনন্দ শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ হয়। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু মরেননি, তিনি আজও আমাদের পথ দেখাচ্ছেন। তাঁর কন্যা শেখ হাসিনা আজ নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘জনগণের শক্তিতে বলীয়ান হয়ে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০২১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবই।’ দলের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচন চান, সরকারের পতন ঘটাতে চান। আজকের এই জনসমুদ্র দেখে হয়তো আগামীতে এমন কথা আর তিনি মুখেও আনবেন না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই মন্তব্য করে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বাংলার জনগণ দুর্নীতিবাজ খালেদা-তারেকদের সঙ্গে নেই।’ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আশরাফুন্নেসা মোশাররফ, নাজমা আখতার, অপু উকিল, মোতাহার হোসেন মোল্লা, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।বিকেলে শোভাযাত্রা শুরুর আগেই পল্টন-প্রেসক্লাব- মৎস্যভবন-শাহবাগ হয়ে কাটাবন পর্যন্ত দীর্ঘ পথ জনতায় ভরে যায়। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বাদ্য-বাজনার তালে নেচে-গেয়ে আসা জনস্রোতে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। বিকাল সাড়ে চারটায় সামনে একটি হাতি নিয়ে শুরু হয় আনন্দমুখর শোভাযাত্রা। হাতির মাহুতের হাতে ছিল জাতীয় পতাকা। প্রায় পৌনে চার কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রায় রংবেরঙের বেলুন, ব্যানার-ফেস্টুন, নৌকা, দলীয় ও জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিশাল প্রতিকৃতি নিয়ে যোগ দেন নেতা-কর্মী-সমর্থকেরা। আওয়ামী লীগের ঢাকা মহানগরের সাংসদদের নেতৃত্বেও ছিল একটি বিশাল মিছিল।